আইওয়ায় বিস্ফোরণ: ‘শুধু ধুপধাপ শব্দ হচ্ছিল! জানালা কেঁপে উঠছিল আর কুকুরগুলো করছিল ঘেউ ঘেউ’
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে সেনাবাহিনীর একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ অভিযানের পর বাতাসে বিষাক্ত সিসার ধুলা ছড়িয়েছে কি না, তা পরীক্ষা করতে বিভিন্ন এলাকায় যাচ্ছেন সরকারি কর্মকর্তা ও বিজ্ঞানীরা। বিপজ্জনক হয়ে ওঠা বিস্ফোরকের মজুত ধ্বংস করতে ওই বিস্ফোরণ ঘটানো হয়। এর পর থেকেই পুরো অঞ্চলে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
স্থানীয় সময় বুধবার সকাল ৯টায় (বাংলাদেশ সময় গতরাতে) মিডলটাউনে আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে বিস্ফোরণটি ঘটানো হয়। এতে বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। আকাশে কয়েক শ ফুট উঁচুতে ধূসর ও সাদা ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। আধা মাইল দূর থেকে বিস্ফোরণ পর্যবেক্ষণ করা সাংবাদিকেরা দেখেন, বিস্ফোরক রাখা কংক্রিটের বাংকারগুলো থেকে ধ্বংসাবশেষ উড়ে যাচ্ছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিষাক্ত সিসা শনাক্ত করতে সক্ষম চারটি বায়ু পর্যবেক্ষণ যন্ত্র থেকে তাৎক্ষণিক তথ্য পাওয়া গেছে। ওই প্ল্যান্টের আশপাশে দূষিত পদার্থের উপস্থিতি পর্যবেক্ষণে আরও কয়েক ডজন স্থানে বাতাসের নমুনা সংগ্রহ করা হবে।
বিস্ফোরণে কয়েক মাইল দূরের বাড়িঘরের জানালাও কেঁপে ওঠে। আশপাশের শহরে শব্দটি অনেকটা মেঘের গর্জনের মতো শোনায়। এর আগে বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যেতে অথবা ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) জানিয়েছে, প্রাথমিক পর্যবেক্ষণে বিস্ফোরণস্থলের বাইরে বিষাক্ত ধুলা ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়নি। সেনাবাহিনীর কর্মকর্তারাও বলেছেন, ঝুঁকি কমাতে নেওয়া পদক্ষেপগুলো সফল হয়েছে। তবে বিস্ফোরণে বাংকারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যা প্রত্যাশিতই ছিল।
যুক্তরাষ্ট্রের আর্মি সাসটেইনমেন্ট কমান্ডের প্রধান মেজর জেনারেল এরিক শার্লি বলেছেন, ‘নিয়ন্ত্রিত এ বিস্ফোরণ প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে।’
সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে এরিক শার্লি বলেন, ‘দ্বিতীয় কোনো বিস্ফোরণ ঘটেনি। বিস্ফোরণের ধাক্কায় কোনো উপাদান বাইরে ছিটকে আসেনি।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অভিযানের প্রশংসা করেছেন। তবে ইপিএর প্রশাসক লি জেলডিন সিএনএনকে বলেছেন, বিস্ফোরণের পর কোন ধরনের প্রভাব পড়েছে, তা পুরোপুরি মূল্যায়ন করতে কেন্দ্রীয় সরকারের আরও সময় প্রয়োজন।
গতকাল প্রকাশিত ইপিএর প্রাথমিক তথ্য অনুযায়ী, সিসা শনাক্ত করতে সক্ষম চারটি বায়ু পর্যবেক্ষণ যন্ত্র থেকে তাৎক্ষণিক তথ্য পাওয়া গেছে। ওই প্ল্যান্টের আশপাশে দূষিত পদার্থের উপস্থিতি পর্যবেক্ষণে আরও কয়েক ডজন স্থানে বাতাসের নমুনা সংগ্রহ করা হবে।
জনসাধারণের তীব্র প্রতিবাদ ও আদালতে চ্যালেঞ্জ জানানোয় গত শুক্রবার বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা আটকে যায়। এরপরই ঝুঁকি কমানোর কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে এর আগেই বাংকারগুলোর ধাতব দরজা খুলে ফেলেছিল সামরিক বাহিনী।
গতকাল জেলডিন নিশ্চিত করেন, জনসাধারণের আপত্তির মুখে বিস্ফোরণ পিছিয়ে যাওয়ার পর সরকার নিরাপত্তার জন্য আরও ব্যাপক ব্যবস্থা নেয়। তিনি সিএনএনকে বলেন, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার পুরো উদ্যোগের দায়িত্ব নেন। সিসাযুক্ত ধোঁয়া বা ধুলার ঝুঁকি কীভাবে কমানো যায়, তা নিয়ে শনিবার গভীর রাতেও বিভিন্ন সংস্থার প্রধানেরা টেলিফোনে আলোচনা করেন।
সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সেক্রেটারি অ্যাডাম আর টেলে জানান, অতিরিক্ত ব্যবস্থার মধ্যে ছিল পানিভর্তি ট্যাংকের সারি স্থাপন এবং সিসার ধুলা ছড়িয়ে পড়া ঠেকাতে ফোমের দেয়াল তৈরি।
তবে শেষ মুহূর্তে এসব ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সমালোচকদের উদ্বেগ আরও বেড়ে যায়। তাঁদের অভিযোগ, পুরো প্রক্রিয়ায় বিশৃঙ্খলা ছিল এবং তথ্য প্রকাশে স্বচ্ছতার অভাব দেখা গেছে।
নিয়ন্ত্রিত এ বিস্ফোরণ প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। দ্বিতীয় কোনো বিস্ফোরণ ঘটেনি। বিস্ফোরণের ধাক্কায় কোনো উপাদান বাইরে ছিটকে আসেনি।
আইওয়ার নবনির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর রব স্যান্ড গতকাল এক বিবৃতিতে বলেন, বিস্ফোরণ যতটা সম্ভব নিরাপদ করতে যাঁরা কাজ করেছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ। তবে তাঁর ভাষায়, ‘বিস্ফোরণের আগের পুরো প্রক্রিয়া এতটা বিশৃঙ্খল ও অস্পষ্ট হওয়া উচিত ছিল না। আইওয়ার বিভিন্ন এলাকার মানুষ স্বাভাবিকভাবে উদ্বিগ্ন ও ভীত। কীভাবে এবং কেন পরিস্থিতি এমন বিশৃঙ্খল হলো, তা বুঝতে অবিলম্বে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।’
প্রায় ১০ হাজার পাউন্ড (৪ হাজার ৫৩৫ কেজি) নষ্ট হতে থাকা লেড অ্যাজাইড ধ্বংসের সিদ্ধান্তের মধ্য দিয়ে কয়েক বছরের প্রশাসনিক জটিলতার অবসান ঘটল। সামরিক বাহিনীর ডেটোনেটরে (বিস্ফোরক সক্রিয় করার যন্ত্র) বিস্ফোরণের সূত্রপাত ঘটাতে এ রাসায়নিক যৌগ ব্যবহার করা হয়। অন্তত ২০০৯ সাল থেকে মাটিচাপা কংক্রিটের বাংকারে এসব রাসায়নিক রাখা ছিল।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, গত মার্চে তাঁরা জানতে পারেন, ড্রামগুলোর ভেতরে থাকা রাসায়নিক এতটাই নষ্ট হয়ে গেছে যে সেগুলো নিরাপদে সরানো, এমনকি খোলাও সম্ভব নয়। তাঁদের আশঙ্কা ছিল, শীতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেলে রাসায়নিকের স্ফটিকগুলো ফেটে যেতে পারে। এতে অনিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটার ঝুঁকি আছে।
এদিকে বিজ্ঞানীরা বিস্ফোরণের পর আইওয়ার বিভিন্ন এলাকায় বাতাস ও মাটির নমুনা পরীক্ষা করতে বেরিয়ে পড়েন। অন্যদিকে সেনাসদস্যরা বাড়ি বাড়ি গিয়ে কারখানার কাছাকাছি বসবাসকারী মানুষের খোঁজখবর নেন। বিস্ফোরণস্থল পরীক্ষা করতে ওড়ানো হয় ড্রোনও।
কারখানা থেকে প্রায় এক মাইল দূরে বসবাস করেন লিন্ডা রস। বিস্ফোরণের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, ‘শুধু ধুপধাপ শব্দ হচ্ছিল! জানালা কেঁপে উঠছিল আর কুকুরগুলো করছিল ঘেউ ঘেউ।’
লিন্ডা রস ও তাঁর স্বামী ২৪ ঘণ্টা ঘরের ভেতরে থাকার পরিকল্পনা করেছেন। এরপর বাইরে গিয়ে তাঁদের মুরগিগুলোর খোঁজ নেবেন।
আইওয়ার মাউন্ট হ্যামিল এলাকায় বিস্ফোরণের ধোঁয়া যেদিকে যাওয়ার আশঙ্কা ছিল, সেদিকেই থাকেন গ্যাভিন থম্পসন। দাদার সঙ্গে যে বাড়িতে থাকেন, সেখানে একটি কুয়া আছে। সেটির পানি দূষিত হয়ে যেতে পারে—এ নিয়ে উদ্বিগ্ন তিনি। বিস্ফোরণের আগের রাতে ওয়ালমার্ট থেকে দুই কার্টন বোতলজাত পানি কিনে রেখেছিলেন ২৭ বছর বয়সী থম্পসন।
কুয়ার পানি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে এই তরুণ বলেন, ‘আমরা শুধু এটা নিয়েই চিন্তিত। কুয়ার পানি দূষিত হয়ে গেলে আমরা কী করব?’
