ফিগমাকে অধিগ্রহণ করবে অ্যাডবি
ডিজাইন সফটওয়্যার কোম্পানি ফিগমাকে অধিগ্রহণ করবে অ্যাডবি। গতকাল বৃহস্পতিবার অ্যাডবির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
অ্যাডবির ঘোষণায় বলা হয়, তারা ফিগমা অধিগ্রহণের জন্য একটি সুনির্দিষ্ট একীভূত (মার্জ) চুক্তিতে উপনীত হয়েছে।
চুক্তি অনুযায়ী, অ্যাডবি প্রায় ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলারে ফিগমাকে অধিগ্রহণ করবে। নগদ ও শেয়ার বিনিময়ের মাধ্যমে এই অধিগ্রহণ সম্পন্ন হবে।
অ্যাডবির পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাডবি ও ফিগমার সমন্বয় সহযোগিতামূলক সৃজনশীলতার একটি নতুন যুগের সূচনা করবে।
২০২৩ সালে অধিগ্রহণ সম্পন্ন হবে। তখন দুই কোম্পানি একসঙ্গে কাজ করবে। অধিগ্রহণের পরও ফিগমার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিলান ফিল্ড তাঁর দায়িত্বে বহাল থাকবেন।
অ্যাডবি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রানসিসকোভিত্তিক কম্পিউটার সফটওয়্যার কোম্পানি। ফিগমা সান ফ্রানসিসকোভিত্তিক ডিজাইন সফটওয়্যার কোম্পানি।
১৯৮২ সালে প্রতিষ্ঠিত অ্যাডবির লক্ষ্য—ডিজিটাল অভিজ্ঞতার মাধ্যমে বিশ্বকে পরিবর্তন করা। ২০১২ সালে প্রতিষ্ঠিত ফিগমার লক্ষ্য—সবার জন্য ডিজাইনকে প্রবেশগম্য করে তুলতে সাহায্য করা।