বাস্কেটবল তারকা গ্রিনারের মুক্তি, মধ্যস্থতা নিয়ে সৌদি-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিনারের সঙ্গে ফোনে কথা বলছেন জো বাইডেন
ছবি: রয়টার্স

হোয়াইট হাউস বলেছে, মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারের মুক্তি নিয়ে শুধু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যেই আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে সৌদি আরবের কোনো মধ্যস্থতা ছিল না। সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের দেওয়া এক যৌথ বিবৃতি নিয়ে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র এমন প্রতিক্রিয়া জানিয়েছে। খবর রয়টার্স ও বিবিসির।

গতকাল রাশিয়ায় কারাবন্দী মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারের মুক্তির বিনিময়ে রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্তর বাউটকে মুক্তি দেয় যুক্তরাষ্ট্র। বাউট যুক্তরাষ্ট্রে ২৫ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করছিলেন। আর গ্রিনার আটক ছিলেন আট মাস ধরে।
সমঝোতার অংশ হিসেবে গ্রিনারকে মস্কো থেকে এবং বাউটকে ওয়াশিংটন থেকে আরব আমিরাতের আবুধাবিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

গ্রিনার ও বাউটের মুক্তির পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, যে মধ্যস্থতা প্রচেষ্টার মধ্য দিয়ে রাশিয়া থেকে গ্রিনারের মুক্তি নিশ্চিত হয়েছে সেটির নেতৃত্ব তাঁরা দিয়েছিলেন।

সৌদি যুবরাজের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভালো সম্পর্ক রয়েছে। গত সেপ্টেম্বরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শত শত বন্দী বিনিময়ে তিনি সহযোগিতা করেছেন।

আরও পড়ুন

গ্রিনার ও বাউটের মুক্তিতে কোনো ধরনের মধ্যস্থতা থাকার কথা যুক্তরাষ্ট্র অস্বীকার করেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জাঁ পিয়েরে বলেন, শুধু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যেই এ চুক্তির ব্যাপারে আলোচনা হয়েছে। এখানে কারও মধ্যস্থতা ছিল না।

তবে বন্দী বিনিময়ের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ায় পিয়েরে আরব আমিরাতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, ‘বন্দী বিনিময়ের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ায় সংযুক্ত আরব আমিরাতের প্রতি আমরা কৃতজ্ঞ। বন্দী থাকা মার্কিন নাগরিকদের ইস্যুটি রাশিয়ার কাছে তুলে ধরায় সৌদি আরবসহ অন্য দেশগুলোর প্রতিও আমরা কৃতজ্ঞ।’

৩২ বছর বয়সী ব্রিটনি গ্রিনার আমেরিকার খ্যাতনামা নারী ক্রীড়াবিদ। গত ফেব্রুয়ারিতে গাঁজার নির্যাস বহন করার দায়ে মস্কোর বিমানবন্দর থেকে গ্রিনারকে গ্রেপ্তার করা হয়। গত মাসে তাঁকে রাশিয়ার একটি পেনাল কলোনিতে (দুর্গম এলাকায় স্থাপিত কারাগার) পাঠানো হয়।

আর অস্ত্র ব্যবসায়ী ভিক্তর বাউট পরিচিত ‘মৃত্যুর ফেরিওয়ালা’ হিসেবে। অনুসন্ধানী সাংবাদিক ডগলাস ফারাহ ও স্টিফেন ব্রাউনের লেখা ‘মার্চেন্ট অব ডেথ’ বইটি লেখা হয়েছিল ভিক্তর বাউটকে নিয়ে।

গত জুলাই মাসে রাশিয়াকে বন্দী বিনিময়ের প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। রাশিয়াও দীর্ঘদিন ধরে বাউটকে মুক্ত করার চেষ্টা করছিল। গতকাল রাশিয়ার সংবাদমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিমানবন্দর প্রাঙ্গণে দুই বন্দীর বিনিময় হচ্ছে।