‘চীন, ভারত অথবা অন্য কোনো নরককুণ্ড’—কেন এমন বর্ণবাদী পোস্ট শেয়ার করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেডিও উপস্থাপক মাইকেল স্যাভেজের একটি চিঠি শেয়ার করেছেন। সেখানে ভারত, চীন ও অন্যান্য দেশকে ‘নরককুণ্ড’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব আইনের পরিবর্তনের দাবি জানিয়ে করা এক বর্ণবাদী বক্তব্যে স্যাভেজ দাবি করেন, এশীয় দেশগুলোর মানুষ ‘সন্তান জন্ম দিতে নবম মাসে’ যুক্তরাষ্ট্রে আসে। বর্তমান আইন তাদের ‘তাত্ক্ষণিকভাবে’ মার্কিন নাগরিক বানিয়ে দেয়।
স্যাভেজ ওই চিঠিতে লেখেন, এখানে জন্ম নেওয়া একটি শিশু সঙ্গে সঙ্গে মার্কিন নাগরিক হয়ে যায়। আর তারপর তারা চীন, ভারত বা পৃথিবীর অন্য কোনো ‘নরকভূমি’ থেকে তাদের পুরো পরিবারকে নিয়ে আসে।
সিবিএসসির সঙ্গে এক সাক্ষাৎকারে ‘যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের আর কোনো দেশে জন্মগত নাগরিকত্ব নেই’—এমন মিথ্যা দাবি করার একদিন পর ট্রাম্প তাঁর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে স্যাভেজের এই বর্ণবাদী বক্তব্যটি শেয়ার করেন।
বাস্তবতা হলো, বিশ্বের প্রায় তিন ডজন দেশে তাদের মাটিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব দেওয়া হয়। যার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার অধিকাংশ দেশ অন্তর্ভুক্ত রয়েছে।