মিনেসোটায় ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে জিতলেন ইলহান ওমর

মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমরছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাই নির্বাচনে (প্রাইমারি) জয়ী হয়েছেন ইলহান ওমর। এর মাধ্যমে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক পার্টি থেকে পুনর্নির্বাচিত হওয়ার দৌড়ে মনোনয়ন নিশ্চিত করেলেন তিনি। তিনি প্রতিনিধি পরিষদের এই আসন থেকে চারবার কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন।

মিনেসোটার পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে ইলহান ওমর ২০১৮ সাল থেকে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রতিনিধিত্ব করছেন। এবার প্রাথমিক বাছাইয়ে তিনি সেখানে ৮০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন। এই পঞ্চম ডিস্ট্রিক্টটি মিনেসোটা তথা পুরো যুক্তরাষ্ট্রের মধ্যেই সবচেয়ে বেশি ডেমোক্র্যাট-প্রভাবিত এলাকা।

ইলহানের প্রতিদ্বন্দ্বী ছিলেন জুলি টি লে, আবেনা ম্যাকেঞ্জি, লাটোনিয়া রিভস ও নাট শ্লুটার।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক কঠোর ব্যবস্থার বিরোধিতা করাকে যিনি অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মনে করেন, সেই ইলহান তাঁর শেষ সাধারণ নির্বাচনে ৫০ শতাংশ পয়েন্টের ব্যবধানে এবং ২০২৪ সালের প্রাইমারিতে ১৩ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এসব কারণেই এই বছর প্রথমবারের মতো তাঁকে প্রাইমারিতে বড় কোনো প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হয়নি।

ইলহানের আসনে রিপাবলিকানদের প্রাইমারিতে ৫২ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে জন নাগেল জয়ী হতে পারেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

‘অপারেশন মেট্রো সার্জ’-এর সময় সেন্ট পল ফেডারেল আদালতে অপ্রীতিকর এক ঘটনার পর শিরোনামে আসার মাত্র কয়েক সপ্তাহের মাথায় সাবেক মার্কিন অ্যাটর্নি ‘লে’ এই প্রাইমারির দৌড়ে যোগ দেন।

এক মাসেরও কম সময়ে প্রায় ৯০টি অভিবাসন মামলার দায়িত্ব পাওয়ার পর, নিজে একজন অভিবাসী হয়েও লে নাকি বিচারকের কাছে অনুরোধ করেছিলেন, তাঁকে যেন আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হয়—যাতে তিনি ‘পুরো ২৪ ঘণ্টা ঘুমাতে পারেন’।

লে আরও যোগ করেছিলেন, ‘এই ব্যবস্থার কোনো মানে হয় না, এ চাকরিটাও বাজে।’

তাঁর নির্বাচনী এলাকায় ইলহানের জনপ্রিয়তা অস্বীকার করার উপায় নেই। অবশ্য বহু বছর ধরেই তিনি ট্রাম্প এবং তাঁর ‘মাগা’ (এমএজিএ) সমর্থকদের নিয়মিত আক্রমণের শিকার হয়ে আসছেন। তাঁরা বারবার ওমরের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন, তাঁর সোমালি ঐতিহ্যকে উপহাস করেছেন। ইলহান ও তাঁর স্বামী, রাজনৈতিক পরামর্শক টিম মাইনেটের আর্থিক লেনদেন গভীরভাবে পরীক্ষা করে দেখেছেন।

গত সোমবার ইলহান জানান, রিচফিল্ডে তিনি উপস্থিত ছিলেন এমন একটি টাউন হল মিটিংয়ের বাইরে হোমল্যান্ড সিকিউরিটির একজন তদন্তকারীকে দেখা গেছে।

ইলহান এক লিখিত বিবৃতিতে বলেন, ‘যারা আমার বা আমার ভোটারদের ক্ষতি করতে পারে, এমন ব্যক্তিদের ওপর নজর রাখার পরিবর্তে রিচফিল্ড পুলিশকে সময় ব্যয় করতে হয়েছে এই ঘটনা তদন্ত করতে যে—কেন একজন হোমল্যান্ড সিকিউরিটি এজেন্টের ভুয়া প্লেট নম্বরের একটি গাড়িতে করে আমার কংগ্রেশনাল অনুষ্ঠানের বাইরে দাঁড়িয়ে ছিলেন। আমার অনুষ্ঠানের বাইরে হোমল্যান্ড সিকিউরিটি এজেন্টের উপস্থিতির উদ্দেশ্য কী ছিল, তা নিয়েও মারাত্মক ও অস্বস্তিকর প্রশ্ন উঠেছে।’

গত জানুয়ারিতে মিনিয়াপোলিসে একটি টাউন হল অনুষ্ঠানে এক ব্যক্তি ইলহান ওমরের দিকে তেড়ে আসেন। এ সময় ওই উগ্র ব্যক্তি তাঁর ওপর একধরনের তরল ছিটিয়ে দেয়, যা পরবর্তী সময়ে আপেল সিডার ভিনেগার হিসেবে শনাক্ত হয়।

হামলার পর গণমাধ্যমকে ইলহান বলেছিলেন, ‘আমি একদম ঠিক আছি। আমার সঙ্গে যা ঘটেছে, তা ঠিক হয়নি। তবে তাঁরা ভুল মানুষকে বেছে নিয়েছে। আমি ভয় পাওয়ার বা দমে যাওয়ার মতো মানুষ নই।’