শিক্ষকের ভূমিকায়ও আসতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সস্তা শ্রম বেচে আমরা এখন যা পাই, তার প্রায় সবই কিছুদিনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে উন্নত দেশের প্রযুক্তি-দৈত্যদের কাছে চলে যাবে
ছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত উন্নয়ন ও মানুষের জীবন গঠনে এর ভূমিকা নিয়ে নানা বিতর্ক হচ্ছে। সম্প্রতি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে তাঁর ধারণার কথা তুলে ধরেছেন। একই সঙ্গে পূর্বাভাস দিয়ে বলেছেন, আগামী কয়েক বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা যেকোনো মানুষের মতোই একজন ভালো শিক্ষক হয়ে উঠবে।

বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শিশুদের পড়তে ও লিখতে শেখাবে। আগামী দেড় বছরের মধ্যেই এ পর্যায়ে চলে আসবে কৃত্রিম বুদ্ধিমত্তার স্তর। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সান দিয়াগো শহরে ডিজিটাল শিক্ষাবিষয়ক এক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বিল গেটস। সেখানে তিনি বলেন, ‘প্রথম দিকে কৃত্রিম বুদ্ধিমত্তা পড়া, গবেষণা পাঠে সহযোগী ভূমিকা ও লেখায় মতামত দেওয়ার মতো বিষয়ে কীভাবে সহায়তা করে, তা দেখে আমরা সবচেয়ে অবাক হয়ে যাব।’ বিল গেটসের ওই বক্তৃতার একটি প্রতিলিপি তাঁর ওয়েবসাইট ‘গেটস নোটসে’ প্রকাশিত হয়েছে।

বিল গেটস বলেন, আগামী ১৮ মাসের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষকের সহকারী হিসেবে ও লেখার ক্ষেত্রে মতামত দেওয়ার কাজে ব্যবহার হতে দেখা যাবে। এরপর গণিতের ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়তে দেখা যাবে। গণিতের বাধা দূর করতে সামগ্রিক ব্যবস্থায় কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা মানানসই হতে পারে এবং শিক্ষকেরা কীভাবে এর সঙ্গে মানিয়ে নিতে পারেন, সে বিষয়টি দেখা হবে।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই চ্যাটজিপিটি ও গুগল বার্ড তৈরি করেছে। কৃত্রিম বুদ্ধিমান এসব প্রোগ্রাম এখন মানুষের বুদ্ধির সঙ্গে কিছু ক্ষেত্রে প্রতিযোগিতা করছে। বিল গেটস বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবটগুলো ব্যবহারে খরচ লাগতে পারে। তবে শিক্ষকের পেছনে প্রচলিত ব্যয়ের তুলনায় কৃত্রিম বুদ্ধিমান শিক্ষকের খরচ কম হবে।

বিল গেটস আরও বলেন, ‘বর্তমানে আমাদের কাছে অনেক ভালো সফটওয়্যার রয়েছে। এগুলো যদি পুরোপুরি গ্রহণ করা যায়, তবে গণিতের ক্ষেত্রে ফলাফল আরও ভালো করা যাবে। গত দুই দশকে গণিতের ক্ষেত্রে যে উন্নতি হয়েছে, তার চেয়ে ভালো ফল আসবে।’ তিনি আরও বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়াও শিক্ষাপ্রযুক্তির উন্নতি নিয়ে আমি আশাবাদী।’

বিল গেটস গত মাসেও এক ব্লগ পোস্টে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অগ্রগতি বলে উল্লেখ করেন। তিনি ওপেনএআইয়ের জিপিটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে বৈপ্লবিক উদ্ভাবন হিসেবে মন্তব্য করেন।

বিল গেটস তাঁর লেখায় তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। তাঁর মতে, কর্মশক্তি, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে রূপান্তর ঘটাতে সক্ষম হবে এআই। তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, শিক্ষার্থীদের শেখার শৈলী অনুসারে তৈরি বিষয়বস্তু সরবরাহ করে শিক্ষাকে রূপান্তর করতে সক্ষম হবে কৃত্রিম বুদ্ধিমত্তা।