ফেডের দায়িত্বে ট্রাম্পের মনোনয়ন পেলেন কেভিন ওয়ারশ

কেভিন ওয়ারশ

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ারশকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের মেয়াদ আগামী মে মাসে শেষ হলে ওয়ারশ তাঁর স্থলাভিষিক্ত হবেন। তবে এ পদে দায়িত্ব নিতে হলে সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। গতকাল শুক্রবার ট্রাম্প এ মনোনয়ন ঘোষণা করেন।

এ ঘোষণার মধ্য দিয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে শুরু হওয়া দীর্ঘ অনুসন্ধানপ্রক্রিয়ার ইতি টানা হলো। অনুসন্ধানপ্রক্রিয়াটির নেতৃত্ব দেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

ট্রাম্প কয়েক মাস ধরে পাওয়েলকে তীব্র ভাষায় আক্রমণ করে আসছেন। সুদের হার দ্রুত অবনমন না করায় তিনি পাওয়েলকে ‘বুদ্ধিহীন’ ও ‘মূর্খ’ বলে আখ্যা দেন। এ মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন পাওয়েল ও ফেডের বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্তও শুরু করে। এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকে রাজনৈতিক প্রভাব খাটানোর ট্রাম্পের চেষ্টার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানান পাওয়েল।

সম্প্রতি সুদের হার কমানোর বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন ওয়ারশ।