সমালোচনার মুখে মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এল যুক্তরাষ্ট্র সরকার

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মন্টানার মিসৌলায় মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে। ১৪ অক্টোবর ২০২৬ছবি: রয়টার্স

সমালোচনার মুখে মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র সরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফোর্ট হুডে গুলির ঘটনায় দোষী সাব্যস্ত নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করা হবে না। তবে নিহত ব্যক্তিদের নিকটাত্মীয়েরা চাইলে সশরীর তা দেখতে পারবেন।

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা লিখেছেন। এর আগে হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পক্ষে মত দিয়েছিলেন তিনি।

ট্রাম্প লিখেছেন, ‘আমার মনে হয়, মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হলে তা অন্যদের এ ধরনের অপরাধ করা থেকে বিরত রাখতে শক্তিশালী ভূমিকা রাখতে পারত। বিশ্ব দেখতে পেত, সন্ত্রাসী ও নিদাল হাসানের মতো অপরাধীদের সঙ্গে যুক্তরাষ্ট্র কীভাবে আচরণ করে।’

তবে অনেক ভালো ও বিবেকবান মানুষ সরাসরি সম্প্রচার বা অন্য কোনো মাধ্যমে তাঁর মৃত্যুর দৃশ্য দেখতে চান না বলে উল্লেখ করেন ট্রাম্প। তাই এ ঘটনা সরাসরি সম্প্রচার করা হবে না।

ট্রাম্প আরও বলেন, নির্ধারিত সময় অনুযায়ী ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। নিহত ব্যক্তিদের নিকটাত্মীয়েরা চাইলে সশরীর তা দেখতে পারবেন। ট্রাম্প বলেন, তাঁরা ন্যায়বিচার প্রত্যক্ষ করার অধিকার রাখেন।

নিদাল হাসান
ফাইল ছবি: রয়টার্স

আগামী ৩ ডিসেম্বর হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা রয়েছে পেন্টাগনের। তবে এটি সরাসরি সম্প্রচারের পরিকল্পনা নিয়ে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কয়েকজন নেতাও সংশয় প্রকাশ করেন। তাঁদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও রয়েছেন। ধর্মীয় নেতা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকেরাও এর সমালোচনা করেন।

আরও পড়ুন

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘আমি নিশ্চিত করে বলছি, সাধারণ মানুষ নিদাল হাসানের মৃত্যুদণ্ডের ঘটনা সরাসরি দেখতে পারবেন। মানুষের বোঝা উচিত, এমন কর্মকাণ্ডের (তাঁর হত্যাকাণ্ড) পরিণাম কত ভয়ানক।’ মার্কিন সম্প্রচারমাধ্যম ‘রিয়াল আমেরিকাস ভয়েস’কে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী বলেন, একদল সেনা গুলি করে (ফায়ারিং স্কোয়াডে) নিদালের মৃত্যুদণ্ড কার্যকর করবেন।

সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপেও দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের বিরোধী।

নিদাল হাসান যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক মনোরোগ–বিশেষজ্ঞ। ২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুডে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যার দায়ে সামরিক আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন।

আরও পড়ুন