২০০৯ সাল থেকে মাটিচাপা কংক্রিটের বাংকারে এসব রাসায়নিক রাখা ছিল। সেনাবাহিনীর কর্মকর্তারা গত মার্চে জানতে পারেন, ড্রামগুলোর ভেতরে থাকা রাসায়নিক এতটাই নষ্ট হয়ে গেছে যে সেগুলো নিরাপদে সরানো, এমনকি খোলাও সম্ভব নয়। তাঁদের আশঙ্কা ছিল, শীতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেলে রাসায়নিকের স্ফটিকগুলো ফেটে যেতে পারে। এতে অনিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটার ঝুঁকি আছে।
সিসার সংস্পর্শে আসার কোনো নিরাপদ মাত্রা নেই। এই ধাতু শরীরের প্রায় সব অঙ্গপ্রত্যঙ্গের ওপর প্রভাব ফেলতে পারে। শরীরে সিসা ক্যালসিয়ামের মতো আচরণ করে। এটি মস্তিষ্কের ‘ব্লাড-ব্রেন ব্যারিয়ার’ অতিক্রম করতে পারে। ফলে স্নায়ুর সংকেত আদান-প্রদানে বাধা সৃষ্টি হয় এবং মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম ও বিকাশ ব্যাহত হতে পারে। ফলে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি কমে যেতে পারে। দেখা দিতে পারে চিন্তাশক্তি ও আচরণগত সমস্যা।
প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের শরীরে বেশি পরিমাণে সিসা শোষিত হয়। তাই ছোট শিশুদের জন্য এটি বেশি বিপজ্জনক। তাদের আচরণগত ও বুদ্ধিবৃত্তিক বিকাশে ক্ষতি করতে পারে সিসা। অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে এটি গর্ভপাত ও নির্ধারিত সময়ের আগে সন্তান জন্মের ঝুঁকি বাড়াতে পারে।
বিস্ফোরকগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়ার আগে সেনাবাহিনী রাসায়নিক ব্যবহার করে সেগুলো নিষ্ক্রিয় করার কথা ভেবেছিল। তাতে বিস্ফোরণের ফলে ধোঁয়া বা ধুলা ছড়িয়ে পড়ার ঝুঁকি এড়ানো যেত। কিন্তু কর্মকর্তারা শেষ পর্যন্ত মনে করেন, বিস্ফোরকগুলো নাড়াচাড়া করাই মানুষের নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য ঝুঁকি তৈরি করবে। এ কথা তাঁরা নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া নথিতে উল্লেখ করেছেন।
তাই সামরিক প্রকৌশলীরা টেনিস কোর্টের সমান আয়তনের দুটি বাংকারে প্রায় ৩ হাজার পাউন্ড (১ হাজার ৩৬১ কেজি) সি-ফোর বিস্ফোরক বসান। এতে যে বিস্ফোরণ ঘটেছে, তার সম্মিলিত শক্তি ছিল ৬ হাজার থেকে ৭ হাজার পাউন্ড টিএনটির সমান। ঝুঁকি কমাতে ব্যবহৃত পানির ট্যাংকগুলোতে ছিল ১ লাখ ২০ হাজার গ্যালনের বেশি পানি। বিস্ফোরণস্থলে ছড়িয়ে দেওয়া হয় ফোমের স্তর। এর মধ্যে ছিল অগ্নিনির্বাপক ফোমের দুই ফুট পুরু স্তর। এগুলোর নিচে ছিল দূষিত পদার্থ আটকে রাখার পর্দা ও ত্রিপল। আশপাশের বাতাস ও মাটিতে পানি ছিটিয়ে সেগুলো ভিজিয়ে রাখার ব্যবস্থাও করা হয়।
এত সতর্কতা সত্ত্বেও বিস্ফোরণের আগে সেনাবাহিনীর তৈরি করা মডেলে দেখা যায়, সিসার সূক্ষ্ম ধুলার মেঘ দক্ষিণ–পশ্চিমে প্রায় ১৫০ বর্গমাইল এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এতে প্রায় ৩৫০টি খামার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। ধুলা ৫০ মাইল দূরের মিসৌরি অঙ্গরাজ্যের ক্লার্ক কাউন্টি পর্যন্ত পৌঁছাতে পারে। এমনকি উত্তর-পূর্ব দিকে ১০০ মাইল পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কাও ছিল।
আমরা শুধু এটা নিয়েই চিন্তিত। কুয়ার পানি দূষিত হয়ে গেলে আমরা কী করব?
