‘হানি ট্র্যাপে’ পড়ছেন না তো! প্রেমিক নাকি গুপ্তচর, চিনবেন কীভাবে

প্রেম ও বিশ্বাসের দুর্বলতা কাজে লাগিয়ে গোপন তথ্য হাতিয়ে নেওয়ার পুরোনো কৌশল ‘হানি ট্র্যাপ’ এখন ডিজিটাল ও করপোরেট জগতে বড় হুমকি। স্নায়ুযুদ্ধ থেকে এনভিডিয়ার সাম্প্রতিক বিতর্ক—গুপ্তচরদের এ ভয়ানক ফাঁদ চেনার লক্ষণ ও আত্মরক্ষার উপায় জেনে নিন দীর্ঘ এ প্রতিবেদনে।

নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হলেও এর অপব্যবহার নানা গুরুতর উদ্বেগ তৈরি করছেছবি: চ্যানেল নিউজ এশিয়ার প্রতিবেদন থেকে নেওয়া স্ক্রিনশট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা, বিশ্বাস আর ঘনিষ্ঠতা—মানুষের জীবনের সবচেয়ে ব্যক্তিগত অনুভূতিগুলোর মধ্যে পড়ে। কিন্তু এ অনুভূতিগুলোই কখনো হয়ে উঠতে পারে প্রতারণার হাতিয়ার। কারও সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাঁর কাছ থেকে গোপন তথ্য আদায় করা, তাঁকে দিয়ে নিজের স্বার্থে কাজ করানো কিংবা পরে সেই সম্পর্কের দুর্বলতা কাজে লাগিয়ে ব্ল্যাকমেল করা—গোয়েন্দা জগতে এমন কৌশল পরিচিত ‘হানি ট্র্যাপ’ নামে। বাংলায় বলা যায় ‘প্রেমের ফাঁদ’।

সাম্প্রতিক সময়ে এ কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ও নামী প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে। চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর প্রতিষ্ঠানটিতে অস্থিরতা তৈরি হয়। এরপর বৃহস্পতিবার সিইওর পদ ছাড়েন জেনসেন। এ নিয়ে তর্কবিতর্ক শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ছাড়িয়ে সুদূর চীনেও।

মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, অ্যালিস হুয়াং চীনের গুপ্তচর হয়ে যুক্তরাষ্ট্র থেকে তথ্য পাচার করছিলেন। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স আরও কয়েকটি গণমাধ্যম। চীনও অভিযোগ অস্বীকার করেছে।

অ্যালিস হুয়াং জেনসেন হুয়াংয়ের আত্মীয় নন। তিনি এনভিডিয়ার এক গ্রাহক প্রতিষ্ঠানের সাবেক নির্বাহী। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জেনসেন নিজের সম্পর্কের প্রকৃতি নিয়ে প্রতিষ্ঠানের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বিভ্রান্ত করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বার্তা থেকে জানা গেছে। পরে তিনি বিবাহবহির্ভূত সম্পর্কের জন্য দুঃখ প্রকাশ করেন।

স্নায়ুযুদ্ধের সময় পূর্ব জার্মানি সুদর্শন ও আকর্ষণীয় পুরুষদের প্রশিক্ষণ দিয়ে ‘রোমিও স্পাই’ তৈরি করত, যাঁরা পশ্চিম জার্মানির উচ্চপদস্থ নারী আমলাদের প্রেমের ফাঁদে ফেলতেন। অন্যদিকে সোভিয়েত রাশিয়া পশ্চিমা কূটনীতিক ও সাংবাদিকদের হোটেলের দরজায় নারী ও পুরুষ উভয় এজেন্টই পাঠাত।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে জেনসেনের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখতে একটি আইনজীবী প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে। তবে এনভিডিয়ার গোপন তথ্য ফাঁস বা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন কোনো প্রমাণ এখনো সামনে আসেনি।

সিএনএন বলেছে, জেনসেন হুয়াংয়ের ঘটনা সত্যিই কোনো পরিকল্পিত ‘হানি ট্র্যাপ’ ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। কোনো ব্যক্তির সঙ্গে সন্দেহভাজন গোয়েন্দা-সংশ্লিষ্ট কারও সম্পর্ক থাকলেই সেটিকে গুপ্তচরবৃত্তি হিসেবে আখ্যা দেওয়া যায় না। এর জন্য দরকার আরও নির্দিষ্ট প্রমাণ, যেমন গোপন তথ্য চাওয়ার চেষ্টা, কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ কিংবা সম্পর্ককে ব্যবহার করে কাউকে প্রভাবিত করার প্রমাণ।

