ডেমোক্রেটিক দলের রাজনীতিতে যেভাবে প্রভাবশালী হয়ে উঠছেন জোহরান মামদানি

বর্তমান কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যানকে পরাজিত করা প্রার্থী ব্র্যাড ল্যান্ডারের সঙ্গে জোহরান মামদানিছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডেমোক্রেটিক দলের প্রাথমিক বাছাই নির্বাচনের ফল ঘোষণার রাতে নিয়ন রঙের জমকালো পোশাক পরা চার ব্যক্তি রাস্তার পাশে উৎসবের আমেজ তৈরির চেষ্টা করছিলেন। কিন্তু অনুষ্ঠানস্থলের পানশালাটি তখনো ঠিকমতো খোলা হয়নি। সেখান থেকে কিছুটা দূরে ডেমোক্রেটি দলের প্রাথমিক বাছাইয়ে প্রতিদ্বন্দ্বিতায় হেরে যাওয়া আদ্রিয়ানো এসপাইলাতের সমাবেশ চলছিল। কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে গত মঙ্গলবার নিউইয়র্কে ডেমোক্র্যাটদের প্রাথমিক বাছাই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এসপাইলাত ওয়াশিংটনে যেতে ২০ বছর চেষ্টা করে গেছেন। কংগ্রেসে আরও ১০ বছর কাটিয়েছেন। তিনি নিজের পরাজয় স্বীকার করে বক্তব্য দিতে নিউইয়র্কে এসেছিলেন এবং ১০ মিনিটের কম সময়ের মধ্যে চলে যান।

আসল পার্টি চলছিল প্রায় তিন মাইল দূরে। সেখানেই জোহরান মামদানি তাঁর সমর্থিত জয়ী প্রার্থীদের নিয়ে তিনটি বিজয় উৎসবের শেষ পর্বটি সারছিলেন। এই প্রার্থীরা হয়তো মামদানির সমর্থন ছাড়া কংগ্রেসের কাছাকাছিও পৌঁছাতে পারতেন না। অথচ মাত্র এক বছর আগেই ডেমোক্রেটিক পার্টির মেয়রপ্রার্থী বাছাইয়ের নির্বাচনে (প্রাইমারি) অ্যান্ড্রু কুমোকে হারিয়ে জোহরান রাজনৈতিক বিশ্বকে চমকে দিয়েছিলেন।

জোহরান মামদানি বলেন, ‘আমরা দেখিয়ে দিচ্ছি, গত জুনে অর্থাৎ আজ থেকে ঠিক এক বছর আগে যা ঘটেছিল, তা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। সেটা শেষ ছিল না, ছিল শুরু।’

এসব জয় প্রমাণ করে, নিউইয়র্কের রাজনীতি ও ডেমোক্রেটিক পার্টিতে এখন ক্ষমতার নতুন এক কেন্দ্র তৈরি হয়েছে। ব্রুকলিনভিত্তিক হাউস ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস তাঁর দলের দুজন বর্তমান সদস্যকে হারিয়েছেন। একই সঙ্গে তিনি একদল উদীয়মান আন্দোলনকারীর মুখোমুখি হচ্ছেন। আর ডেমোক্রেটিক রাজনীতিতে দীর্ঘদিন ধরে যাঁরা ক্ষমতায় আছেন, তাঁরা এই সাফল্যে মোটেও খুশি নন।

এই নেতারা দাবি করছেন, তাঁরা নিজেদের প্রতারিত মনে করছেন এবং এমন একজন মেয়র পেয়েছেন, যাঁকে তাঁরা বিশ্বাস করতে পারছেন না। মামদানিবিরোধী সিটি কাউন্সিলের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে সিএনএনকে বলেন, মেয়রের চারপাশে থাকা তাঁর মিত্ররা এখন একটি কথাই বলাবলি করছেন—মামদানি শুধু নিজের শর্তেই বন্ধুত্ব করতে আগ্রহী।

বিরোধী কাউন্সিল সদস্যরা এখন মামদানিকে উচিত শিক্ষা দেওয়ার উপায় খুঁজছেন। তা হতে পারে তাঁর কোনো উন্নয়নকাজের তহবিল আটকে দিয়ে বা অন্য কোনো ছোটখাটো উপায়ে তাঁকে খাটো করে।

তবে মামদানি ও তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিরা বলছেন, একটা বিপ্লব দেখতে এমনই হয়, যা তাঁর নিজের শর্তে চলছে। তিনি আভিলা শেভালিয়ার নামের এক সাবেক নির্বাচনী স্বেচ্ছাসেবককে বড় পদে নিয়ে এসেছেন, যাঁর অতীতের অনেক টুইট নিয়ে বিরোধীদের মধ্যে বিতর্ক আছে এবং ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের পক্ষে সমাবেশে যোগ দেওয়ার রেকর্ড রয়েছে। হিস্প্যানিক ককাসের চেয়ারম্যানের মতো প্রভাবশালী নেতা থাকা সত্ত্বেও মামদানি শেভালিয়ারকে কংগ্রেসের দিকে এগিয়ে দিয়েছেন।

অথচ গত বছর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে মামদানির প্রাথমিক বাছাইয়ে জয়ের পর অন্য ডেমোক্র্যাটরা যখন পাশে ছিলেন না, তখন এসপাইলাত নিজেই মামদানিকে সমর্থন করেছিলেন। মেয়রের চিন্তাভাবনা সম্পর্কে জানেন, এমন দুজন ব্যক্তি বলেন, মেয়র প্রথমে আভিলা শেভালিয়ারের জেতার সম্ভাবনা নিয়ে সন্দিহান ছিলেন। কিন্তু ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এবং অন্য মিত্রদের নিয়ে সিটি হলে এক বৈঠকে তিনি শেভালিয়ারকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন।

মামদানির যোগাযোগ পরিচালক অ্যানা বার সিএনএনকে বলেন, মেয়র মামদানি এক ভিন্ন ধরনের রাজনীতির উদাহরণ তৈরি করছেন—যা কোনো কোটিপতির অর্থায়নে বা পরামর্শকদের বুদ্ধিতে চলে না; বরং খেটে খাওয়া মানুষের চাহিদাকে প্রাধান্য দেয়। নিউইয়র্কবাসী ঠিক এটাই চাচ্ছেন। তাঁর সমর্থিত প্রার্থীরাও এই আদর্শেরই প্রতীক এবং সে কারণেই আজ (মঙ্গলবার) রাতে এই পুরো প্যানেলটি জয়ী হয়েছে।

নির্বাচনে শেভালিয়ারের জয় নিশ্চিত হওয়ার পর অ্যানা বারের কাছে জানতে চাওয়া হয়েছিল, মেয়র কি এই নির্বাচনী লড়াইয়ের পর সবার সঙ্গে আবার সুসম্পর্ক গড়ে তুলবেন, নাকি এখন বাকিদেরই তাঁর কাছে আসতে হবে? জবাবে বার সংক্ষেপে একটি টেক্সট মেসেজ পাঠান, যাতে কেবল একটি ইমোজি ছিল।

নিউইয়র্ক নিক্স বাস্কেটবল দলের অন্ধ ভক্ত মামদানি দলটির সাম্প্রতিক চ্যাম্পিয়ন হওয়া উদ্‌যাপন করতে গিয়ে সুপারস্টার গার্ড জ্যালেন ব্রুনসনের দেওয়া বক্তব্যের একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন।

সেই ক্লিপে ব্রুনসনকে বলতে শোনা যায়, ‘অনেকে অনেক নেতিবাচক কথা বলেন। অনেকের অনেক মতামত থাকে। কিন্তু আপনি যখন তাঁদের ভুল প্রমাণ করে দেবেন, তখন তাঁদের মুখে কিছু বলার আর দরকার পড়ে না।’

বর্তমান ডেমোক্র্যাট দুই সদস্যকে মামদানির নিশানা

গত বছর মামদানি জেতার কিছুদিন পরই হাকিম জেফরিস মামদানির উপদেষ্টাদের কাছে একটি বার্তা পাঠিয়েছিলেন। এ বিষয়ে অবগত দুজন ব্যক্তি জানান, জেফরিস বলেছিলেন—তাঁরা যদি ডেমোক্রেটিক দলের বর্তমান কোনো সদস্যের বিরুদ্ধে লড়তে চান, তবে যেন সরাসরি তাঁর (জেফরিসের) বিরুদ্ধে লড়েন।

শুরুতে মামদানি তেমন কিছু করেননি। তাঁর কিছু মিত্রের অস্বস্তি বাড়িয়ে তিনি সিটি কাউন্সিলর চি ওসের হাত থেকে জেফরিসকে বাঁচাতে সরাসরি হস্তক্ষেপ করেছিলেন। ওসে ছিলেন তাঁর বন্ধু ও সমর্থক। কিন্তু মামদানি তাঁর বিরুদ্ধে ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) স্থানীয় শাখাকে খেপিয়ে তোলেন।

এরপর মামদানি এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে গিয়ে পরিষ্কার বলেন, ডেমোক্র্যাটরা হাউসে সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি জেফরিসকেই স্পিকার হিসেবে দেখতে চান।

মঙ্গলবার সকালে ওসের কাছে জানতে চাওয়া হয়েছিল, মামদানি অন্যদের সমর্থন দিলেও তাঁর সম্ভাব্য নির্বাচনী লড়াইয়ে তাঁকে কেন সমর্থন দিলেন না? ওসে সিএনএনকে বলেন, ‘আমার কাছে এর কোনো উত্তর নেই।’

