এবার সামরিক বাহিনীতে হাত দিলেন ট্রাম্প
ক্ষমতায় বসেই নির্বাহী আদেশ জারি করে যুক্তরাষ্ট্রে একের পর এক বদল এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে ধারাবাহিকতায় এবার আরও চারটি আদেশে স্বাক্ষর করেছেন তিনি। এসব আদেশের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নতুন করে সাজানো। স্থানীয় সময় গতকাল সোমবার ফ্লোরিডা থেকে এয়ারফোর্স ওয়ানে করে ওয়াশিংটনে ফেরার পথে আদেশগুলোয় সই করেন ট্রাম্প।
ট্রাম্পের নতুন এই আদেশগুলোর ফলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে জাতি বা লিঙ্গভিত্তিক অগ্রাধিকারের (ডিইআই) নীতি বাতিল করা হবে; করোনার টিকা না নেওয়ার কারণে সামরিক বাহিনী থেকে অপসারণ করা ৮ হাজারের বেশি সদস্যকে আবার চাকরিতে বহাল করা হবে; সামরিক বাহিনীর ট্রান্সজেন্ডার সেনাসদস্যদের নিয়ে নতুন একটি নীতি প্রণয়ন করা হবে এবং যুক্তরাষ্ট্রে ‘আয়রন ডোমের’ মতো একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে।
২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন ট্রাম্প। এর পর থেকে নির্বাহী আদেশের মাধ্যমে বড় রদবদল এনেছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন, নাগরিকত্ব, আন্তর্জাতিক সহায়তা, সরকারি চাকরিসংক্রান্ত নানা বিষয়ে। সোমবার প্রতিরক্ষাসংক্রান্ত চারটি আদেশ জারির পর যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের বলেন, সামনের দিনগুলোতে এমন আরও নির্বাহী আদেশে সই করবেন ট্রাম্প।
ডিইআই উদ্যোগ বাতিল
ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় প্রতিশ্রুতি ছিল ডিইআই উদ্যোগ বাতিল করা। এই নীতির লক্ষ্য যুক্তরাষ্ট্রের কর্মক্ষেত্রে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণকে এগিয়ে নেওয়া। সোমবার ‘আমেরিকার সশস্ত্র বাহিনীকে আগের অবস্থায় ফিরিয়ে আনা’ শিরোনামে জারি করা একটি নির্বাহী আদেশে সামরিক বাহিনীর সব শাখা, প্রতিরক্ষা দপ্তর ও স্বরাষ্ট্র দপ্তর থেকে এই উদ্যোগ বাতিল করা হয়েছে।
নথি অনুযায়ী, এই দপ্তরগুলোয় ডিইআই-সংক্রান্ত যেসব আমলাতান্ত্রিকতা এখনো রয়েছে, সেগুলো অপসারণ করা হয়ে। আদেশ জারির ৯০ দিনের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী অভ্যন্তরীণ একটি পর্যালোচনা চালাবেন। ওই পর্যালোচনার মাধ্যমে জাতি ও লিঙ্গভিত্তিক অগ্রাধিকার ব্যবস্থাকে এগিয়ে নিতে বিভিন্ন কর্মকাণ্ডসহ ডিইআই উদ্যোগের আওতায় নেওয়া পদক্ষেপগুলো নথিবদ্ধ করা হবে।
গত জুন মাসে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বলেছিলেন, সামরিক বাহিনীর কাজ হলো ‘যুদ্ধে জয় লাভ করা, কোনো জাগরণ নয়।’ এরপর প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নিয়েই ট্রাম্প আদেশ দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের মধ্যে যাঁরা ডিইআই উদ্যোগের আওতায় চাকরি করছেন, তাঁদের যেন দ্রুত বেতনসহ প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়।
ট্রান্সজেন্ডার সেনাসদস্য
সোমবারই সামরিক বাহিনী থেকে ‘ট্রান্সজেন্ডার মতাদর্শ’ বের করে দিতে আরেকটি নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পের নির্বাহী আদেশে ট্রান্সজেন্ডার সেনাদের বিষয়ে একটি নীতি প্রণয়নে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বলা হচ্ছে, এই আদেশের মাধ্যমে সামরিক বাহিনীতে ট্রান্সজেন্ডারদের চাকরি নিষিদ্ধ করা হতে পারে। তবে আদেশটি এখনই মার্কিন সামরিক বাহিনীতে ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করেনি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রায় ২০ লাখ সেনা রয়েছেন। তাঁদের মধ্যে সব মিলিয়ে অনুমিত ট্রান্সজেন্ডার সেনা ১৫ হাজার।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ট্রান্সজেন্ডার সেনাদের কাজ করার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। পরে ২০১৮ সালে নিজের প্রথম মেয়াদকালে এই নীতি স্থগিত করেন ট্রাম্প। ২০২০ সালে জো বাইডেন বসার পর ট্রাম্পের দেওয়া ওই বিধিনিষেধ পাল্টে দেন।
৮০০০ সেনাকে পুনর্বহাল
করোনা মহামারির সময় ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে টিকা না নেওয়ার কারণে প্রায় ৮ হাজার মার্কিন সেনাকে চাকরিচ্যুত করা হয়। ট্রাম্প ক্ষমতায় আসার আগে এর মধ্যে মাত্র ৪৩ জনকে চাকরি ফিরিয়ে দেওয়া হয়েছিল। এবার বাকি সেনাসদস্যেরও চাকরিতে পুনর্বহাল করতে একটি নির্বাহী আদেশ জারি করেছেন ট্রাম্প।
নির্বাহী আদেশ অনুযায়ী, এই সেনাসদস্যরা তাঁদের আগের পদেই বাহিনীতে ফিরবেন। চাকরিচ্যুত থাকার সময় তাঁদের যে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পাওয়ার কথা ছিল, তা-ও তাঁদের দেওয়া হবে। নিজের অভিষেক ভাষণেই ট্রাম্প বলেছিলেন, এই সেনাসদস্যদের ‘অন্যায্যভাবে বহিষ্কার’ করা হয়েছে।
আয়রন ডোম তৈরি
যুক্তরাষ্ট্রের জন্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন ডোম’ নির্মাণ করতে আরেকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। আয়রন ডোম ইসরায়েলের তৈরি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময়ই যুক্তরাষ্ট্রে এমন একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নির্মাণের কথা বলেছিলেন ট্রাম্প।
এর আগে ফ্লোরিডার মায়ামিতে রিপাবলিকান পার্টির একটি অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমাদের অবিলম্বে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম নির্মাণ শুরু করতে হবে। এটি মার্কিনদের রক্ষা করতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্রেই নির্মাণ হবে এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।’