ক্যালিফোর্নিয়ায় তুষারধস: নিখোঁজ ৯ স্কিয়ারের মধ্যে আটজনের মরদেহের সন্ধান

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদা পর্বতমালায় তুষারধসের পর নিখোঁজ স্কিয়ারদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকারী দলের যাত্রার দুটি স্থানের একটি ট্রাকির অ্যালডার ক্রিক অ্যাডভেঞ্চার সেন্টারের প্রবেশপথে সাইনবোর্ড। ১৮ ফেব্রুয়ারি ২০২৬ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লেক তাহো অঞ্চলের দুর্গম এলাকায় তল্লাশি চালিয়ে নিখোঁজ নয়জন স্কিয়ারের মধ্যে আটজনের মরদেহের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে উদ্ধারকারী দল। গত মঙ্গলবার তুষারধসের একটি ঘটনায় তাঁরা নিখোঁজ হয়েছিলেন।

নেভাদা কাউন্টির শেরিফ শ্যানন মুন গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, এখনো নিখোঁজ থাকা শেষ স্কিয়ারের সন্ধানে অভিযান চলছে। তবে তিনিও মৃত বলে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ব্যক্তিদের একজন ছিলেন উদ্ধারকারী দলেরই এক সদস্যের দাম্পত্যসঙ্গী। ফলে উদ্ধারকাজ চালিয়ে যাওয়াটা মানসিকভাবে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ক্যাসেল পিক এলাকায় ‘ফুটবল মাঠের’ সমান আকারের ওই তুষারধস হয়। এতে ১৫ জন স্কিয়ারের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। তাঁদের মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তারা জানান, মৃত আটজন স্কিয়ারের মরদেহ এখনো তুষারের নিচে আটকে আছে। পরিস্থিতি ‘খুবই ভয়াবহ’ হওয়ায় এখনই তাঁদের মরদেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

প্লেসার কাউন্টির শেরিফ ওয়েন উ গতকাল বলেন, ‘অত্যন্ত কঠিন এ সময়ে আমি পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি।’

কর্মকর্তারা জানান, মৃত আটজন স্কিয়ারের মরদেহ এখনো তুষারের নিচে আটকে আছে। পরিস্থিতি ‘খুবই ভয়াবহ’ হওয়ায় এখনই তাঁদের মরদেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

তাহো ন্যাশনাল ফরেস্টের সুপারভাইজার ক্রিস ফিউট্রিয়ার বলেন, তুষারধসের পর ওই এলাকায় আরও ৩ ফুট (শূন্য দশমিক ৯ মিটার) তুষারপাত হয়েছে। তিনি বলেন, ‘(সেখানে) ঝুঁকি এখনো অনেক বেশি।’

মরদেহগুলো উদ্ধারের পর সেগুলো প্লেসার কাউন্টির মর্গে নিয়ে যাওয়া হবে।

নিহত ব্যক্তিদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তবে কর্তৃপক্ষ এখনো তাঁদের কারোরই নাম প্রকাশ করেনি।

সিয়েরা নেভাদা পর্বতমালায় তুষারধসের ঘটনায় স্কিয়ার নিখোঁজ হওয়ার পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন নেভাদা কাউন্টির শেরিফ শ্যানন মুন। ক্যালিফোর্নিয়ার নেভাদা সিটিতে শেরিফ কার্যালয়ে। ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: রয়টার্স

শেরিফ উ জানান, দুটি দলের সমন্বয়ে যৌথভাবে এই উদ্ধার অভিযান চালানো হয়। এ ঘটনায় প্রায় ৫০ জন কর্মী অংশ নেন। বিশেষ সরঞ্জাম ব্যবহার করে ‘চরম প্রতিকূল আবহাওয়া’ পাড়ি দিয়ে তাঁদের কাজ করতে হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে অনুসন্ধানকারীরা দুর্ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছান। (তুষারধস থেকে) বেঁচে ফেরা ব্যক্তিরা যেখানে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন; সেখান থেকে অনুসন্ধানকারীরা প্রায় দুই মাইল (৩.২ কিমি.) দূরে ছিলেন। সেখান থেকে স্কি করে তাঁদের কাছে যেতে হয়।

শেরিফ মুন জানান, জীবিত উদ্ধার ছয়জনের মধ্যে দুজনকে বয়ে নিয়ে আসতে হয়েছে। তুষারধসের সময় আঘাত পাওয়ায় তাঁরা হাঁটতে পারছিলেন না। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে, তবে জখম প্রাণঘাতী নয়।

জীবিত ব্যক্তিদের মধ্যে একজন গাইড ও পাঁচজন ব্ল্যাকবার্ড মাউন্টেন গাইডেড ট্যুরের গ্রাহক ছিলেন।

ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদা পর্বতমালার দুর্গম এলাকায় তুষারধসের কবলে পড়া স্কিয়ারদের উদ্ধারে রওনা হওয়া একটি উদ্ধারকারী দলের ভিডিও থেকে নেওয়া ছবি। ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: রয়টার্স

পুরো স্কি দলটিতে ১১ জন শৌখিন স্কিয়ার ও ৪ জন স্কি গাইড ছিলেন। তিন দিনের ভ্রমণ শেষে ফেরার পথে মঙ্গলবার ওই তুষারধসের ঘটনা ঘটে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয় এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, স্থানীয় জরুরি দলগুলোর সঙ্গে সমন্বয় করে অঙ্গরাজ্য কর্তৃপক্ষ সর্বাত্মক অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গতকালও সেখানকার পরিস্থিতি বিপজ্জনক ছিল। শেরিফ উ স্থানীয় আবহাওয়া পরিস্থিতিকে ‘অননুমেয়’ বলে বর্ণনা করেছেন।

শেরিফ উ বলেন, ‘দুর্গম এলাকাগুলো এড়িয়ে চলুন। মরদেহগুলো পরিবারের জন্য উদ্ধার করে এবং তাঁদের বাড়ি ফিরিয়ে আনতে আমাদের পূর্ণ সক্ষমতার ওপর মনোনিবেশ করতে দিন।’

দুর্ঘটনাস্থলের কাছেই বোরিয়াল মাউন্টেন স্কি রিসোর্ট অবস্থিত। সেখানে মঙ্গলবার থেকে ৩০ ইঞ্চির (৭৬ সেমি.) বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে ঝোড়ো বাতাস ও দৃষ্টিসীমা কমে যাওয়ায় এদিন রিসোর্টটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই ঝড়ের কারণে (ক্যালিফোর্নিয়ার) ‘ইন্টারস্টেট ৮০’ এবং ‘হাইওয়ে ৫০’সহ বেশ কয়েকটি মহাসড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।