চীন অপমান বোধ করে এমন কিছু করতে চান না ট্রাম্প, কারণ কী
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করতে গতকাল সোমবার এশিয়া সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের আগে তাঁর প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ন্ত্রণের বিষয়ে মতভেদ প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্র ত্যাগের আগে ট্রাম্প বলেন, তিনি এমন কোনো পদক্ষেপ নিতে চাননি, যাতে চীন অপমানিত বোধ করে।
চীন নীতি নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরের এ বিরোধ প্রকাশ্যে আসায় বোঝা যাচ্ছে, এনভিডিয়াকে ঘিরে সাম্প্রতিক ঘটনার প্রভাব কতটা গভীর হয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র সরকারের চীনের সঙ্গে সম্পর্ক কীভাবে সামলানো উচিত, তা নিয়ে মতভেদ আরও স্পষ্ট হয়ে উঠেছে।
এ সপ্তাহে চীনের প্রযুক্তিনগর শেনঝেনে এক শীর্ষ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী চীনকে ঘিরে জাতীয় নিরাপত্তার উদ্বেগ রয়েছে। একই সঙ্গে এনভিডিয়ার চিপ ব্যবসা এগিয়ে নেওয়া এবং সি চিন পিংয়ের সঙ্গে আরেকটি বাণিজ্য যুদ্ধ এড়াতে চান ট্রাম্প। এই দুই লক্ষ্য সামলাতে তিনি হিমশিম খাচ্ছেন।
গতকাল ট্রাম্প স্বীকার করেছেন, চীনের ওপর কতটা কঠোর হওয়া উচিত, তা নিয়ে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের মধ্যে মতবিরোধ রয়েছে। তৃতীয় দেশের ডেটা সেন্টারের মাধ্যমে চীনের উন্নত এআই চিপ পাওয়ার সুযোগ বন্ধ করা নিয়ে তাঁদের মতভেদ।
এশিয়া সফর শুরুর আগে হোয়াইট হাউসের দক্ষিণ লনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, একজন চীনের সঙ্গে বন্ধুত্ব রাখতে চান, আরেকজন চীনের সঙ্গে বড় বিরোধে যেতে চান। দুটোই গ্রহণযোগ্য, তবে মত দুটি আলাদা।
চীনের ওপর কতটা কঠোর হবে যুক্তরাষ্ট্র
গত সপ্তাহে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন। তাঁর বিবাহবহির্ভূত দুটি সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর তিনি পদত্যাগ করেন। এর মধ্যে একটি সম্পর্ক ছিল অ্যালিস হুয়াং নামের এক চীনা নারীর সঙ্গে। মার্কিন কর্মকর্তারা তাঁকে চীনের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত বলে চিহ্নিত করেছেন।
এ ঘটনা সামনে আসার পর ট্রাম্পের কথায় জাতীয় নিরাপত্তার ঝুঁকির চেয়ে সি চিন পিংকে অসন্তুষ্ট করার আশঙ্কা বেশি গুরুত্ব পেয়েছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জেনসেন হুয়াংয়ের সম্পর্ক ও চীনের গুপ্তচরবৃত্তি নিয়ে তাঁকে যে সতর্ক করেছিলেন, সে খবরও ট্রাম্প গুরুত্ব দিয়ে দেখেননি।
চীনা কর্মকর্তারা অ্যালিস হুয়াংকে গোয়েন্দা সংস্থার সদস্য বলে যুক্তরাষ্ট্রের তোলা দাবি অস্বীকার করেছেন। গতকাল ট্রাম্পও এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেন।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি জানি না, তিনি গুপ্তচর কি না। সাধারণত চীন থেকে কোনো সুন্দরী নারী এ দেশে এলেই লোকজন বলে, তিনি গুপ্তচর।’
এক সাংবাদিক বলেন, পররাষ্ট্রমন্ত্রী রুবিও প্রেসিডেন্ট ট্রাম্পকে অ্যালিস হুয়াংয়ের বিষয়ে সতর্ক করেছিলেন। ট্রাম্প জানতে চান, ‘কে আমাকে এ কথা বলেছে?’ রুবিওর নাম বললে ট্রাম্প সাংবাদিককে বলেন, ‘আমি এমন কথা শুনিনি।’
