টেক্সাসে পানশালায় বন্দুক হামলা, নিহত ২

টেক্সাসে বন্দুক হামলার পর সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রাজধানী অস্টিনের একটি পানশালায় এক বন্দুকধারীর হামলায় ২ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। এই হামলাকে ‘সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে তদন্ত করছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

স্থানীয় সময় গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে সিক্সথ স্ট্রিট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, হামলাকারীর নাম এনদিয়েগা ডায়াগন (৫৩)। তিনি পিস্তল ও রাইফেল ব্যবহার করে এলোপাতাড়ি গুলি চালান। পরে পুলিশের গুলিতে নিহত হন।

অস্টিন পুলিশপ্রধান লিসা ডেভিস জানান, হামলাকারী একটি এসইউভি গাড়ি নিয়ে ‘বুফোর্ডস ব্যাকইয়ার্ড বিয়ার গার্ডেন’ নামের ওই পানশালার সামনে কয়েকবার চক্কর দেন। এরপর জানালা দিয়ে বাইরে থাকা মানুষের ওপর পিস্তল দিয়ে গুলি শুরু করেন। পরে গাড়ি থামিয়ে রাইফেল নিয়ে নেমে পথচারীদের ওপর গুলি চালান।

এফবিআইয়ের বিশেষ এজেন্ট অ্যালেক্স ডোরান বলেন, ‘হামলাকারীর গাড়ি ও পোশাকে এমন কিছু আলামত পাওয়া গেছে, যা সন্ত্রাসবাদের দিকে ইঙ্গিত করে। তবে এটি ঠিক কী ধরনের সন্ত্রাসবাদ, তা বলার সময় এখনো আসেনি।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার এক দিন পরই টেক্সাসে এই হামলার ঘটনা ঘটল। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে কাজে লাগিয়ে কেউ টেক্সাসকে হুমকি দিলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা কাউকে ভয় পাই না।’ অস্টিনের মেয়র কার্ক ওয়াটসন পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেছেন, তাঁদের সাহসিকতায় অনেক প্রাণ রক্ষা পেয়েছে।