গ্রিনহাউস গ্যাসকে জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক বিবেচনার ঘোষণা বাতিল করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে সরকারিভাবে ঘোষিত একটি বৈজ্ঞানিক সিদ্ধান্ত বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী বলে বিবেচিত গ্যাসগুলোর নিঃসরণ কমাতে ওবামা প্রশাসন কেন্দ্রীয়ভাবে যেসব পদক্ষেপ ঘোষণা করেছিল, তা বাতিল হয়ে যাবে। গতকাল বৃহস্পতিবার ট্রাম্প ওই ঘোষণা দিয়েছেন।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রে ‘এনডেঞ্জারমেন্ট ফাইন্ডিং’ নামে সরকারিভাবে একটি সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। এতে বলা হয়েছিল, বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাস জনস্বাস্থ্যের জন্য হুমকি।
কার্বন নিঃসরণ ঠেকাতে, বিশেষ করে যানবাহনের কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে ওই সিদ্ধান্ত ফেডারেল সরকারের উদ্যোগগুলোর আইনি ভিত্তি হিসেবে বিবেচিত হতো।
হোয়াইট হাউস এ সিদ্ধান্ত প্রত্যাহারকে ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে সরকারি বিধি শিথিল করার সবচেয়ে বড় ঘটনা’ বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, এতে গাড়ির দাম কমবে এবং গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর গাড়িপ্রতি প্রায় ২ হাজার ৪০০ ডলার পর্যন্ত খরচ কমবে।
গতকাল বৃহস্পতিবার ওভাল অফিসে দেওয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘২০০৯ সালের ওই সিদ্ধান্তটি ওবামা-যুগের একটি বিপর্যয়কর নীতি। এটি যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং মার্কিন ভোক্তাদের জন্য দাম ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে।’
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সাধারণত ক্ষমতাসীন প্রেসিডেন্টদের নীতির বিষয়ে খুব কমই মন্তব্য করেন। তবে গতকাল ট্রাম্পের ঘোষণার পর তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। ওবামা বলেছেন, সিদ্ধান্ত বাতিল করা হলে মার্কিন নাগরিকেরা আরও ঝুঁকির মুখে পড়বে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ওবামা লিখেছেন, ‘এটি না থাকলে আমরা কম নিরাপদ হব, কম সুস্থ থাকব এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের লড়াই করার সক্ষমতাও কমে যাবে। আর এর সবই করা হচ্ছে, জীবাশ্ম জ্বালানি শিল্প আরও বেশি লাভজনক করতে।’
যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষাবিষয়ক সংস্থা এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ) প্রথমবারের মতো ২০০৯ সালে গ্রিনহাউস গ্যাসের প্রভাবের বিষয়ে অবস্থান নেয়।
ওই সময় (বারাক ওবামার প্রথম মেয়াদের প্রথম বছর) ইপিএ এ সিদ্ধান্তে উপনীত হয় যে কার্বন ডাই-অক্সাইড ও মিথেনসহ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী বলে বিবেচিত ছয়টি প্রধান গ্রিনহাউস গ্যাস মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক।