যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্দুক হামলায় ৫ জন নিহত
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। সোমবার কেন্টাকির লুইসভিলের শহরতলিতে এ হামলার ঘটনা ঘটে। লুইসভিল শহরের পুলিশ বিভাগ এ খবর নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, লুইসভিলের স্লাগার ফিল্ড নামের একটি বেসবল স্টেডিয়ামে একজন বন্দুকধারী এ হামলা চালান।
বন্দুক হামলার বিষয়টি নিশ্চিত করার কিছুক্ষণ পর একটি বিবৃতি দেয় লুইসভিল পুলিশ বিভাগ। তাতে বলা হয়, বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। এ নিয়ে আর কোনো ঝুঁকি নেই। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ। এ ছাড়া নিহত পাঁচ ব্যক্তির মধ্যে হামলাকারীও আছেন কি না, বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করা হয়নি।
পুলিশ জানিয়েছে, বন্দুক হামলায় একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। হামলাস্থল থেকে দূরে থাকার জন্য সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এফবিআই জানিয়েছে, ঘটনাস্থলে সংস্থাটির এজেন্টদের পাঠানো হয়েছে। এদিকে সোয়া ছয় লাখ বাসিন্দার শহরটিতে পুলিশের ব্যাপক তৎপরতা দেখা যায়।
এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘ঘটনার সময় সড়কে আমি ছিলাম। দেখলাম, একজন সড়ক পার হচ্ছেন। পরে দেখি, ওই ব্যক্তি একটি হোটেলের পাশে শুয়ে পড়লেন।’
বন্দুক হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার। এক টুইট বার্তায় তিনি বলেছেন, ‘আমি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি।’