তবে জেনসেন হুয়াংয়ের ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে, গুরুত্বপূর্ণ তথ্যের নাগালে থাকা ব্যক্তিদের ব্যক্তিগত সম্পর্কও কখনো কখনো প্রতিষ্ঠান ছাপিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন হয়ে উঠতে পারে।

প্রেমের ফাঁদ কীভাবে কাজ করে

‘হানি ট্র্যাপ’ বলতে সাধারণত এমন এক গোয়েন্দা কৌশলকে বোঝায়, যেখানে প্রেম, যৌন আকর্ষণ কিংবা আবেগের সম্পর্ক ব্যবহার করে কাউকে বিশ্বাসের জায়গায় নেওয়া হয়। এরপর তাঁর কাছ থেকে গোপন তথ্য আদায় করা হয়, তাঁকে কোনো কাজে রাজি করানো হয় অথবা আপত্তিকর পরিস্থিতিতে ফেলে ব্ল্যাকমেল করা হয়।

এ ধরনের ফাঁদে সব সময় শারীরিক সম্পর্কের প্রয়োজন হয় না। দীর্ঘদিনের বন্ধুত্ব, আবেগের নির্ভরতা কিংবা অনলাইনে গড়ে ওঠা ঘনিষ্ঠ সম্পর্কও এর হাতিয়ার হতে পারে।

সিএনএনের প্রতিবেদন বলছে, এ কৌশলের মূল শক্তি মানুষের আবেগ ও দুর্বলতা। গোয়েন্দারা প্রথমে এমন কাউকে খুঁজে বের করতে পারেন, যাঁর কাছে রাষ্ট্রীয়, সামরিক, কূটনৈতিক কিংবা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এরপর তাঁর ব্যক্তিগত পছন্দ, আগ্রহ, পারিবারিক পরিস্থিতি ও দুর্বলতা সম্পর্কে খোঁজ নেন। কখনো পরিচয় করিয়ে দেওয়া হয় এমন কারও সঙ্গে, যিনি ধীরে ধীরে তাঁর আস্থা অর্জন করেন। আবার কখনো আগে থেকে থাকা স্বাভাবিক কোনো সম্পর্ককেই কাজে লাগানো হয়।

মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা জন সাইফারের মতে, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাই গুরুত্বপূর্ণ তথ্যের নাগালে থাকা ব্যক্তিদের নিশানা করে। তবে কোনো ব্যক্তিকে ঝুঁকিপূর্ণ বা কঠিন কাজে রাজি করাতে তাঁর ব্যক্তিগত দুর্বলতা কাজে লাগানো হতে পারে। চীন, রাশিয়ার মতো কর্তৃত্ববাদী রাষ্ট্রের ক্ষেত্রে বিদেশে থাকা কোনো ব্যক্তিকে দেশে ফিরতে না দেওয়া কিংবা দেশে থাকা পরিবারের সদস্যদের ক্ষতি করার ভয় দেখানোর মতো চাপও প্রয়োগ করা হতে পারে। অর্থাৎ সব ক্ষেত্রে প্রেমের সম্পর্ক দিয়ে ফাঁদ পাততে হয় না; কখনো ভয়, ব্ল্যাকমেল ও আবেগের চাপও একই উদ্দেশ্যে ব্যবহৃত হয়।

রয়টার্সের হাতে আসা ছবিতে তাইওয়ানের তাইপেতে এক নারীর সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে দেখা যাচ্ছে। রয়টার্সের একটি সূত্র ওই নারীকে অ্যালিস হুয়াং হিসেবে শনাক্ত করেছে। ছবিটি ২০২৪ সালের ৭ জুন প্রকাশ করা হয়
ছবি: রয়টার্স

ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান জেমসটাউন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পিটার ম্যাটিস আরেকটি কৌশলের কথা বলেছেন। কোনো ব্যক্তিকে আপত্তিকর বা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে সেই ঘটনার প্রমাণ সংগ্রহ করা হতে পারে। পরে ওই তথ্য প্রকাশের ভয় দেখিয়ে তাঁকে গোপন তথ্য প্রকাশ বা গুপ্তচরদের সহযোগিতা করতে বাধ্য করা হয়। যেমন কোনো ব্যক্তির গোপন সম্পর্ক বা এমন কোনো আচরণের ছবি-ভিডিও সংগ্রহ করা হলো, যা প্রকাশ পেলে তাঁর পরিবার, কর্মজীবন বা সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপর সেই তথ্য ব্যবহার করে তাঁর কাছ থেকে গোপন নথি বা অন্য সহযোগিতা চাওয়া হয়।

