হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হচ্ছেন কেটি জাকারাইয়া
হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে কেটি জাকারাইয়াকে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বর্তমানে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপে কর্মরত আছেন কেটি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেলে তিনি হবেন ডোনাল্ড ট্রাম্পের দুই মেয়াদের ষষ্ঠ প্রধান মুখপাত্র।
কেটি এর আগে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) মুখপাত্র হিসেবে সংক্ষিপ্ত সময় দায়িত্ব পালন করেছিলেন।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল শুক্রবার দেওয়া এক পোস্টে কেটিকে ‘অনুগত’ এবং ‘ম্যাগা বা মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন প্রচারণার একজন নিবেদিতপ্রাণ সমর্থক ও সদস্য’ হিসেবে উল্লেখ করেন।
গত আগস্টে দায়িত্ব ছেড়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। খবর অনুযায়ী, তিনি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে চাকরি নিয়েছেন।
নতুন প্রেস সেক্রেটারি হিসেবে কেটির নাম জানিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‘তিনি এর আগে আমার প্রচার কাজে যুক্ত ছিলেন। নির্বাচনে প্রধান প্রধান দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় ভূমিকা রেখেছেন। সাতটি অঙ্গরাজ্যের সাতটিতেই আমরা জিতেছি।’
‘আমি নিশ্চিত, হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে কেটি দেশের জন্য চমৎকার ফলাফল বয়ে আনবেন। কারণ, সংবাদমাধ্যম, মার্কিন জনগণ ও আমার প্রশাসনের কাছে যেমন তিনি শ্রদ্ধার পাত্র, তেমনি তাদের সবার সঙ্গেই তিনি অত্যন্ত চমৎকারভাবে কাজ করবেন’—লিখেছেন ট্রাম্প।
ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন কেটি। লিখেছেন, ‘দেশের ২৫০ বছরের ইতিহাসের এ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন জনগণের সেবা করাটা আমার জীবনের এক পরম সম্মান।’
‘ট্রাম্প আমেরিকাকে দেখিয়েছেন, আমরা আবারও মহান হয়ে উঠতে পারি। সেটাকে বাস্তবে রূপ দিতে তিনি প্রতিদিন কাজ করে যাচ্ছেন’—লিখেন কেটি।
কেটি আরও লিখেছেন, ‘হোয়াইট হাউসের প্রেস কোর এবং সারা দেশের সাংবাদিকদের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।’
৪২ বছর বয়সী কেটি একজন রাজনৈতিক কৌশলবিদ ও রক্ষণশীল ভাষ্যকার। নিউজম্যাক্স ও ফক্স নিউজে কাজ করেছেন তিনি। দীর্ঘ সময় ধরে তিনি রিপাবলিকান পার্টির রাজনীতিতে যুক্ত।
রিপাবলিকান দলের জাতীয় কমিটিতে ইন্টার্ন করেছেন কেটি। ২০০৬ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে হোয়াইট হাউসের রাজনীতিবিষয়ক দপ্তরে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর।
গত জুনে ট্রাম্পের মিডিয়া কোম্পানি এবং ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জ্যেষ্ঠ যোগাযোগ উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন কেটি। কেটির লিংকডইনে এখনো এ পরিচয় দেওয়া রয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিতে (ডিএইচএস) কাজ করেছেন তিনি।