যুক্তরাষ্ট্রের এক ডজনের বেশি জ্যেষ্ঠ কূটনীতিককে সরে যেতে বলেছে ট্রাম্প শিবির

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওয়াশিংটনে মার্কিন কংগ্রেস ভবনেছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের দায়িত্বে থাকা এক ডজনের বেশি জ্যেষ্ঠ কূটনীতিককে পদত্যাগ করতে বলেছে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিবির। এ ঘটনা সম্পর্কে অবগত দুজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। পররাষ্ট্রনীতি ও কূটনীতিকদের ঢেলে সাজাতে এ সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।  

সূত্র জানিয়েছে, ট্রাম্পের শপথ গ্রহণের আগে যেসব কূটনীতিক সরে দাঁড়িয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম জন বাস। তিনি রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন। এশিয়া থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন নীতি দেখভাল করছিলেন তিনি। তাঁর বিদায়ের খবর প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

আরেকটি সূত্র জানিয়েছে, বাইডেন প্রশাসনের আন্ডার সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদমর্যাদার সব কর্মকর্তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। অর্থাৎ বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের অধীন দায়িত্ব পালন করা এই দুটি স্তরের সব কর্মকর্তাকেই সরে যেতে হচ্ছে।

গত সপ্তাহে রয়টার্সের খবরে বলা হয়, ট্রাম্পের নতুন প্রশাসনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনবল ও অভ্যন্তরীণ সমন্বয়ের বিষয়টি দেখভালের দায়িত্বে থাকা টিমের তিনজন কূটনীতিককে পদত্যাগ করতে বলেছে ট্রাম্প শিবির।

তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর কিংবা ট্রাম্প শিবির কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প আরও শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি ফেরানো এবং ইসরায়েলের প্রতি আরও সমর্থন বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বেশ কিছু ঘোষণা দেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশে পরিণত করা এবং ন্যাটোভুক্ত দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় বাড়াতে চাপ দেওয়া।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওর নিয়োগ নিশ্চিত হয়। এ সময় কংগ্রেসে শুনানিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সক্ষমতা সীমিত করে রাখা হয়েছিল। পররাষ্ট্রনীতি নির্ধারণ ও বাস্তবায়নে দপ্তরের কর্মীদের আরও বড় ভূমিকা থাকা উচিত।

আরও পড়ুন

যেসব কূটনীতিককে বিদায় নিতে হচ্ছে, তাঁরা পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা থাকছেন, তবে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত। তাঁদের সামনে অবসর নেওয়ার সুযোগ রয়েছে। তবে যদি তাঁরা পররাষ্ট্র দপ্তরের চাকরি চালিয়ে যেতে চান, তাহলে তাঁদেরকে দপ্তরে নতুন কাজের জায়গা খুঁজে বের করতে হবে এবং তা নির্ভর করবে নতুন নেতৃত্বের ওপর।

আরও পড়ুন