তবে সিনেমায় যেমন দেখা যায়, প্রশিক্ষিত কোনো এজেন্ট পরিকল্পনা করে সরাসরি প্রেমের অভিনয় করছেন—বাস্তবে সব ঘটনা এমন নয়। অনেক সময় কারও সঙ্গে স্বাভাবিকভাবেই প্রেমের বা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরে কোনো গোয়েন্দা সংস্থা সেই সম্পর্কের কথা জানতে পেরে এক পক্ষকে প্রভাবিত করে অন্য পক্ষের কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা করে। আবেগের টান, ব্যক্তিগত দুর্বলতা কিংবা ব্ল্যাকমেলের ভয় দেখিয়ে তাঁকে তথ্য দিতে রাজি করানো হতে পারে। তাই হানি ট্র্যাপের ক্ষেত্রে সম্পর্কটি শুরু থেকেই সাজানো ছিল, নাকি পরে সেটিকে কাজে লাগানো হয়েছে—এ পার্থক্য গুরুত্বপূর্ণ।

ইতিহাসে প্রেমের ফাঁদের চাঞ্চল্যকর ঘটনা

সিআইয়ের এক প্রতিবেদনে দেখা গেছে, প্রেমকে ব্যবহার করে তথ্য সংগ্রহের কৌশল বহু পুরোনো। তবে স্নায়ুযুদ্ধের সময় এটি বিশেষভাবে আলোচনায় আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভক্ত জার্মানিতে পূর্ব ও পশ্চিমের মধ্যে গোয়েন্দা তৎপরতা তীব্র হয়ে ওঠে। পশ্চিম জার্মানির সরকারি দপ্তর, সামরিক ও গোয়েন্দা প্রতিষ্ঠানে কর্মরত অনেক নারীর কাছে গুরুত্বপূর্ণ তথ্য ছিল। তাঁদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তথ্য সংগ্রহের জন্য পূর্ব জার্মানির গোয়েন্দা সংস্থা আকর্ষণীয় পুরুষ এজেন্টদের প্রশিক্ষণ দিত। এসব এজেন্ট পরিচিতি পান ‘রোমিও স্পাই’ নামে।

পূর্ব জার্মানির গোয়েন্দা সংস্থা স্ট্যাসির সাবেক বৈদেশিক গোয়েন্দা বিভাগের প্রধান মার্কুস উলফের পরিকল্পনায় এ ধরনের অভিযান পরিচালিত হতো। এজেন্টরা প্রথমে নিশানা করা নারীর পছন্দ-অপছন্দ, ব্যক্তিগত জীবন ও দুর্বলতা সম্পর্কে খোঁজ নিতেন। এরপর কাকতালীয় পরিচয়ের মতো করে সম্পর্ক গড়ে তুলতেন। তাঁদের নিশানায় ছিলেন মূলত পশ্চিম জার্মানির সরকারি দপ্তর, সংসদ, সামরিক বাহিনী ও গোয়েন্দা প্রতিষ্ঠানে কর্মরত নারীরা। কেউ কেউ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার পর গোপন নথি সরবরাহ করতেন। এমনকি এক ঘটনায় এক নারী এজেন্টকে বিয়ে করার আশ্বাস দেওয়া হয়েছিল; পরে তিনি জানতে পারেন, বিয়েটিই ছিল সাজানো।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সিইওর এমন সম্পর্কে জড়ানোর মতো বিচারবুদ্ধির অভাব বিস্ময়কর; কোনো গোপন তথ্য না দিলেও এমন সম্পর্কের অস্তিত্ব থাকাটাই নিজেই একটি বড় সমস্যা।
আইজ্যাক স্টোন ফিশ, ব্যবসায়িক গোয়েন্দা তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি রিস্কসের প্রতিষ্ঠাতা

এমন অভিযানের পেছনে কাজ করত নারী-পুরুষের ব্যক্তিগত সম্পর্কের প্রতি স্বাভাবিক আকর্ষণ। যুদ্ধের পর পশ্চিম জার্মানিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি ছিল। অনেক নারী সরকারি ও গুরুত্বপূর্ণ পেশায় যুক্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে কেউ কেউ ব্যক্তিগত জীবনে সঙ্গী খুঁজছিলেন। স্ট্যাসির এজেন্টরা এ বাস্তবতাকে কাজে লাগান।

