সিরিয়ায় ইরানসংশ্লিষ্ট স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, দাবি পেন্টাগনের
সিরিয়ায় ইরানসংশ্লিষ্ট দুটি স্থাপনায় হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বৃহস্পতিবার এমন দাবি করেছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর হামলার পর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস ও ইরান–সমর্থিত গোষ্ঠীগুলো এসব স্থাপনা ব্যবহার করত।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেন, ১৭ অক্টোবর ইরাক ও সিরিয়ায় ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন সেনাদের ওপর ধারাবাহিকভাবে যেসব হামলা চালিয়েছে, তার জবাবে এসব হামলা চালানো হয়েছে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এর আগে হুঁশিয়ার করে বলেছিলেন, মার্কিন বাহিনীর ওপর হওয়া হামলার জবাব দেবে ওয়াশিংটন।
বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলেছে, চলতি মাসে ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনীর ওপর কমপক্ষে ১৬ বার হামলা হয়েছে।
৭ অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলা বেড়েছে। ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০–এর বেশি মানুষ নিহত হয়েছে।
ফিলিস্তিন কর্তৃপক্ষ বলেছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় সাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
বুধবার বাইডেন বলেছেন, তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলা নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি সতর্ক করেছিলেন। সাংবাদিকদের বাইডেন বলেন, ‘আয়াতুল্লাহকে আমি সতর্ক করেছি যে তাঁরা যদি এসব সেনার বিরুদ্ধে হামলা চালিয়ে যান, তবে তার জবাব দেওয়া হবে। এর জন্য তাঁর প্রস্তুত থাকতে হবে।’
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। কীভাবে বার্তাটি ইরানের কাছে পৌঁছানো হয়েছে, সে ব্যাপারে বাইডেন কিছু বলেননি।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সহকারী মোহাম্মদ জামশিদি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের বার্তাটি ইসলামিক রেভল্যুশনের নেতা কিংবা ইরানের কারও কাছে পৌঁছায়নি।
জামশিদি বলেন, বাইডেন যদি মনে করেন, তিনি ইরানকে সতর্ক করেছেন, তাহলে তাঁর উচিত নিজের দলের কাছ থেকে বার্তাটি দেখতে চাওয়া।