সড়ক মেরামতে নিজেই নেমে পড়লেন হলিউড অভিনেতা শোয়ার্জনেগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহকারীকে নিয়ে গতকাল মঙ্গলবার সড়ক মেরামতে ব্যস্ত হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার। ভিডিও থেকে নেওয়া
ছবি: এপি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সড়কগুলোয় অসংখ্য গর্ত। অনেক দিন ধরেই এভাবে পড়ে আছে। তাঁর এলাকার সড়কেও অসংখ্য গর্ত। সংস্কার হচ্ছিল না। বিরক্ত হয়ে শেষ পর্যন্ত সড়ক মেরামতে শাবল, বেলচা নিয়ে নিজেই নেমে পড়েছেন ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর ও হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার।

গতকাল মঙ্গলবার টুইটে এই অভিনেতা একটি ভিডিও শেয়ার করেন। এতে দেখা যায়, লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউড এলাকায় একজন সহকারীকে নিয়ে কংক্রিট দিয়ে সড়ক মেরামত করছেন শোয়ার্জনেগার।

সড়ক মেরামতের শেষ মুহূর্তের কাজে ব্যস্ত আর্নল্ড। ভিডিও থেকে নেওয়া
ছবি: এপি

টুইট বার্তায় ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর লিখেছেন, ‘এলাকার সড়কে এই বিরাট গর্তের কারণে কয়েক সপ্তাহ ধরে এই পথে চলাচলকারী মানুষকে গাড়ি ও সাইকেল চালাতে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছিল। আজ সেখানে আমি দলবল নিয়ে গিয়েছি এবং গর্ত ভরাট করে সড়কটি মেরামত করেছি।’

টুইট বার্তায় শোয়ার্জনেগার আরও বলেন, ‘আমি সব সময় বলি, অভিযোগ করবেন না, আসুন নিজেরাই কিছু করার চেষ্টা করি। সেটাই আমরা করছি।’

কাজ চলার সময় ওই এলাকা দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন এক ব্যক্তি। তিনি গাড়ির জানালা দিয়ে মুখ বের করে কাজের জন্য এই অ্যাকশন তারকাকে ধন্যবাদ জানান।

জবাবে টার্মিনেটর অভিনেতা বলেন, ‘আপনাকে স্বাগতম। আপনার নিজেকেই কাজটি করতে হবে। তিন সপ্তাহ ধরে আমি সড়কের এই গর্ত মেরামতের অপেক্ষা করছিলাম।’

কাজ শেষে সহকারীকে নিয়ে সড়ক পরিষ্কার করছেন শোয়ার্জনেগার। ভিডিও থেকে নেওয়া
ছবি: এপি

শোয়ার্জনেগারের মুখপাত্র ডেনিয়েল কেচেল বলেন, শীতকালীন ঝড়ের পর থেকে ব্রেন্টউডের বাসিন্দারা সড়কের গর্ত ও ভাঙাচোরা অংশ মেরামতের জন্য বারবার অনুরোধ করে আসছিলেন।

মেয়র কারেন বাস গত সপ্তাহে বলেছেন, শহরের বিভিন্ন এলাকায় অসংখ্য সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ৩০ ডিসেম্বর থেকে সড়ক মেরামতের ১৯ হাজার ৬৯২টি অনুরোধ তাঁরা পেয়েছেন। ৬ এপ্রিল পর্যন্ত নগর কর্তৃপক্ষ ১৭ হাজার ৫৪৯টি গর্ত পূরণ করেছে।

শোয়ার্জনেগারের ভরাট করা গর্ত কবে নাগাদ ভালোভাবে মেরামত করা হতে পারে, বিষয়টি নিয়ে গণপূর্ত বিভাগের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো উত্তর পাওয়া যায়নি।