ট্রাম্পের জন্য ‘সোনালি সিংহাসন’, মাঝখানে বসার জন্য টয়লেট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের সংস্কারকাজের সমালোচনা করে ওয়াশিংটনের ন্যাশনাল মলে বিশালাকার একটি সিংহাসন বসানো হয়েছে। এ সিংহাসনের মাঝখানে রয়েছে একটি সোনালি টয়লেট।
দেখলে মনে হয় যেন মার্বেল ও সোনা দিয়ে তৈরি করা হয়েছে এই সিংহাসন। সিংহাসনে বসার আসনের পরিবর্তে একটি টয়লেট বসানো হয়েছে। সেখানে একটি ফলক লাগানো আছে যাতে লেখা, ‘রাজার উপযুক্ত সিংহাসন।’
সিংহাসনের ফলকটিতে আরও লেখা রয়েছে, ‘নজিরবিহীন বিভাজন, বাড়তে থাকা সংঘাত এবং অর্থনৈতিক অস্থিরতার এই সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প সেই বিষয়ের ওপর মনোযোগ দিয়েছেন, যা সত্যিই গুরুত্বপূর্ণ—হোয়াইট হাউসের লিংকন বাথরুমটি নতুন করে সাজানোর ওপর গুরুত্ব দিচ্ছেন। এটি এমন একজন অটল স্বপ্নদ্রষ্টার প্রতি শ্রদ্ধাঞ্জলি, যিনি সমস্যাকে উপেক্ষা করে চলেছেন এবং বাথরুমটিকে সোনালি রঙে রাঙিয়ে দিয়েছিলেন।’
গত বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প হোয়াইট হাউস এবং বৃহত্তর ওয়াশিংটনে ব্যাপক সংস্কারকাজ চালিয়ে যাচ্ছেন। লিংকন বেডরুমের সংলগ্ন বাথরুমটি সংস্কার করার পাশাপাশি তিনি ওভাল অফিসে প্রচুর সোনালি কারুকাজ যুক্ত করেছেন। একটি বলরুম তৈরির জন্য হোয়াইট হাউসের ‘ইস্ট উইং’ বা পূর্ব অংশটি ভেঙে ফেলেছেন। তিনি কেনেডি সেন্টার পারফর্মিং আর্টস ভেন্যুটি পুনর্নির্মাণের পরিকল্পনা করছেন।
হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল ই–মেইলে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ট্রাম্প হোয়াইট হাউস এবং আমাদের রাজধানীকে আগের চেয়ে আরও সুন্দর করে তুলছেন।’
প্রেসিডেন্টকে কটাক্ষ করে বানানো সিংহাসন নিয়ে মন্তব্যের অনুরোধে ইঙ্গল বলেন, ‘প্রেসিডেন্ট আমেরিকান জনগণের স্বার্থে কাজ করছেন। বিশাল জনমতে নির্বাচিত হয়ে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করা থেকে তিনি কখনোই পিছু হটবেন না।’
ট্রাম্পকে কটাক্ষ করে বানানো এই সিংহাসনের সঙ্গে টয়লেট পেপারের একটি রোল রয়েছে, যাতে লেখা আছে, ‘দ্য সিক্রেট হ্যান্ডশেক।’
মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, এই একই নামের একটি দল এর আগে ট্রাম্প ও প্রয়াত কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের হাত ধরে থাকার একটি মূর্তি তৈরির কথা স্বীকার করেছিল। বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে দলটির সঙ্গে যোগাযোগ করতে পারেনি।