চীনগামী ২৬ ফ্লাইট বাতিল যুক্তরাষ্ট্রের
করোনা সংক্রমণ নিয়ে কয়েকটি মার্কিন এয়ারলাইনসের ২৬টি ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত জানায় চীন সরকার। এর পাল্টা জবাবে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র চারটি চীনা প্রতিষ্ঠানের ২৬টি চীনগামী ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে।
আগামী ৫ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে এসব ফ্লাইট চীনে যাওয়ার কথা ছিল। এর মধ্য শিয়ামেন, এয়ার চায়না, চায়না সাউদার্ন এয়ারলাইনস ও চায়না ইস্টার্ন এয়ারলাইনসের ফ্লাইট রয়েছে।
যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ জানায়, সম্প্রতি করোনার কারণ দেখিয়ে আমেরিকান এয়ারলাইনস, ডেল্টা এয়ারলাইনস এবং ইউনাইটেড এয়ারলাইন্সের ২৬ ফ্লাইট বাতিল করে চীন। মার্কিন পরিবহন বিভাগ বলেছে, গত ৭ আগস্ট চীনা কর্তৃপক্ষ তাদের নীতিমালা পরিবর্তন করে। তাতে বলা হয়, যদি চীনগামী মোট যাত্রীর ৪ শতাংশ যদি করোনা পজিটিভ হয় তবে একটি ফ্লাইট নিষিদ্ধ হবে। যদি ৮ শতাংশ পজিটিভ হয় তবে দুটি ফ্লাইট নিষিদ্ধ হবে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, এতে বিমান সংস্থাগুলোর ওপর অযৌক্তিক দোষ চাপিয়েছে চীনা কর্তৃপক্ষ। বেইজিং এবং ওয়াশিংটন মহামারি শুরু হওয়ার পর থেকে বিমান পরিষেবা নিয়ে পরস্পরের বিরুদ্ধে দোষারোপ চালিয়ে আসছে।