বাংলাদেশের ‘ট্রাম্প’কে নিয়ে ট্রাম্পের পোস্টটি ভুয়া

বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি খামারে থাকা অ্যালবিনো মহিষ সম্প্রতি আলোচনার কেন্দ্রে আসে এর নামকরণ নিয়ে। প্রায় ৭০০ কেজি ওজনের গোলাপি রঙের এই মহিষের নাম দেওয়া হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।

ঈদুল আজহাকে সামনে রেখে মহিষটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। দেশের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যম, এমনকি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমেও আসে ‘বাংলাদেশের ট্রাম্প’–এর খবর।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক

আরও পড়ুন

এর মধ্যেই ভারতীয় সংবাদমাধ্যম প্রথম কলকাতা একটি ফটোকার্ড প্রকাশ করে দাবি করে, বাংলাদেশের ভাইরাল হওয়া মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্বয়ং। পোস্ট করা ফটোকার্ডটির ক্যাপশনে ছিল ‘বাংলাদেশের বিখ্যাত মহিষের ছবি পোস্ট করে মজার প্রতিক্রিয়া ট্রাম্পের’।

লিংক: এখানে

ফটোকার্ডটিতে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের একটি পোস্টের স্ক্রিনশট দেখানো হয়। সেখানে দাবি করা হয়, ট্রাম্প রয়টার্সের প্রকাশিত একটি সংবাদ শেয়ার করে লিখেছেন—‘বাংলাদেশে এখন “ডোনাল্ড ট্রাম্প” নামের একটি মহিষ আছে। খুবই শক্তিশালী মহিষ, ভীষণ বিখ্যাত মহিষ—সম্ভবত এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত মহিষ! এমনকি রয়টার্সও এ নিয়ে কথা বলছে। মানুষ এটি খুব পছন্দ করছে, সবাই বিস্মিত। অনেকে বলছেন, মহিষটির চুল দারুণ—হয়তো আমার চেয়ে ভালো, আবার হয়তো না, কে জানে! এত অসাধারণ একটি প্রাণী তৈরি করার জন্য বাংলাদেশকে অভিনন্দন। বিশাল সফলতা!’

প্রথম কলকাতার ফেসবুক পোস্টে মন্তব্যের ঘরে সানাউল সানী নামের একজন লিখেছেন, ‘মহিষের মালিক সফল। তার মহিষের কারণে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত পৌঁছাতে পেরেছে। ধন্যবাদ।’

সোহেল হাসান নামের একজন মন্তব্য করেছেন, ‘যাহোক, অবশেষে ডোনাল্ড ট্রাম্পেরও নজরে এল। তার মানে বাংলাদেশ এখন খবরের শিরোনামে টপ লেভেলে আছে।’

আজ রোববার বিকেল পর্যন্ত পোস্টটিতে ৬ হাজার ২০০-এর বেশি প্রতিক্রিয়া পড়েছে। অনেকেই ফটোকার্ডটি শেয়ার ও রিপোস্ট করছেন।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক

যাচাই করে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ২৩ মে ২০২৬ তারিখে এমন কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। শুধু তা–ই নয়, ভাইরাল স্ক্রিনশটে ব্যবহৃত প্রোফাইল ছবিটিও ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্রোফাইলের সঙ্গে মিলছে না। বরং সেটি তার এক্স অ্যাকাউন্টের ছবির সঙ্গে কিছুটা সাদৃশ্যপূর্ণ। কিন্তু এক্স প্ল্যাটফর্মেও ট্রাম্পের এমন কোনো পোস্ট পাওয়া যায়নি।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক

এ ছাড়া ভাইরাল স্ক্রিনশটটিতে একটি অস্বাভাবিক বিষয় দেখা যায়। সেখানে পোস্টের ওপরে ও নিচে দুই জায়গায় আলাদাভাবে তারিখ ও প্রকাশের সময় দেখানো হয়েছে। অথচ ট্রুথ সোশ্যালের আসল পোস্টগুলোর ডিজাইনে এমনটি দেখা যায় না।

যদি ট্রাম্প সত্যিই এ ধরনের পোস্ট করতেন, তাহলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে তা নিয়ে সংবাদের কথা। কিন্তু নির্ভরযোগ্য কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এমন কোনো খবর পাওয়া যায়নি।

তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ২২ মে বাংলাদেশের এই মহিষ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই সূত্র ব্যবহার করেই মূলত ট্রাম্পের নামে পোস্টটি তৈরি করা হয়েছে।

লিংক: এখানে

সুতরাং বাংলাদেশের ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন, এমন দাবিটি ভুয়া।

আরও পড়ুন