প্রার্থনা সভায় চলচ্চিত্রের সংলাপকে বাইবেলের বাণী বলে চালিয়ে বিতর্কে হেগসেথ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক প্রার্থনা সভায় একটি উদ্ধৃতি ব্যবহার করে সেটিকে বাইবেলের বাণী বলে উল্লেখ করেছেন। তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধে সেনাদের উৎসাহিত করার চেষ্টায় ওই উদ্ধৃতি ব্যবহার করেন। অথচ সত্যিকার অর্থে সেটি বাইবেল থেকে নেওয়া বাণী ছিল না।
এ ঘটনায় পিট হেগসেথকে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা তাঁর বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবও এনেছেন।
অভিযোগ উঠেছে, হেগসেথ হলিউডের একটি সহিংস চলচ্চিত্রের সংলাপকে বাইবেলের বাণী হিসেবে উপস্থাপন করেছেন। ওই চলচ্চিত্রটির পরিচালক কোয়েন্টিন টারান্টিনো।
গত বুধবার পেন্টাগনে আয়োজিত প্রার্থনা অনুষ্ঠানে হেগসেথ সামরিক বাহিনীর অনুসন্ধান ও উদ্ধারকারী দলের জন্য প্রার্থনা করেন। হেগসেথ দাবি করেন, বাইবেলের ‘ইজেকিয়েল’ গ্রন্থের একটি অংশের ওপর ভিত্তি করে তিনি প্রার্থনাটি করেছেন।
সংবাদমাধ্যম দ্য নিউজ উইক ইজেকিয়েল গ্রন্থের বাণী, পাল্প ফিকশনের সংলাপ ও হেগসেথের প্রার্থনা—তিনটি বিষয় নিয়েই বিশ্লেষণ করেছে। এতে দেখা গেছে, হেগসেথ তাঁর প্রার্থনায় যে বাণীটি ব্যবহার করেছিলেন, তা আসলে বাইবেলের চেয়ে পাল্প ফিকশন নামের চলচ্চিত্রে অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসনের দেওয়া সংলাপের বিকৃত সংস্করণের সঙ্গেই বেশি মিলে গেছে।
‘মহাপ্রতিশোধ’ ও ‘প্রচণ্ড ক্রোধ’-এর মতো শব্দে ভরা হলিউড চলচ্চিত্রের একটি সংলাপ কীভাবে সামরিক অনুসন্ধান ও উদ্ধারকারী দলের নিরাপত্তার জন্য করা প্রার্থনায় পরিণত হলো—তা নিয়েও প্রশ্ন উঠেছে।
বিশ্লেষণে দেখা গেছে, তিনটির মধ্যে বাইবেলের বাণীটি সবচেয়ে সংক্ষিপ্ত। সেখানে বলা হয়েছে, ‘আমি তাদের ওপর প্রচণ্ড প্রতিশোধ নেব এবং কঠোর শাস্তি দেব। আমি যখন আমার প্রতিশোধ কার্যকর করব, তখন তারা জানবে, আমিই প্রভু।’
বাকি দুটি অংশ তুলনামূলকভাবে বড় এবং এগুলোর মধ্যে বেশি মিল রয়েছে। সেগুলো মূল বাইবেলের লেখাকে অনেকটা বিস্তৃতভাবে ব্যাখ্যা বা সম্প্রসারিত করেছে।
পাল্প ফিকশন চলচ্চিত্রে জুলস উইনফিল্ড চরিত্রটি (স্যামুয়েল এল জ্যাকসন অভিনীত) তাঁর ঊর্ধ্বতনের এক দুর্নীতিগ্রস্ত সহযোগীকে হত্যা করার ঠিক আগে বলে ওঠে, ‘সৎ মানুষের পথ সব দিক থেকে স্বার্থপরদের অন্যায় এবং দুষ্টু মানুষের অত্যাচারে ঘেরা। ধন্য সেই ব্যক্তি, যে দানশীলতা ও সদিচ্ছার মধ্য দিয়ে দুর্বলদের অন্ধকারে পথ দেখায়। কারণ, সে-ই সত্যিকার অর্থে তার ভাইয়ের রক্ষক এবং হারানো শিশুদের উদ্ধারকারী।’
ওই সংলাপে আরও বলা হয়, ‘যারা আমার ভাইদের বিষ প্রয়োগ করতে এবং ধ্বংস করে দিতে চাইছে, আমি তাদের ওপর প্রচণ্ড প্রতিশোধ ও ভয়ংকর ক্রোধ নিয়ে আঘাত করব। আর আমি যখন তোমাদের ওপর আমার প্রতিশোধ কার্যকর করব, তখন তোমরা জানবে, আমার নামই প্রভু।’
আর বুধবার প্রার্থনা অনুষ্ঠানে হেগসেথ বলেছেন, ‘ভূপাতিত বিমানচালকের চারপাশটা স্বার্থপরদের অন্যায় ও দুষ্টু মানুষের অত্যাচারে ছেয়ে থাকে। ধন্য সেই ব্যক্তি, যে সহযোদ্ধা হয়ে ও দায়িত্ববোধ থেকে অন্ধকারের ভেতর দিয়ে হারিয়ে যাওয়া মানুষদের পথ দেখায়। কারণ, সে-ই সত্যিকার অর্থে তার ভাইয়ের রক্ষক এবং হারানো মানুষের উদ্ধারকারী।’
হেগসেথ আরও বলেন, ‘আর যারা আমার ভাইকে বন্দী করতে ও ধ্বংস করতে চায়, আমি তাদের ওপর প্রচণ্ড প্রতিশোধ ও ভয়ংকর ক্রোধ নিয়ে আঘাত করব। আর আমি যখন তাদের ওপর প্রতিশোধ নেব, তখন তারা জানবে আমার কল সাইন হলো “স্যান্ডি ওয়ান”।’
পেন্টাগনের প্রেস সেক্রেটারি শন পারনেল গতকাল বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্বীকার করেন, প্রার্থনা বাণীটিতে পাল্প ফিকশনের সংলাপের অনুপ্রেরণা ছিল। যদিও অনুষ্ঠানে হেগসেথ এ কথা উল্লেখ করেননি।
এক্স পোস্টে পারনেল লিখেছেন, ‘যারা বলছে, প্রতিরক্ষামন্ত্রী ইজেকিয়েল ২৫:১৭–কে ভুলভাবে উদ্ধৃত করেছেন, তারা ভুয়া তথ্য ছড়াচ্ছে এবং বাস্তবতা সম্পর্কে অজ্ঞ।’