১৩২ বছর পর গ্রন্থাগারে ফিরল সাময়িকী

এই সাময়িকীই নিউ হ্যাম্পশায়ারের কনকর্ড পাবলিক লাইব্রেরি থেকে ১৮৯৪ সালে ধার নেওয়া হয়েছিলছবি: লাইব্রেরি কর্তৃপক্ষের সৌজন্যে

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের কাছেই থাকেন জন হ্যানসন। বছরের পর বছর ধরে তাঁর বাড়িতে একটি পুরোনো সাময়িকী (ম্যাগাজিন) পড়ে থাকতে দেখেন। কিন্তু কীভাবে সেটি বাড়িতে এল, জানেন না। দেখা গেল, সাময়িকীটি নিউ হ্যাম্পশায়ারের কনকর্ড পাবলিক লাইব্রেরি থেকে ধার নেওয়া। বিস্ময়কর হলো, সেটি ধার নেওয়া হয়েছিল ১৮৯৪ সালে। অর্থাৎ ১৩২ বছর আগে।

অবশেষে গত সপ্তাহে সাময়িকীটি গ্রন্থাগারটিতে ফিরেছে। হিসাব কষে দেখা গেল, নির্ধারিত সময়ের ৪৮ হাজার ২২০ দিন পর সেটি গ্রন্থাগার কর্তৃপক্ষ ফেরত পেল। সাময়িকীটির নাম দ্য সেঞ্চুরি ইলাস্ট্রেটেড মান্থলি ম্যাগাজিন। ১৮৯৪ সালের সেপ্টেম্বর সংখ্যা।

নিয়ম অনুযায়ী জরিমানার অঙ্ক হিসাব করলে তা দাঁড়াত ১২ হাজার ৫৫ ডলারে। তবে হ্যানসনকে জরিমানার অর্থ দিতে হচ্ছে না। কনকর্ড পাবলিক লাইব্রেরি ১ সেপ্টেম্বর থেকে বছরব্যাপী জরিমানা মওকুফের (ফাইন ফ্রি লাইব্রেরি) একটি বিশেষ সুযোগ ঘোষণা করেছে। স্থানীয় সংবাদপত্রে গ্রন্থাগারটির এ জরিমানা বাতিল করার খবর পড়েই সাময়িকীটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান হ্যানসন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গ্রন্থাগার কর্তৃপক্ষ উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছে, দীর্ঘদিনের বকেয়া বই ফেরত আসবে এমন আশা থাকলেও, শেষ পর্যন্ত যে উনবিংশ শতাব্দীর শেষ ভাগের কোনো সাময়িকী ফেরত আসবে, তা তাদের কল্পনায়ও ছিল না।

১৩২ বছর পর সাময়িকীটি গ্রন্থাগারে ফেরত এলেও সেটি আর সাধারণ পাঠকদের জন্য উন্মুক্ত রাখা হবে না বলে জানিয়েছে গ্রন্থাগার কর্তৃপক্ষ। সেটিকে গ্রন্থাগারের ‘কনকর্ড রুম’-এ রাখার পরিকল্পনা চলছে। বিশেষ ওই কক্ষে স্থানীয় ইতিহাস সংরক্ষণ করা হয়।