সিআইএর বিবরণ অনুযায়ী, কয়েক দশকে পশ্চিম জার্মানিতে এ ধরনের গুপ্তচরবৃত্তির ঘটনায় বহু নারী বিচারের মুখোমুখি হন। আবার কিছু এজেন্ট নিজেরাও সত্যিকারের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। অর্থাৎ সব সম্পর্কই যে শুধু অভিনয় ছিল, তা নয়।

টাইম সাময়িকী থেকে জানা যায়, হানি ট্র্যাপের ইতিহাসে বহুল আলোচিত ও অদ্ভুত ঘটনাগুলোর একটি ঘটে চীনের বেইজিংয়ে। ১৯৬৪ সালে ফরাসি দূতাবাসে কর্মরত হিসাবরক্ষক বার্নার্ড বুরসিকটের পরিচয় হয় চীনের পিকিং অপেরার শিল্পী শি পেই পুয়ের সঙ্গে। শি নিজেকে নারী হিসেবে উপস্থাপন করেছিলেন। বুরসিকট তাঁর প্রেমে পড়েন এবং তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দুই দশক ধরে বুরসিকট বিশ্বাস করেছিলেন, শি একজন নারী এবং তাঁদের একটি সন্তানও রয়েছে।

পরে জানা যায়, শি পেই ছিলেন পুরুষ। তিনি বুরসিকটকে বিশ্বাস করিয়েছিলেন যে তাঁদের সন্তান হয়েছে। শিশুটিকে চীনের জিনজিয়াং অঞ্চলের এক চিকিৎসকের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল বলে সে সময়ের কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়। কোনো কোনো প্রতিবেদনে অবশ্য শিশুটিকে উইঘুর মুসলিম কোনো নারীর সন্তান বলে উল্লেখ করা হয়; যিনি দারিদ্র্যের কারণে শিশুটিকে বিক্রি করে দেন।

ক্যালিফোর্নিয়ার সান মার্টিনে একটি অভিজাত গলফ রিসোর্টে হাঁটতে দেখা যাচ্ছে জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াংকে। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, অ্যালিস চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন এবং দেশটিতে যুক্তরাষ্ট্রের তৈরি উন্নত প্রযুক্তির এআই চিপ পাচারে সহায়তা করেছেন
ছবি: সামাজিক যোগাযোগমাধ্যম

দুজনের এ সম্পর্ক ছিল দীর্ঘ দুই দশকের। ঘটনাক্রমে ফরাসি গোয়েন্দারা বুরসিকটকে গ্রেপ্তার করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। ১৯৮৬ সালে ফ্রান্সের আদালত বুরসিকট ও শি দুজনকেই গুপ্তচরবৃত্তির দায়ে ছয় বছরের কারাদণ্ড দেন। ঘটনাটি শুধু প্রেমের প্রতারণা নয়; ব্যক্তিগত সম্পর্ক কীভাবে রাষ্ট্রীয় তথ্য সংগ্রহে ব্যবহার হতে পারে, তারও এক নাটকীয় উদাহরণ।

দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন বলছে, আরেকটি আলোচিত ঘটনা ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির তথ্য ফাঁসকারী সাবেক কারিগর মর্দেখাই ভানুনুকে ঘিরে। ১৯৮৬ সালে ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনার ছবি ও তথ্য ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমসের কাছে তুলে ধরেন ভানুনু। এরপর তাঁকে খুঁজছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এ সময় ‘সিন্ডি’ ছদ্মনামে এক ইসরায়েলি নারী তাঁর সঙ্গে পরিচিত হন। তিনি নিজেকে মার্কিন পর্যটক হিসেবে পরিচয় দিয়ে ভানুনুকে (তিনিও ছিলেন ইসরায়েলি) রোমে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেন।

ভানুনু রোমে যাওয়ার পর তাঁকে অপহরণ করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, ‘সিন্ডি’ আসলে মোসাদের হয়ে কাজ করছিলেন। ভানুনুকে রোমে যাওয়ার জন্য প্রলুব্ধ করার পেছনে তাঁর ভূমিকা ছিল।