চীনকে কীভাবে মোকাবিলা করা হবে, এ প্রশ্নে হোয়াইট হাউসের মুখপাত্র ম্যাথিউ মিডলটন গতকাল জারি করা নতুন এক নিয়মের কথা বলেন। এ নিয়মে তৃতীয় দেশের ডেটা সেন্টারের মাধ্যমে চীনের উন্নত মার্কিন চিপ পাওয়ার সুযোগ বন্ধ হবে।
মিডলটন বলেন, এ পদক্ষেপ নিশ্চিত করবে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত চিপ আগে মার্কিন ‘সুপার ইন্টেলিজেন্স’ উদ্ভাবকদের কাছে যাবে, চীনের ভুয়া কোম্পানির কাছে নয়। ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তার বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ শব্দটি ব্যবহার করেন।
মিডলটন আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতি ধরে রাখতে, জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং ভবিষ্যতের ‘সুপার ইন্টেলিজেন্স’ প্রযুক্তি যুক্তরাষ্ট্রে গড়ে তুলতে ট্রাম্প প্রশাসন দৃঢ় পদক্ষেপ নেবে।
প্রশাসনের ভেতরে দুপক্ষ
বিষয়টি সম্পর্কে জানেন, এমন বর্তমান ও সাবেক ছয়জনের বেশি কর্মকর্তার মতে, চীন নীতি নিয়ে বিরোধ শুধু দুই মন্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়।
এক দিকে আছেন বাণিজ্যমন্ত্রী লুটনিক। তাঁর দপ্তর চিপ রপ্তানির নিয়ম তৈরি ও কার্যকর করে। অন্য দেশে থাকা ডেটা সেন্টারের ওপর কম কঠোর বিধিনিষেধ আরোপের পক্ষে তিনি মত দিয়েছেন।
অন্যদিকে আছেন অর্থমন্ত্রী বেসেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রুবিও, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনেক কর্মকর্তা। তাঁরা কয়েক মাস ধরে চীনের এআই চিপ পাওয়ার সুযোগ ব্যাপকভাবে সীমিত করার পক্ষে কথা বলে আসছেন।
ট্রাম্প কখনো এক পক্ষের, কখনো অন্য পক্ষের মতের দিকে ঝুঁকেছেন। তাঁর উপদেষ্টাদের মতে, এ বিষয়ে তাঁর অবস্থান দিনভেদে বদলেছে।
গত শুক্রবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, এনভিডিয়ার ঘটনায় আলোচনায় আসা সিঙ্গাপুরের কোম্পানি মেগাস্পিডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। তাঁর ভাষায়, ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ওই দপ্তরের হাতেই ছিল। তিনি আরও বলেন, চিপ অবৈধভাবে চীনে পাঠানো বন্ধ করতে এনভিডিয়া যথেষ্ট চেষ্টা না করলে কোম্পানিটিকে জবাবদিহির মুখে আনতে হবে।
কাগজ-কলমে ট্রাম্প তাঁর অর্থমন্ত্রীর পক্ষেই অবস্থান নিয়েছেন। এশিয়ায় যাওয়ার কিছুক্ষণ আগে তাঁর প্রশাসন চীনের চিপ পাওয়ার সুযোগ সীমিত করার নিয়ম জারি করেছে। বেসেন্ট এ নিয়মের পক্ষে ছিলেন, লুটনিক এর বিরোধিতা করেছিলেন।
তবে গতকাল ট্রাম্পের দ্বিধাগ্রস্ত মন্তব্যে প্রশাসনের ভেতরে ও বাইরে চীনবিষয়ক কঠোর অবস্থানের সমর্থকেরা উদ্বিগ্ন। তাঁদের আশঙ্কা, ট্রাম্প হয়তো পরে এ নিয়ম বদলে ফেলবেন। অথবা সি চিন পিংয়ের সঙ্গে আলোচনায় নিয়মটিকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন।
গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, লুটনিক ‘খুব ভালো কাজ করছেন’। মেগাস্পিডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি হওয়ার কারণ হিসেবে তিনি সি চিন পিংকে অসন্তুষ্ট না করার কথাও বলেন।
ট্রাম্প বলেন, দেরি না করলে, কিছু না করলে চীনের সঙ্গে বড় বিরোধ হতে পারত। তিনি আরও বলেন, চীনে যাওয়ার ঠিক আগে দেশটিকে অপমান করতে চাইবেন না।
তৃতীয় দেশের ডেটা সেন্টারের জন্য নতুন নিয়ম
