সেপ্টেম্বরে ভারত সফর করবেন বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সেপ্টেম্বরে ভারত সফর করবেন। গত বৃহস্পতিবার বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক প্রতিনিধি এমন তথ্য জানিয়েছেন। তাঁর মতে, ২০২৩ সালটি ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি ‘উল্লেখযোগ্য বছর’ হতে যাচ্ছে।
ডোনাল্ড লু নামের ওই কর্মকর্তা বলেন, ‘ভারত জি-২০–তে সভাপতিত্ব করছে। আর চলতি বছর যুক্তরাষ্ট্র এপেকে সভাপতিত্ব করছে। জাপান আয়োজন করবে জি-৭। আমাদের এখানে বিপুলসংখ্যক কোয়াড সদস্য আছে, যারা নেতৃত্বে আছে। আর এর মধ্য দিয়ে আমাদের দেশগুলোকে আরও কাছাকাছি আনতে আমাদের জন্য সুযোগ তৈরি হবে।’
ডোনাল্ড লু আরও বলেন, ‘আমি জানি, আমাদের প্রেসিডেন্ট সেপ্টেম্বরে ভারত সফরে যাওয়ার কথা ভাবছেন। জি-২০ নেতাদের সম্মেলনের অংশ হিসেবে এটি হবে ভারতে তাঁর প্রথম সফর। আগামী কয়েক মাসে কী হতে যাচ্ছে, তা নিয়ে আমরা সত্যিকার অর্থে উত্তেজনার মধ্যে আছি। নতুন এ বছরটির তিন মাসের সামান্য কিছু বেশি সময় আমরা পার করেছি। ইতিমধ্যে কয়েকটি দারুণ বিষয় ঘটে গেছে।’