ট্রাম্প সহযোগীদের বলেছেন, দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান তিনি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পছবি: রয়টার্স ফাইল ছবি

কয়েক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ করতে চান বলে নিজের সহযোগীদের জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক দিনগুলোয় ব্যক্তিগত আলাপচারিতায় ট্রাম্প তাঁর সহযোগীদের বলেছেন, ইরানে দীর্ঘ মেয়াদে যুদ্ধ এড়াতে চান তিনি।

ট্রাম্প মনে করেন, এই সংঘাত এখন ‘শেষ পর্যায়ে’ রয়েছে এবং জনসমক্ষে তিনি যে চার থেকে ছয় সপ্তাহের সময়সীমা উল্লেখ করেছিলেন, কর্মকর্তাদের সে অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট তাঁর সহযোগীদের বলেছেন, ইরানের এই সংঘাত তাঁকে অন্যান্য অগ্রাধিকারমূলক কাজ থেকে বিচ্যুত করছে। তাঁর ঘনিষ্ঠ উপদেষ্টাদের কেউ কেউ চান, তিনি মার্কিন ভোটারদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ানো সবচেয়ে জরুরি সমস্যাগুলোর ওপর নজর দিন। এসব সমস্যার মধ্যে রয়েছে এই সংঘাতের ফলে দ্রব্যমূল্য বেড়ে যাওয়া।

সংশ্লিষ্ট কিছু ব্যক্তির বরাত দিয়ে পত্রিকাটি আরও জানিয়েছে, হোয়াইট হাউস মে মাসের মাঝামাঝি সময়ে ট্রাম্পের চীন সফরের প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে, সেই বৈঠক শুরু হওয়ার আগেই যুদ্ধ শেষ হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ ইরানের প্রধান শহরগুলোয় হামলা চালানো হয়। হামলার অজুহাত হিসেবে হোয়াইট হাউসের পক্ষ থেকে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকির কথা বলা হয়। এ যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ইরানি নেতা নিহত হন।

জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। এ ছাড়া বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালানো হয়।

আরও পড়ুন