গতকাল সকালে বাণিজ্য মন্ত্রণালয় নতুন নিয়মটি জারি করেছে। যুক্তরাষ্ট্রের বাইরে চীন, রাশিয়া, ইরান এবং আরও কয়েকটি ঝুঁকিপূর্ণ দেশে প্রধান কার্যালয় থাকলে ডেটা সেন্টারগুলোকে এখন থেকে অবশ্য আগে থেকেই চিপ বিক্রির অনুমতি নিতে হবে। এমন প্রতিষ্ঠানের কাছে বিপুল কম্পিউটিং ক্ষমতা বিক্রি করতে হলে সরকারের অনুমতি নিতে হবে।
কর্মকর্তাদের ভাষ্য, এ নিয়মে একটি ফাঁক বন্ধ হবে। সেই ফাঁক ব্যবহার করে চীনা প্রতিষ্ঠানগুলো উন্নত এনভিডিয়া চিপ কিনতে না পারলেও অন্য দেশের ডেটা সেন্টার থেকে সেগুলো ভাড়া নিতে পারত। এতে চীনের এআই খাত দ্রুত এগিয়েছে।
বিতর্কে যুক্ত মার্কিন কর্মকর্তারা বলেছেন, চীনের এআই মডেল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলার বড় ঝুঁকি তৈরি করতে পারে।
নতুন নিয়ম ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে একটি ব্যতিক্রম কথা ছিল। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, নিয়মটি অর্থ মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নির্দেশনায় তৈরি করা হয়েছে।
নিয়মটি ৯০ দিন পর কার্যকর হবে। এটি কার্যকর করার দায়িত্ব থাকবে লুটনিকের দপ্তরের ওপর। কিন্তু তিনি নিয়মটির কড়া বিরোধী।
লুটনিকের ঘনিষ্ঠ এক কর্মকর্তার ভাষ্য, তিনি বারবার ট্রাম্প ও অন্য কর্মকর্তাদের সতর্ক করেছেন যে এ বিধিনিষেধের ফলে চীনের সঙ্গে আরেকটি বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে। লুটনিকের আরেক ঘনিষ্ঠ ব্যক্তি বলেন, সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নাম উল্লেখ করার উদ্দেশ্য ছিল, এ ভুল নীতির দায় কার, তা স্পষ্ট করা।
এ বিষয়ে মন্তব্য চেয়ে যোগাযোগ করা হলেও বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।
হুয়াংকে নিয়ে সতর্কবার্তা
কোম্পানির পরিচালনা পর্ষদের চাপে গত সপ্তাহে এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়েন জেনসেন হুয়াং। কোম্পানির এক কর্মকর্তার সঙ্গে তাঁর সম্পর্ক এবং অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। মার্কিন কর্মকর্তারা অ্যালিস হুয়াংকে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত বলে চিহ্নিত করেছেন।
অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার কোম্পানি মেগাস্পিড প্রতিষ্ঠা করেন। চীনে চিপ পাচারের অভিযোগে মার্কিন গোয়েন্দা সংস্থা কোম্পানিটি নিয়ে তদন্ত করছে। তবে মেগাস্পিড বলেছে, তারা আইন মেনে বৈধ ব্যবসা পরিচালনা করছে।
গত ২৯ অক্টোবর দ্য নিউইয়র্ক টাইমস জানায়, জেনসেন হুয়াংয়ের সম্পর্কের বিষয়ে ট্রাম্পকে অন্তত দুবার সতর্ক করা হয়েছিল। একবার গত বছরের শেষ দিকে, আরেকবার এ বছরের বসন্তে।
বিষয়টি সম্পর্কে জানেন এমন দুই মার্কিন কর্মকর্তার মতে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে রুবিও এতটাই উদ্বিগ্ন ছিলেন যে ৩০ মার্চ তিনি একটি গোপন নথি লেখেন। সেখানে এমন গোয়েন্দা তথ্যের সারসংক্ষেপ ছিল, যাতে দেখা যায় যে অ্যালিস হুয়াং চীনের প্রধান গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতেন।
কর্মকর্তারা আরও বলেন, মে মাসে এয়ার ফোর্স ওয়ানে চড়ে রুবিও সরাসরি ট্রাম্পকে ওই গোয়েন্দা তথ্য জানান।
অ্যালিস হুয়াংকে নিয়ে গোপন গোয়েন্দা তথ্য মে মাসে ট্রাম্পের বেইজিং সফরের প্রস্তুতিতেও প্রভাব ফেলেছিল বলে কর্মকর্তারা জানান। শুরুতে সফরে আমন্ত্রিত ব্যবসায়ী নেতাদের তালিকায় জেনসেন হুয়াংয়ের নাম ছিল না। তাঁর নাম না থাকার খবর প্রকাশিত হলে ট্রাম্প তাঁকে ফোন করেন।
