গরমে ১২৫টি টি-শার্ট গায়ে ম্যারাথন, ভাঙল বিশ্ব রেকর্ড

১২৫টি টি–শার্ট পরে ছয় ঘণ্টার কম সময়ে ম্যারাথন শেষ করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ডেভিড রাশছবি: রেকর্ড ব্রেকার রাশ ওয়েবসাইট থেকে সংগৃহীত

একটি-দুটি নয়, ১২৫টি টি–শার্ট! এত ভারী পোশাক পরে ম্যারাথন দৌড় শেষ করাই কঠিন। অথচ যুক্তরাষ্ট্রের ডেভিড রাশ শুধু দৌড় শেষ করাই নয়, গরমের মধ্যে ১২৫টি টি–শার্ট পরে ছয় ঘণ্টার কম সময়ে ম্যারাথন শেষ করে গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড।

সবচেয়ে বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অধিকারী ডেভিড রাশের কাছে নতুন নতুন রেকর্ড গড়া যেন এক নেশা। ২০২৫ সালের ‘ফেমাস আইডাহো পটেটো হাফ ম্যারাথন’–এ ১৩৭টি টি–শার্ট পরে দৌড়ানো শেষ করার মধ্য দিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। আর তা থেকে অনুপ্রাণিত হয়ে এবার পূর্ণ ম্যারাথনে রেকর্ড গড়ায় মনোযোগী হন।

এই চ্যালেঞ্জের জন্য কয়েক মাস ধরে ভারী ওজন নিয়ে দৌড়ানো এবং কয়েক স্তরে মোটা কাপড়ের পোশাক পরে অনুশীলন করেন রাশ। অবশেষে গত ১৬ মে ‘ওয়াইএমসিএ ফেমাস আইডাহো পটেটো ম্যারাথন’–এ ১২৫টি টি–শার্ট গায়ে নামেন।

অবশ্য দৌড়াতে গিয়ে মাঝপথে বড় বিপদে পড়েছিলেন রাশ। অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছিল। আর সঙ্গে থাকা বরফও ফুরিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ম্যারাথনের মাঝপথে একটি গলফ কোর্সে থামতে হয়। তাঁর এক সহকারী দৌড়ে গিয়ে জরুরি ভিত্তিতে বরফ সংগ্রহ করেন। রাশের ভাষায়, ওই বরফই তাঁকে হাসপাতালে যাওয়া থেকে বাঁচিয়েছে।

সব বাধা পেরিয়ে রাশ ৫ ঘণ্টা ৫৪ মিনিট ৫০ সেকেন্ডে ম্যারাথন শেষ করেন। গিনেস থেকে তাঁকে ছয় ঘণ্টার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। সে সময়সীমা শেষ হতে তাঁর হাতে ছিল মাত্র ৫ মিনিট ১০ সেকেন্ড।

দৌড় শেষে ১২৫টি টি–শার্ট খোলার প্রক্রিয়াকে শরীর থেকে ‘ভূত নামানোর’ মতো অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন রাশ। তাঁর ত্বকে লালচে দাগ পড়ে গিয়েছিল। প্রায় ৪৩ পাউন্ড ওজনের পোশাকের চাপে পিঠও যেন দেবে গিয়েছিল।

তবে এত কষ্টের পর নিজের ঝুলিতে ঠিকই যুক্ত করেছেন নতুন রেকর্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ১০০টি টি–শার্ট পরে পূর্ণ ম্যারাথন শেষ করার আগের রেকর্ডটি ভেঙে নতুন রেকর্ড গড়েছেন রাশ।