যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘পুনর্গঠন’ চায় ইউরোপ
জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ন্যাটোর নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের সম্পর্ক ‘পুনর্গঠন’, তথা নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইউরোপের নেতারা। ট্রান্সআটলান্টিক সম্পর্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষাপটে শীর্ষ নিরাপত্তা সম্মেলনে গত শুক্রবার তাঁরা এ আহ্বান জানান। পাশাপাশি ন্যাটোর ইউরোপীয় সদস্যদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।
গতকাল শনিবারও দ্বিতীয় দিনের মতো এ সম্মেলন অব্যাহত ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্মেলনে গতকাল অংশ নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার সঙ্গে আলোচনা এবং সামরিক সহায়তা নিয়ে কথা বলেন। তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গেও বৈঠক করেন। চীনা বার্তা সংস্থা জানায়, ওয়াং বলেন, ‘সংলাপ সংঘাতের চেয়ে ভালো, সহযোগিতা দ্বন্দ্বের চেয়ে উত্তম’।
জার্মানির মিউনিখে অনুষ্ঠিত বার্ষিক এ সম্মেলনে ৬০টির বেশি দেশের নেতারা অংশ নেন। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ‘নতুন ট্রান্সআটলান্টিক অংশীদারত্ব’-এর আহ্বান জানান। মের্ৎস বলেন, ‘ন্যাটোর অংশ হওয়া শুধু ইউরোপের নয়, যুক্তরাষ্ট্রেরও প্রতিযোগিতামূলক সুবিধা। আসুন, আমরা একসঙ্গে ট্রান্সআটলান্টিক আস্থা পুনরুদ্ধার করি।’ ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেন, ‘একটি শক্তিশালী ইউরোপ’ গড়ে তোলা এখন সময়ের দাবি। মের্ৎস বলেন, ‘ন্যাটোর অংশ হওয়া শুধু ইউরোপের নয়, যুক্তরাষ্ট্রেরও প্রতিযোগিতামূলক সুবিধা। আসুন, আমরা একসঙ্গে ট্রান্সআটলান্টিক আস্থা পুনরুদ্ধার করি।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারেরও গতকাল ভাষণ দেওয়ার কথা। তাঁর ভাষণে ইউরোপকে ‘ঘুমন্ত দৈত্য’ হিসেবে উল্লেখ করে প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানানোর কথা বলে তাঁর দপ্তর জানায়। ন্যাটোর মহাসচিব মার্ক রুতে বলেন, ইউরোপ এখন ন্যাটোর ভেতরে অধিকতর নেতৃত্ব দিচ্ছে এবং নিজেদের প্রতিরক্ষার দায়িত্ব বেশি করে নিচ্ছে। ‘শক্তিশালী ন্যাটোর ভেতরে শক্তিশালী ইউরোপ মানে ট্রান্সআটলান্টিক বন্ধন আরও দৃঢ় হওয়া,’ যোগ করেন তিনি।