মার্কিন প্রেসিডেন্টের বিমানবহরে ৪ জুলাই যুক্ত হতে পারে কাতারের উপহারের উড়োজাহাজ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে কাতার থেকে উপহার হিসেবে পাওয়া বোয়িং ৭৪৭-৮ উড়োজাহাজটি পরিদর্শন করছেন ডোনাল্ড ট্রাম্প। ছবির বাঁয়ে প্রেসিডেন্টের নিরাপত্তাবহর দেখা যাচ্ছে। ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ছবি: রয়টার্স

কাতার থেকে উপহার হিসেবে পাওয়া ‘বোয়িং ৭৪৭’ উড়োজাহাজটি মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমানবহর এয়ার ফোর্স ওয়ানে যুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী। আগামী ৪ জুলাই দেশটির ২৫০তম স্বাধীনতা দিবসে উড়োজাহাজটি প্রেসিডেন্টের ব্যবহারের উপযোগী করে বহরে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

২০২৫ সালে কাতারের দেওয়া এই বিলাসবহুল উড়োজাহাজটি গ্রহণ করেছে হোয়াইট হাউস। এরপর সেটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রেসিডেন্টের ব্যবহারের উপযোগী এবং আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার জন্য বিমানবাহিনীকে নির্দেশ দেওয়া হয়।

এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এল-থ্রি-হ্যারিস নামক প্রতিষ্ঠানকে। তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারলে স্বাধীনতা দিবসের আগেই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ব্যবহারের জন্য নতুন একটি এয়ার ফোর্স ওয়ান পাবেন।

সূত্রটি আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই ১৪ জুন ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে উড়োজাহাজটি হস্তান্তরের সর্বোচ্চ চেষ্টা করছে এল-থ্রি-হ্যারিস।

কাতারের দেওয়া এই উড়োজাহাজ গ্রহণ করায় ডেমোক্র্যাট শিবির ও বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছিল। সমালোচকেরা বলেছেন, এটি স্বার্থের সংঘাত তৈরি করতে পারে। এর বিনিময়ে কাতার ভবিষ্যতে ট্রাম্পের কাছ থেকে কোনো বাড়তি সুবিধা পাওয়ার চেষ্টা করতে পারে, যা দেশের নীতিনির্ধারণে প্রভাব ফেলবে।

ডোনাল্ড ট্রাম্প অবশ্য এই সমালোচনা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ৪০ কোটি ডলার দামের এই বিশাল উড়োজাহাজ উপহার হিসেবে পেয়ে ফিরিয়ে দেওয়াটা হবে ‘বোকামি’।

বর্তমানে মার্কিন প্রেসিডেন্টের ব্যবহারের জন্য এয়ার ফোর্স ওয়ান বহরে দুটি বিশেষ বোয়িং ৭৪৭-২০০বি বিমান রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বিমানবাহিনীর যে বিমানেই চড়েন না কেন, সেটিকে এয়ার ফোর্স ওয়ান বলা হয়।

উড়োজাহাজটি প্রেসিডেন্টের ব্যবহারের উপযোগী করতে বড় ধরনের নিরাপত্তা ও প্রযুক্তিগত সংস্কার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে উন্নত যোগাযোগব্যবস্থা, যাতে কোনো ধরনের আড়িপাতা বা সিগন্যাল হ্যাকিং সম্ভব না হয়। একই সঙ্গে যুক্ত করা হচ্ছে ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে আকাশ থেকেই সরকার পরিচালনার সক্ষমতা।

মার্কিন বিমানবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, উড়োজাহাজটির সংস্কার ও পরীক্ষামূলক উড্ডয়ন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে চূড়ান্ত ধাপে রং করার কাজ চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে গ্রীষ্মের মধ্যেই উড়োজাহাজটি এয়ার ফোর্স ওয়ান বহরে যুক্ত করা সম্ভব হবে।