এ ঘটনা দেখায়, প্রেম বা ঘনিষ্ঠতার প্রলোভন শুধু তথ্য আদায়ের জন্য নয়, কাউকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া কিংবা আটক করার মতো অভিযানেও ব্যবহার করা হতে পারে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) এক তথ্যদাতা ক্যাটরিনা লিউংকে ঘিরেও বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছিল। চীনা বংশোদ্ভূত মার্কিন লিউংকে এফবিআই চীনের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য অর্থ দিত। কিন্তু তিনি ‘ডাবল এজেন্ট’–এর ভূমিকা নেন। তাঁর বিরুদ্ধে চীনের কাছে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য পাচারের অভিযোগ ওঠে। এফবিআইয়ের কর্মকর্তা জেমস স্মিথের সঙ্গে তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তদন্তে আরেক এফবিআই কর্মকর্তার সঙ্গেও তাঁর সম্পর্কের তথ্য উঠে আসে।

সাইবার নিরাপত্তা বিশ্লেষক ও গোয়েন্দা কর্মকর্তাদের মতে, ডিজিটাল ও বাস্তব জীবনে হানি ট্র্যাপ চেনার কিছু স্পষ্ট লক্ষণ রয়েছে, যেমন অনলাইনে অপরিচিত কারও সঙ্গে পরিচয়ের পর এই সম্পর্ক অস্বাভাবিক দ্রুতগতিতে পেশাদার বা সাধারণ আলাপ থেকে রোমান্টিক পর্যায়ে চলে যাওয়া, অতিরিক্ত প্রশংসা পাওয়া, প্রোফাইলে তথ্যের অসংগতি থাকা, লাইভ ভিডিও কলে কথা বলতে অনীহা দেখানো, সাধারণ মেসেজিং অ্যাপ ছেড়ে দ্রুত এনক্রিপ্টেড অ্যাপে (যেমন টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ) ব্যক্তিগত কথা বলার চাপ দেওয়া।

২০০৩ সালে লিউং ও স্মিথ গ্রেপ্তার হন। পরে মার্কিন বিচার বিভাগের পরিদর্শক জেনারেলের দপ্তর এ ঘটনা নিয়ে তদন্ত করে। তদন্ত প্রতিবেদনে এফবিআইয়ের তদারকি ও ব্যবস্থাপনায় গুরুতর ব্যর্থতার কথা উঠে আসে। লিউংয়ের বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ এবং এফবিআইয়ের কর্মকর্তার সঙ্গে তাঁর সম্পর্ক—দুটি বিষয়ই তদন্তের অংশ ছিল।

লিউংকে মাত্র তিন মাস কারাভোগ করতে হয়েছিল বলে জানা যায়; যদিও সাজার এ তথ্য সরকারি তদন্ত প্রতিবেদনে পাওয়া যায় না।

করপোরেট দুনিয়া ও ডিজিটাল যুগে নতুন ঝুঁকি

একসময় হানি ট্র্যাপের লক্ষ্য ছিলেন মূলত কূটনীতিক, সামরিক কর্মকর্তা, সরকারি কর্মচারী কিংবা গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। এখন বড় বড় প্রতিষ্ঠানের কর্মকর্তা, গবেষক, বিজ্ঞানী ও ব্যবসায়ীরাও ঝুঁকিতে থাকতে পারেন। কারণ, তাঁদের কাছে এমন তথ্য থাকে, যা কোনো দেশের অর্থনীতি, প্রযুক্তিগত সক্ষমতা কিংবা সামরিক শক্তির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, সাইবার নিরাপত্তা ও উন্নত প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এসব খাতের তথ্যের কৌশলগত গুরুত্বও বেড়েছে।

সিএনএনের প্রতিবেদনে জন সাইফার বলেন, চীনা গোয়েন্দারা শুধু যুক্তরাষ্ট্রের নাগরিকদেরই নয়, বিভিন্ন দেশের নাগরিকদের নিশানা করতে পারেন। বাণিজ্যিক তথ্য, প্রযুক্তি ও গবেষণার ফলাফলও তাঁদের আগ্রহের বিষয় হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেনসেন হুয়াং
ছবি: রয়টার্স

ব্যবসায়িক গোয়েন্দা তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি রিস্কসের প্রতিষ্ঠাতা আইজ্যাক স্টোন ফিশের মতে, বাণিজ্যিক প্রতিযোগিতার ক্ষেত্রেও এ ধরনের কৌশল ব্যবহার করা হতে পারে। অর্থাৎ সব হানি ট্র্যাপের লক্ষ্য রাষ্ট্রীয় গোপন নথি নয়; কোনো প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিকল্পনা, নতুন প্রযুক্তি বা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের কৌশল জানাও লক্ষ্য হতে পারে।

