হরদীপ সিং হত্যা: যুক্তরাষ্ট্রেও শিখ সম্প্রদায়ের নেতৃস্থানীয়দের সতর্ক করেছে এফবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পাঞ্জাব রাজ্যে আলাদা রাষ্ট্রের দাবিতে এখনো সক্রিয় অনেক শিখ
ফাইল ছবি: এএফপি

কানাডার মাটিতে শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের পরপরই যুক্তরাষ্ট্রের তিন শিখ নাগরিককে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। হরদীপ হত্যা ঘিরে ওই তিনজনের জীবন নিরাপত্তাঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি।

গত জুনে হরদীপ হত্যার পেছনে ভারত জড়িত বলে অভিযোগ তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর জেরে অটোয়ার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সম্পর্কে ফাটল ধরেছে। যদিও এ অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে নয়াদিল্লি।

ট্রুডোর ওই অভিযোগের পর বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা শিখ স্বাধীনতাকামীদের বিরুদ্ধে হুমকির বিষয়গুলো নতুন করে খতিয়ে দেখা শুরু হয়েছে। হরদীপ হত্যার কয়েক সপ্তাহ আগে পাকিস্তান ও যুক্তরাজ্যে শিখ নেতাদের সন্দেহজনক মৃত্যুর বিষয়টিও পর্যালোচনা করে দেখা হচ্ছে।

প্রীতপাল সিং নামের ৬৯ বছর বয়সী একজন মার্কিন নাগরিক গার্ডিয়ানকে জানিয়েছেন, হরদীপ হত্যার কয়েক দিন পর তিনিসহ আরও দুজন শিখ নাগরিককে ডেকেছিল এফবিআই। প্রীতপাল যুক্তরাষ্ট্রে শিখ নাগরিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করা ‘আমেরিকান শিখ ককাস কমিটির’ সমন্বয়ক।

এফবিআই প্রাথমিকভাবে প্রীতপাল সিংকে জানায়, তারা মনে করে, সুনির্দিষ্ট পরিচয় না পাওয়া গোয়েন্দাদের কারণে প্রীতপালের জীবন হুমকিতে রয়েছে। এর কিছুদিন পর তাঁর নিরাপত্তার জন্য আরও সুনির্দিষ্টভাবে কিছু নির্দেশনা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইন্টারসেপ্ট প্রথম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

এফবিআইয়ের সতর্কতা পাওয়া আরেকজন মার্কিন শিখের নাম অমরজিৎ সিং। ৭০ বছর বয়সী এই ব্যক্তি একজন সাংবাদিক ও উপস্থাপক। তিনি বলেন, ২২ জুন প্রথম তাঁকে সতর্ক করা হয়েছিল। ওয়াশিংটনে মোদিবিরোধী এক বিক্ষোভ থেকে ফেরার পথে এফবিআই তাঁকে ডেকে নেয়। মোদি সে সময় যুক্তরাষ্ট্র সফরে ছিলেন।

কী ধরনের হুমকির কথা বলা হয়েছিল, তা নিয়ে এক সাক্ষাৎকারে খোলাখুলিভাবে জানিয়েছিলেন অমরজিৎ। তিনি বলেন, প্রথমবার ডেকে নেওয়ার কয়েক সপ্তাহ পর এফবিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক হয়। তাঁকে বলা হয়, ভারতের কারণে তাঁর জীবন সম্ভাব্য হুমকির মধ্যে রয়েছে।

আরও পড়ুন

সাক্ষাৎকারে অমরজিৎ বলেন, “এটা ছিল একটি সতর্কবার্তা। তাঁরা বলেছিলেন, ‘ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। শুধু নিজেকে নিরাপদে রাখবেন’।” তিনি আরও বলেন, হরদীপের মৃত্যু নিয়ে ট্রুডোর অভিযোগের পরই তিনি নিজ দায়িত্বে জনসমক্ষে এসেছিলেন।  

কানাডার নাগরিক হরদীপ সিং ভারতে শিখদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের দাবিতে খালিস্তান আন্দোলনের পক্ষে সক্রিয় ছিলেন। সব সময়ই এই আন্দোলনের বিরোধিতা করে আসছে ভারতের বিভিন্ন সরকার। ভারতে হরদীপকে ‘সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্তও করা হয়েছে।

আরও পড়ুন

এদিকে হরদীপ হত্যা কানাডা সরকার কেন ঠেকাতে পারল না—এমন প্রশ্ন উঠেছে। এ নিয়ে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের গুরুদুয়ারা কাউন্সিলের মুখপাত্র মনিন্দর সিং বলেন, ‘২০২২ সালে হরদীপসহ পাঁচজনকে কানাডা কর্তৃপক্ষ জানিয়েছিল, তাঁদের জীবন আসন্ন ঝুঁকির মধ্যে রয়েছে। তবে আমাদের জানানো হয়নি এই ঝুঁকি কেমন বা কোথা থেকে আসবে। আমাদের শঙ্কা ছিল ভারতকে নিয়ে।’

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন