রোলার কোস্টারে তিন ঘণ্টা ঝুলে থাকার পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোলার কোস্টারে ঝুলে আছেন আট দর্শনার্থী
ছবি: ভিডিও থেকে নেওয়া

শহরে বসেছে মেলা। বন্ধু নয়তো পরিবার–পরিজন নিয়ে সে মেলায় গিয়েছিলেন তাঁরা আটজন। মেলা প্রাঙ্গণে আরও অনেকের সঙ্গে রোলার কোস্টারে উঠেছিলেন। তবে কারিগরি ত্রুটির কারণে মাঝপথে রোলার কোস্টার আটকে যায়। এরপর ঝুলন্ত অবস্থায় তাঁদের আটকে থাকতে হয় তিন ঘণ্টা।

গত রোববার যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ক্রানডন শহরে ‘ফরেস্ট কাউন্টি ফেস্টিভ্যাল’ নামের এক মেলা প্রাঙ্গণে ঘটেছে এ ঘটনা। এই মেলার আয়োজন করেছে ফরেস্ট কাউন্টি কর্তৃপক্ষ।

ক্রানডন অগ্নিনির্বাপণ বিভাগের ক্যাপ্টেন ব্রেনান কুক জানান, রোলার কোস্টার ওপর দিকে থাকা অবস্থায় কারিগরি ত্রুটির কারণে মাঝপথে আটকে যায়। এতে করে আটকা পড়েন আট দর্শনার্থী।

ঘটনাটির ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, রোলার কোস্টারে ঝুলে আছেন সেই আট দর্শনার্থী। উদ্ধারকর্মীরা তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। উচ্চতা বেশি থাকায় ক্রানডন ছাড়া আরও তিনটি শহরের উদ্ধারকর্মীরা এই অভিযানে অংশ নেন।

পার্শ্ববর্তী অ্যান্টিগো শহরের অগ্নিনির্বাপণ বিভাগের এরিকা কোসটিকা বলেন, ‘আমাদের এ ধরনের অভিজ্ঞতা এটাই প্রথম। আটকে পড়া ব্যক্তিদের নিরাপদভাবে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করেছি আমরা।’

দর্শনার্থীরা রোলার কোস্টারে আটকা পড়ার প্রায় পৌনে এক ঘণ্টা পর ঘটনাস্থলে বড় মই নিয়ে আসে বিশেষ ধরনের একটি ট্রাক। সঙ্গে আনা হয় বিশেষ ধরনের যন্ত্র ও সরঞ্জাম। উদ্ধার অভিযানে ক্রানডনের অগ্নিনির্বাপণ বিভাগকে সহযোগিতা করতে আসেন আশপাশের তিন শহরের উদ্ধারকর্মীরা।

প্রায় দুই ঘণ্টা পর আটকে পড়া ব্যক্তিদের একজনকে নামাতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। এরও এক ঘণ্টা পর রোলার কোস্টারে আটকে পড়া শেষ দর্শনার্থীকে উদ্ধার করেন তাঁরা।

ক্রানডনসহ আশপাশের তিনটি শহরের অগ্নিনির্বাপণ বিভাগ যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, রোলার কোস্টারটি অনেক উঁচুতে থাকা অবস্থায় আটকে যায়। এ জন্য বিশেষ ধরনের যন্ত্র–সরঞ্জাম ও বিশেষজ্ঞ উদ্ধারকারী প্রয়োজন ছিল। তাই আটকে পড়া দর্শনার্থীদের উদ্ধার করতে সময় বেশি লাগে।