স্টোন ফিশ আরও বলেন, ‘বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের (এনভিডিয়া) সিইওর এমন সম্পর্কে জড়ানোর মতো বিচারবুদ্ধির অভাব বিস্ময়কর; কোনো গোপন তথ্য না দিলেও এমন সম্পর্কের অস্তিত্ব থাকাটাই নিজেই একটি বড় সমস্যা।’

২০২৪ সালের সেপ্টেম্বরে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ও নিজেদের শিক্ষার্থীদের এ ধরনের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিল। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, সংবেদনশীল গবেষণার তথ্যের নাগালে থাকা শিক্ষার্থীদের বিদেশি গোয়েন্দারা প্রেমের সম্পর্ক, ভালো বেতনের খণ্ডকালীন কাজ কিংবা একাডেমিক সুযোগের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলতে পারেন। কখনো আকর্ষণীয় নারী বা পুরুষের ছদ্মবেশে ঘনিষ্ঠতা তৈরি করে তথ্য সংগ্রহের চেষ্টা করা হতে পারে বলেও সতর্ক করেছিল মন্ত্রণালয়। তবে এসব অভিযোগের পক্ষে নির্দিষ্ট ঘটনার বিস্তারিত প্রমাণ দেয়নি তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ডিজিটাল যোগাযোগের বিস্তার হানি ট্র্যাপের ঝুঁকিকে আরও জটিল করেছে। এখন কাউকে নিশানা করার জন্য সরাসরি দেখা করার প্রয়োজন নেই। সামাজিক যোগাযোগমাধ্যম, পেশাগত যোগাযোগের প্ল্যাটফর্ম কিংবা ডেটিং অ্যাপ থেকে একজন ব্যক্তির কাজ, আগ্রহ, বন্ধু, পারিবারিক অবস্থা ও দৈনন্দিন জীবন সম্পর্কে অনেক তথ্য জানা সম্ভব। এসব তথ্য ব্যবহার করে তাঁর সঙ্গে যোগাযোগের উপযুক্ত পথ খুঁজে নেওয়া যায়। পরে অনলাইনে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক গড়ে তুলে ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও কিংবা কর্মক্ষেত্রের গোপন তথ্য চাওয়ার চেষ্টা হতে পারে।

বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাই গুরুত্বপূর্ণ তথ্যের নাগালে থাকা ব্যক্তিদের নিশানা করে। তবে কোনো ব্যক্তিকে ঝুঁকিপূর্ণ বা কঠিন কাজে রাজি করাতে তাঁর ব্যক্তিগত দুর্বলতা কাজে লাগানো হতে পারে।

এ ধরনের প্রতারণার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার যুক্ত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। সুইডেনের প্রতিরক্ষা গবেষণা সংস্থা এফওআইয়ের ২০২৬ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক গবেষণায় এআই দিয়ে তৈরি পরিচয় বা ব্যক্তিত্ব ব্যবহার করে আবেগঘন সম্পর্কের অভিনয়ের বিস্ময়কর সম্ভাবনার কথা উঠে এসেছে।

অর্থাৎ অনলাইনে যার সঙ্গে কথা হচ্ছে, তিনি বাস্তব ব্যক্তি কি না কিংবা তাঁর ছবি ও পরিচয় আসল কি না, তা যাচাই করা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তবে এ ধরনের প্রযুক্তি গোয়েন্দা সংস্থাগুলো ব্যাপকভাবে ব্যবহার করছে, এমন সিদ্ধান্তে যাওয়ার মতো প্রমাণ ওই প্রতিবেদনে নেই।

জার্মানির বার্লিনে পূর্ব জার্মানির সাবেক রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্যকেন্দ্রে প্রদর্শিত হচ্ছে গোপনে কথোপকথন আড়ি পেতে শোনার কাজে ব্যবহৃত সরঞ্জাম। ২০০৬ সালের ৭ নভেম্বর তোলা ছবি
ছবি: এএফপি

হানি ট্র্যাপের লক্ষণ কী

—অনলাইনে অপরিচিত কারও সঙ্গে পরিচয়ের পর তিনি দ্রুত ঘনিষ্ঠ হতে চাইছেন, এটি সতর্ক হওয়ার একটি কারণ হতে পারে।

—কথাবার্তা অল্প সময়ের মধ্যে সাধারণ আলাপ থেকে প্রেম বা যৌনতার বিষয়ে চলে যাচ্ছে কি না, খেয়াল করুন।

—পরিচয়ের শুরুতেই অতিরিক্ত প্রশংসা, দ্রুত আবেগের সম্পর্ক তৈরি করার চেষ্টা কিংবা ব্যক্তিগত জীবনের গভীর তথ্য জানার আগ্রহও সন্দেহের কারণ হতে পারে।

