ছিলেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী, এখন ওহাইওর গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর পদে রিপাবলিকান পার্টির মনোনয়ন পেয়েছেন বিবেক রামাস্বামী। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন এই রাজনীতিক ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রাইমারিতে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন।
গতকাল মঙ্গলবার ওহাইওর গভর্নর প্রার্থী হিসেবে রামাস্বামীর মনোনয়ন নিশ্চিত হয়। রিপাবলিকান প্রার্থিতা বাছাইপর্বে তিনি হারিয়েছেন গাড়ির নকশাকার ও অটোমোটিভ-থিমযুক্ত ইউটিউব চ্যানেলের নির্মাতা কেসি পুটশকে।
এর মধ্য দিয়ে ওহাইওর নির্বাচনে গ্র্যান্ড ওল্ড পার্টি থেকে তাঁর লড়াইয়ের টিকিট নিশ্চিত হয় বলে মার্কিন গণমাধ্যমগুলো খবর দিয়েছে।
ভারতের তামিল মা–বাবার সন্তান বিবেক রামাস্বামী একজন স্বাস্থ্য-প্রযুক্তিবিষয়ক উদ্যোক্তা। তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রাইমারিতে (দলীয় প্রার্থী বাছাইপ্রক্রিয়া) ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় পর্যায়ে পরিচিতি পান। পরে অবশ্য তিনি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পকে সমর্থন জানিয়েছিলেন।
ওহাইও প্রাইমারির পুরো সময়জুড়ে রামাস্বামী অন্য রিপাবলিকান প্রার্থিতাপ্রত্যাশীদের বিরুদ্ধে লড়লেও মূলত তাঁর সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ডেমোক্রেটিক প্রার্থী অ্যামি অ্যাকটন। ওহাইওর সাবেক জনস্বাস্থ্য পরিচালক অ্যাকটন কোভিড মহামারির সময় অঙ্গরাজ্যের জনস্বাস্থ্য পরিস্থিতি তদারক করেছিলেন। এবার ওহাইওর নির্বাচনে তিনি ডেমোক্রেটিক দলের হয়ে লড়বেন।
রিপাবলিকান প্রার্থিতা বাছাইপর্বে জয়ের পর দেওয়া ভাষণে বিবেক রামাস্বামী ওহাইওর ভোটারদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমাদের এ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। সত্যিকারের গন্তব্য হলো নভেম্বর।’
অন্যদিকে নিজের প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর দেওয়া ভাষণে অ্যাকটন বলেন, তিনি ওহাইওকে আবার ‘সাশ্রয়ী’ করে তুলতে গভর্নর পদে প্রার্থী হয়েছেন।
অ্যাকটন বলেন, ‘এটা (স্বাস্থ্য ব্যয়) এতটা কঠিন হওয়া উচিত নয়। এখন শ্রমজীবী পরিবারগুলোর স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার সময় এসেছে।’
ওহাইওর বর্তমান গভর্নর রিপাবলিকান নেতা মাইক ডিওয়াইন দুই মেয়াদে গভর্নর হওয়ায় আবার প্রার্থী হতে পারছেন না।
প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য রামাস্বামীকে সমর্থন দিচ্ছেন। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি বিবেককে ভালোভাবে চিনি, তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং তিনি সত্যিই বিশেষ। তিনি তরুণ, দৃঢ়চেতা ও স্মার্ট!’
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একসময় ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর ছিলেন। প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে অংশ নিতে গতকাল তিনি সিনসিনাটিতে উপস্থিত ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে অঙ্গরাজ্যটির ভোটারদের মধ্যে রিপাবলিকানদের দিকে ঝোঁকার প্রবণতা দেখা যাচ্ছে।