নথি পর্যালোচনায় দেখা গেছে, সেনাবাহিনীর ঝুঁকি কমানোর ব্যবস্থাগুলো ব্যর্থ হলে আরও অনেক বেশি বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়তে পারত।
কারখানার দক্ষিণ-পশ্চিম দিকে পাঁচ মাইলের মধ্যে বসবাসকারী লোকজনকে বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। আর ২০ মাইলের মধ্যে বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে, শীতাতপনিয়ন্ত্রণ ও তাপ নিয়ন্ত্রণের যন্ত্র বন্ধ রাখতে এবং ২৪ থেকে ৪৮ ঘণ্টা দরজা-জানালা বন্ধ রাখতে বলা হয়েছিল।
স্বাস্থ্য কর্মকর্তারা অবশ্য আশ্বস্ত করে বলেছেন, সিসা বিষাক্ত হলেও বাতাসে ভেসে থাকা সিসার ধুলার সংস্পর্শে অল্প সময়ের জন্য এলে তা সাধারণত জরুরি চিকিৎসার পরিস্থিতি তৈরি করে না।
তবে দীর্ঘমেয়াদি উদ্বেগের বিষয় হলো, সিসা মাটি, শিশুদের খেলার মাঠ ও শাকপাতার ওপর জমে থেকে দূষণ তৈরি করতে পারে। কর্নেল কলেজ অব অ্যাগ্রিকালচার অ্যান্ড লাইফ সায়েন্সেসের ইমেরিটাস অধ্যাপক মারে ম্যাকব্রাইড এ কথা বলেছেন।
সেনাবাহিনী জানিয়েছে, মাটিতে সিসার দূষণ নির্ধারিত মাত্রা ছাড়িয়ে গেলে তা পরিষ্কার করার দায়িত্ব তারা নেবে।
তারপরও আইওয়ার গ্রামাঞ্চলের অনেক বাসিন্দার উদ্বেগ কমেনি। তাঁদের মনে হচ্ছে, বাতাস কোন দিকে বইবে, তার ওপরই তাঁদের নিরাপত্তা নির্ভর করছে।
বিস্ফোরণের আগে সেনাবাহিনীর তৈরি করা মডেলে দেখা যায়, সিসার সূক্ষ্ম ধুলার মেঘ দক্ষিণ–পশ্চিমে প্রায় ১৫০ বর্গমাইল এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এতে প্রায় ৩৫০টি খামার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। ধুলা ৫০ মাইল দূরের মিসৌরি অঙ্গরাজ্যের ক্লার্ক কাউন্টি পর্যন্ত পৌঁছাতে
কারখানা থেকে প্রায় ১৯ মাইল দূরের আইওয়ার মাউন্ট প্লেজ্যান্ট এলাকায় কর্মকর্তারা কৃষকদের গবাদিপশু ঘরের ভেতরে রাখার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ৫১ বছর বয়সী জিল হলারের পারিবারিক খামারে গরুগুলো রাখার মতো কোনো জায়গা ছিল না। শীতের ঠান্ডায় চারণভূমিতে গরুগুলোর নাক-মুখ দিয়ে ধোঁয়ার মতো বাষ্প বের হচ্ছিল।
বিস্ফোরণের আগের দিন সন্ধ্যায় হলার দেখেছিলেন, মেঘের পাতলা আবরণের আড়ালে সূর্য ডুবে যাচ্ছে। তার ম্লান বেগুনি আভা ছড়িয়ে পড়েছিল ঢেউখেলানো চারণভূমিতে। তাঁর খামারটি সম্ভাব্য ধোঁয়ার গতিপথের ঠিক বাইরে বলে মনে হচ্ছিল। কিন্তু বাতাসের দিক বারবার বদলাচ্ছিল।
হলার বলেন, ‘আপনি নিশ্চয়ই চাইবেন না, এই সুন্দর প্রকৃতি দূষিত হয়ে যাক বিষাক্ত পদার্থে।’