—পরিচয়ের শুরুতেই কেউ আপনাকে কোনো ডেটিং অ্যাপ বা সামাজিক যোগাযোগমাধ্যম ছেড়ে অন্য ব্যক্তিগত মেসেজিং প্ল্যাটফর্মে (হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদি) যেতে চাপ দিচ্ছেন কি না; তাঁর দেওয়া পরিচয়, ছবি, কর্মস্থল কিংবা জীবনবৃত্তান্ত যাচাই করা যাচ্ছে কি না—এসবও গুরুত্বপূর্ণ। তবে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম ব্যবহার করাই সন্দেহের কারণ নয়; বরং গোপনীয়তা বজায় রাখার অস্বাভাবিক চাপ ও অন্যান্য আচরণের সঙ্গে বিষয়টিকে মিলিয়ে দেখতে হবে।

—ভিডিও কলে কথা বলতে বারবার অজুহাত দেখানো, সামনাসামনি দেখা করার কথা বলে তা এড়িয়ে যাওয়া কিংবা নিজের সম্পর্কে দেওয়া তথ্যে অসংগতি থাকলে সতর্ক হওয়া দরকার।

—কেউ যদি অল্প পরিচয়েই ব্যক্তিগত ছবি বা ভিডিও চান, কর্মস্থলের গোপন তথ্য জানতে চান, পাসওয়ার্ড বা প্রতিষ্ঠানের নথি চেয়ে বসেন, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে।

—কখনো ছোট কোনো তথ্যের বিনিময়ে উপহার বা অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে।

—ব্যক্তিগত ছবি বা কথোপকথন প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ কিংবা অন্য সুবিধা আদায়ের চেষ্টাও হতে পারে। এমন পরিস্থিতিতে ভয় বা লজ্জায় চুপ না থেকে প্রমাণ সংরক্ষণ করা এবং বিশ্বস্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো জরুরি।হানি ট্র্যাপের সবচেয়ে বড় দুর্বলতা হলো, এটি মানুষের স্বাভাবিক অনুভূতিকেই লক্ষ্য করে। তাই এর কোনো নির্দিষ্ট চেহারা নেই, নির্দিষ্ট বয়স বা পেশার মানুষও এর বাইরে নন। ভালোবাসার সম্পর্ক মানেই ফাঁদ নয়, আবার পরিচিত মানুষ মানেই নিরাপদ—এমন নিশ্চয়তাও নেই।

সতর্ক হবেন কীভাবে

এফবিআই অনলাইন প্রেমের প্রতারণা থেকে বাঁচতে কয়েকটি পরামর্শ দিয়েছে—

—সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সম্পর্কে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ না করা, নতুন পরিচয় বা সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়া না করা এবং অপরিচিত ব্যক্তির ছবি ও পরিচয় যাচাই করা।

—অনলাইনে পরিচিত কেউ টাকা চাইলে যাচাই না করেই তা না দেওয়া।

—কেউ যদি পরিবার ও বন্ধুদের কাছ থেকে দূরে রাখতে চান কিংবা ব্যক্তিগত ছবি ও আর্থিক তথ্য চান, তাহলে সতর্ক হতে হবে।

তবে মনে রাখতে হবে, এসব লক্ষণ দেখলেই কাউকে গুপ্তচর বা অপরাধী বলা যাবে না। কেউ দ্রুত প্রেমের প্রস্তাব দিলেন, ব্যক্তিগত মেসেজিং অ্যাপে কথা বলতে চাইলেন কিংবা একান্তে দেখা করতে চাইলেন—এগুলো একা কোনো অপরাধের প্রমাণ নয়।

হানি ট্র্যাপের ক্ষেত্রে মূল বিষয় হলো, সম্পর্ক বা আবেগকে ব্যবহার করে গোপন তথ্য আদায়, কাউকে প্রভাবিত করা কিংবা ব্ল্যাকমেল করার চেষ্টা হচ্ছে কি না। তাই সন্দেহ হলে নিজে থেকে কাউকে অভিযুক্ত না করে তথ্য যাচাই করা এবং প্রয়োজন হলে পেশাগত বা আইনি সহায়তা নেওয়াই ভালো।