এরপর জেনসেন হুয়াং এয়ার ফোর্স ওয়ানের নির্ধারিত যাত্রাবিরতির সময় আলাস্কার অ্যাঙ্কোরেজে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেন। তখন জেনসেন হুয়াংকে আমন্ত্রণ জানানো হয়নি, এমন খবরকে ট্রাম্প ‘ভুয়া খবর’ বলেছিলেন।
এ পুরো ঘটনায় ট্রাম্প জেনসেন হুয়াংয়ের পাশে ছিলেন। দ্য নিউইয়র্ক টাইমস গত সপ্তাহে জানায়, ট্রাম্প তাঁকে ফোন করে পদ ধরে রাখার লড়াই চালিয়ে যেতে উৎসাহ দেন। গতকাল ট্রাম্প বলেন, হুয়াংকে আবার ওই পদে ফিরিয়ে আনলে তাঁর আপত্তি থাকবে না। তিনি বলেন, ‘আমার মনে হয়, তিনি বড় শিক্ষা পেয়েছেন।’
দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই জেনসেন হুয়াং ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। প্রকাশ্যে তিনি ট্রাম্পের প্রশংসা করেছেন। বড় বিনিয়োগের ঘোষণাও দিয়েছেন। আর ট্রাম্প সেগুলোকে তাঁর প্রশাসনের সাফল্য হিসেবে তুলে ধরেছেন।
২০২৫ সালের আগস্টে ট্রাম্প এনভিডিয়াকে চীনে এইচ২০ চিপ রপ্তানির অনুমতি দেন। শর্ত ছিল যে আয়ের ১৫ শতাংশ সরকারকে দিতে হবে। তবে বেইজিং কখনোই এসব চিপ কেনার অনুমোদন দেয়নি। এর দুই মাস পর এনভিডিয়া ট্রাম্পের হোয়াইট হাউসে বলরুম তৈরির জন্য ২ কোটি ৫০ লাখ ডলার দেওয়ার অঙ্গীকার করে।
গত ডিসেম্বরে ট্রাম্প ঘোষণা করেন, এনভিডিয়া চীনে আরও শক্তিশালী এইচ২০০ চিপ বিক্রি করতে পারবে। বিনিময়ে বিক্রির আয়ের ২৫ শতাংশ যুক্তরাষ্ট্র সরকার পাবে। ট্রাম্প তাঁর সহযোগীদের বলেছেন, শেয়ারবাজার ও সামগ্রিক অর্থনীতির জন্য এনভিডিয়া খুব গুরুত্বপূর্ণ।
ডেটা সেন্টার–সংক্রান্ত নিয়মটি কয়েক মাস ধরে প্রশাসনের ভেতরে আটকে ছিল। দুই জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, ট্রাম্প আগস্টে নিয়মটি অনুমোদন করেছিলেন, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় তা জারি করেনি।
বাইডেন প্রশাসন ক্ষমতা ছাড়ার ঠিক আগে একই ধরনের বিধিনিষেধ দিয়েছিল। ট্রাম্প প্রশাসন গত বছর তা বাতিল করে। এরপর নতুন নিয়মের কয়েকটি খসড়া তৈরি হলেও সেগুলো কার্যকর হয়নি।
চীনের বিরুদ্ধে কঠোর অবস্থানের সমর্থক বর্তমান ও সাবেক কর্মকর্তারা আশা করছেন যে ট্রাম্পের গতকালের মন্তব্য কেবল কূটনৈতিক সৌজন্য। তাঁদের আশা, ট্রাম্প চিপের ওপর বিধিনিষেধ কার্যকর করবেন এবং মেগাস্পিডের তদন্ত চালিয়ে যেতে দেবেন।
তবে ট্রাম্পের সঙ্গে কাজ করা অন্য কয়েকজন কর্মকর্তা এ বিষয়ে সন্দিহান। ২০২৫ সালের মে মাসে চীনের সঙ্গে শুল্কযুদ্ধ থেকে সরে আসার পর ট্রাম্প তাঁর জাতীয় নিরাপত্তা দলকে বুঝিয়েছেন, বাণিজ্যিক সম্পর্ক বিঘ্নিত হতে পারে, এমন পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তিনি সতর্ক।
২০১৭ ও ২০১৮ সালে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এইচ আর ম্যাকমাস্টার। তিনি বলেন, ট্রাম্পের চুক্তি করার আগ্রহ বারবার চীন নীতি দুর্বল করেছে।
ম্যাকমাস্টার বলেন, ট্রাম্প মনে করেন, এমন একটি চুক্তি তিনি করতে পারবেন, যা আর কেউ করতে পারবে না। এ বিশ্বাস তাঁকে বাধা দেয়। ফলে চীনের অর্থনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে ধারাবাহিক নীতি নেওয়ার বদলে তিনি বারবার অবস্থান বদলান এবং নিজের অবস্থান দুর্বল করেন।