প্রতিনিধি পরিষদের ড্যান গোল্ডম্যান গত বছর মামদানির ইসরায়েলবিরোধী অবস্থানের কারণে তাঁকে সমর্থন করতে রাজি হননি। অবশ্য গোল্ডম্যানের এলাকার বেশির ভাগ মানুষই মামদানিকে ভোট দিয়েছিলেন। তাই গোল্ডম্যান আগে থেকেই মামদানির নজরে ছিলেন। মামদানি অন্য এক ডেমোক্রেটিক সোশ্যালিস্ট সিটি কাউন্সিলরকে নির্বাচনে দাঁড়াতে নিষেধ করেন। কারণ, তিনি ব্র্যাড ল্যান্ডারকে সমর্থন করতে চেয়েছিলেন। ল্যান্ডারকে মামদানি প্রথমে তাঁর পছন্দের ফার্স্ট ডেপুটি মেয়রের পদ না দেওয়ায় তিনি কংগ্রেস নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিলেন।

ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে ব্রুকলিনের এক ভোটকেন্দ্রের বাইরে গোল্ডম্যান সিএনএনকে বলেন, ‘আমার মনে হয়, ব্র্যাডকে আমার জন্য সমস্যা বানিয়ে দেওয়াটা তাঁর (মামদানি) জন্য বেশ সহজ কাজ ছিল।’

অতীতের সব তিক্ততা ভুলে মামদানি নিজেকে ল্যান্ডারের নির্বাচনী প্রচারে সঁপে দেন। ভোট গ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টার কম সময়ের মধ্যে তিনি ল্যান্ডারের সঙ্গে মঞ্চে ওঠেন। সেখানে তাঁরা এক বিশাল জয় উদ্‌যাপন করেন।

তবে প্রতিনিধি নিদিয়া ভেলাজকুয়েজের আসনের লড়াইটি ছিল অনেক বেশি জটিল ও উত্তেজনাপূর্ণ।

ভেলাজকুয়েজ মামদানির মেয়র নির্বাচনের শুরুর দিকে তাঁকে সমর্থন করেছিলেন। গত জুনে মামদানির জমকালো বিজয় পার্টিতে বক্তব্য দিয়ে সমর্থকদের করতালি পেয়েছিলেন। এখন তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি মামদানিকে সমর্থন করার জন্য অনুতপ্ত কি না। এই কংগ্রেস সদস্য জানান, তিনি কেবল মামদানির কর্মসূচিকে সমর্থন করেছিলেন। সে সময় তাঁকে তিনি তুলনামূলক ভালো বিকল্প মনে করেছিলেন।

ভেলাজকুয়েজ বলেন, সরকারের বিভিন্ন স্তরের সঙ্গে সম্পর্ক বজায় রাখার গুরুত্ব না বুঝে মামদানি একটি কৌশলগত ভুল করেছেন। যে নগর ফেডারেল ও রাজ্য সরকারের তহবিলের ওপর নির্ভর করে, সেখানে নিজের দল বা পরিধি বড় করার চেষ্টা করতে হয়, ছোট করা নয়। কারণ, সবার সাহায্যই কোনো না কোনো সময় প্রয়োজন হয়।

বিদায়ী এই কংগ্রেস সদস্য প্রথমে চেয়েছিলেন তাঁর জায়গায় কোনো নারী আসুক। বিশেষ করে তাঁর মতো পুয়ের্তো রিকান বংশোদ্ভূত কোনো নারী। ঘটনার বিষয়ে অবগত কয়েকজন ব্যক্তি জানান, ওই এলাকার সঙ্গে গভীর সম্পর্ক থাকা দুই নারী—সিটি কাউন্সিলর টিফানি কাবান এবং স্টেট সিনেটর জুলিয়া সালাজারকে মামদানি স্পষ্টভাবেই মেনে নেননি। কারণ, ডিএসএর সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও তাঁরা প্রথমে মামদানির মেয়র পদে দাঁড়ানো নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন।

তাঁদের আশঙ্কা ছিল, মামদানি হেরে গেলে সমাজতান্ত্রিক আন্দোলন পিছিয়ে পড়বে। এবার মামদানি ক্লেয়ার ভালদেজের প্রতি ঝুঁকে পড়েন, যিনি মাত্র এক মেয়াদের অ্যাসেম্বলি সদস্য ছিলেন। তিনি শুরুর দিকেই মামদানির মেয়র নির্বাচনকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। মামদানি ততক্ষণে জেনে গিয়েছিলেন, ভেলাজকুয়েজ ব্রুকলিন বরো প্রেসিডেন্ট আন্তোনিও রেনোসোকে সমর্থন করবেন।

মামদানি বারবার ভেলাজকুয়েজকে অনুরোধ করছিলেন, তিনি যেন রেনোসোর নাম এখনই সবার সামনে প্রকাশ না করেন। এমনকি মামদানির একটি সাক্ষাৎকার প্রকাশের আগের দিনও তিনি এ অনুরোধ করেন, যেখানে তিনি নিজেই ভালদেজকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। অথচ এই বিষয় তিনি ভেলাজকুয়েজকে জানাননি।

পরদিন সকালে ভেলাজকুয়েজ ওই সমর্থনের বিষয়টি জানতে পারেন। এরপর তিনি মামদানির সঙ্গে সেদিন রাতের পূর্বনির্ধারিত নৈশভোজের আমন্ত্রণ বাতিল করে দেন।