হানি ট্র্যাপের সবচেয়ে বড় দুর্বলতা হলো, এটি মানুষের স্বাভাবিক অনুভূতিকেই লক্ষ্য করে। তাই এর কোনো নির্দিষ্ট চেহারা নেই, নির্দিষ্ট বয়স বা পেশার মানুষও এর বাইরে নন। ভালোবাসার সম্পর্ক মানেই ফাঁদ নয়, আবার পরিচিত মানুষ মানেই নিরাপদ—এমন নিশ্চয়তাও নেই।

প্রয়োজনীয় সম্পর্ক থাকবে, সতর্কতাও থাকবে

মানুষের জীবনে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, বন্ধুত্ব ও পেশাগত সম্পর্ক থাকবেই। এসব সম্পর্কের সুযোগ নিয়ে কেউ প্রতারণা করতে পারে—এমন আশঙ্কায় সবাইকে সন্দেহ করা বা ব্যক্তিগত সম্পর্ক থেকে দূরে থাকা বাস্তবসম্মত নয়।

সিএনএনের প্রতিবেদনে বিশেষজ্ঞ আইজ্যাক স্টোন ফিশ ও পিটার ম্যাটিসের বক্তব্যেও উঠে এসেছে, মানুষ হিসেবে প্রত্যেকেরই এমন সম্পর্ক থাকে, যেগুলো কেউ চাইলে কাজে লাগানোর চেষ্টা করতে পারে। তাই ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা জরুরি।

বিশেষ করে গুরুত্বপূর্ণ তথ্যের দায়িত্বে থাকা ব্যক্তিদের কর্মক্ষেত্রের গোপনীয়তা সম্পর্কে সতর্ক থাকতে হবে। ব্যক্তিগত সম্পর্কের কারণে প্রতিষ্ঠানের তথ্য, নথি, পাসওয়ার্ড বা প্রযুক্তিগত ব্যবস্থায় অননুমোদিত প্রবেশের সুযোগ তৈরি করা যাবে না। কোনো ব্যক্তি সম্পর্কের সূত্র ধরে কর্মক্ষেত্রের সংবেদনশীল তথ্য জানতে চাইলে, কিংবা কোনো প্রস্তাব অস্বাভাবিক মনে হলে প্রতিষ্ঠানের নির্ধারিত নিরাপত্তা বিভাগ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত।

অনলাইনে পরিচিত কারও সঙ্গে অন্তরঙ্গ ছবি বা ভিডিও বিনিময়ের ক্ষেত্রেও ঝুঁকির কথা মাথায় রাখা প্রয়োজন।

পরিশেষ

হানি ট্র্যাপের সবচেয়ে বড় দুর্বলতা হলো, এটি মানুষের স্বাভাবিক অনুভূতিকেই লক্ষ্য করে। তাই এর কোনো নির্দিষ্ট চেহারা নেই, নির্দিষ্ট বয়স বা পেশার মানুষও এর বাইরে নন। ভালোবাসার সম্পর্ক মানেই ফাঁদ নয়, আবার পরিচিত মানুষ মানেই নিরাপদ—এমন নিশ্চয়তাও নেই।

নৈতিকতার মধ্যে থেকে গড়া সম্পর্কের মধ্যেও অস্বাভাবিক চাপ, গোপন তথ্যের চাহিদা, ব্ল্যাকমেল কিংবা ব্যক্তিগত দুর্বলতা কাজে লাগানোর চেষ্টা দেখা গেলে সতর্ক হওয়া জরুরি। ভালোবাসা ও বিশ্বাসের জায়গা অক্ষুণ্ন রেখেই ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তার সীমারেখা বজায় রাখতে হবে।

তথ্যসূত্র:

১. CNA, ‘How honey traps work and why even the powerful fall for them’;

২. Reuters, ‘Ex-Nvidia CEO misled top lawyer on affair with Chinese businesswoman, sources say’;

৩. Euronews, ‘The spy who loved me? West German recalls Stasi manipulation, imprisonment’;

৪. Swedish Defence Research Agency (FOI), ‘Spies Among Us: Espionage in Europe, 2008–2024’;

৫. TIME, ‘Spies: Why Not Sort of Pregnant?’;

৬. The Washington Post, ‘Israel's Whistle-Blower, Still Under a Nuclear Cloud’;

৭. US Department of Justice, Office of the Inspector General, ‘A Review of the FBI's Handling and Oversight of FBI Asset Katrina Leung’;

৮. Reuters, ‘China warns students “beautiful women, handsome guys”could lure them into spying’;

৯. The Indian Express, ‘Honey trap scams: Warning signs and how to stay safe online’;

১০. FBI, ‘Romance Scams’এবং

১১. CIA, ‘Romeo Spies’