ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা গত মঙ্গলবার এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে আইনপ্রণেতাদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সম্পদের ওপর ইরানের হামলায় ব্যবহৃত প্রতিটি ড্রোন তাঁরা ভূপাতিত না–ও করতে পারেন। তাঁদের এই সক্ষমতা না–ও থাকতে পারে। এই বিষয়ের সঙ্গে পরিচিত দুজন ব্যক্তি এই তথ্য জানিয়েছেন।
জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের নেতৃত্বে কর্মকর্তারা বলেছেন, ইরান হাজার হাজার ‘ওয়ান-ওয়ে’ (একমুখী) অ্যাটাক ড্রোন মোতায়েন করছে। যুক্তরাষ্ট্রের অধিকাংশ ড্রোন ভূপাতিত করার সক্ষমতা আছে ঠিকই। তবে এই বিশাল সংখ্যার সব কটি ঠেকানো সম্ভব নয়।
ক্যাপিটল হিলে আইনপ্রণেতাদের দেওয়া এক গোপন ব্রিফিংয়ে কর্মকর্তারা জানান, এ অবস্থায় যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব ইরানের ড্রোন এবং প্রচলিত ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ কেন্দ্রগুলো (লঞ্চ সাইট) ধ্বংস করার দিকে মনোযোগ দিচ্ছে।
স্পর্শকাতর বিষয় হওয়ায় তথ্যদাতা ব্যক্তিরা নিজেদের নাম প্রকাশ না করার শর্তে এ কথাগুলো বলেছেন।
যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে ইরান তাদের কম খরচের ‘শাহেদ’ ড্রোন উৎক্ষেপণ করছে। এগুলো নিচু দিয়ে এবং ধীরগতিতে ওড়ার কারণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় প্রচলিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে বেশি ফাঁকি দিতে সক্ষম বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ইরানের ড্রোন কৌশল হলো যুক্তরাষ্ট্রকে তাদের সবচেয়ে আধুনিক ‘প্যাট্রিয়ট’ এবং ‘থাড’ ইন্টারসেপ্টর (ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয়কারী অস্ত্র) খরচ করতে বাধ্য করা। তবে এই কৌশল ভুল এবং সফল নয়। কারণ, যুক্তরাষ্ট্র বিভিন্ন পন্থায় এসব ড্রোন ধ্বংস করছে।
তবু কংগ্রেসের শীর্ষ ডেমোক্র্যাটরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইরান থেকে ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে গিয়ে যুক্তরাষ্ট্র প্রচুর পরিমাণে ইন্টারসেপ্টর পুড়িয়ে ফেলছে।
এ বিষয়ের সঙ্গে পরিচিত এক ব্যক্তি জানান, জেনারেল ড্যান কেইন জনসমক্ষে গোলাবারুদের মজুত নিয়ে আত্মবিশ্বাস দেখালেও ব্যক্তিগতভাবে এ নিয়ে উদ্বেগের কথা স্বীকার করেছেন।
গতকাল বুধবার সকালে পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে কেইন বলেন, ‘আক্রমণ এবং প্রতিরক্ষা—দুই কাজের জন্যই আমাদের কাছে পর্যাপ্ত নিখুঁত গোলাবারুদ রয়েছে।’
তবে কেইন এ বিষয়ে কোনো বিস্তারিত বা সুনির্দিষ্ট তথ্য দেননি।
ইরান আগ্রাসনে এই উচ্চ হারের গোলাগুলি বা হামলা চালানো বেশ ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। প্রতিরক্ষা বিভাগের প্রাথমিক এক বিশ্লেষণের সঙ্গে পরিচিত এক ব্যক্তি বলছেন, যুদ্ধের প্রথম দিনগুলোতে যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় ২০০ কোটি ডলার করে খরচ করেছে। অবশ্য বর্তমানে সেই খরচ কমে ১০০ কোটি ডলারের কাছাকাছি এসে ঠেকেছে। যুদ্ধ চলতে থাকলে এই খরচ আরও কমবে বলে আশা করা হচ্ছে।
হোয়াইট হাউসের এক মুখপাত্র এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। জয়েন্ট চিফস অব স্টাফের একজন মুখপাত্র অপারেশনাল নিরাপত্তার কারণে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
গত সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকাল ধরে এই হারে হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্রের কাছে ‘মাঝারি ও উচ্চ মাঝারি মানের’ গোলাবারুদের মজুত ‘কার্যত অসীম’।
ট্রাম্প অবশ্য স্বীকার করেছেন, ‘সর্বোচ্চ মানের’ অস্ত্রগুলোর মজুত ‘যেমন থাকা উচিত তেমন পর্যায়ে নেই’।
গতকাল বুধবার ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলেও তা চালানোর মতো যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত অস্ত্র রয়েছে। তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের দেওয়া পোস্টটি মূলত ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয়ে বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা ছিল।
লেভিট বলেন, ‘এমন সব জায়গায় আমাদের অস্ত্রের মজুত রয়েছে, যা বিশ্বের অনেকে জানেও না। প্রেসিডেন্ট ট্রাম্প এটাই বোঝাচ্ছিলেন, দুর্ভাগ্যবশত চার বছর ধরে এই হোয়াইট হাউসে একজন অত্যন্ত বোকা এবং অযোগ্য নেতা (বাইডেন) ছিলেন, যিনি আমাদের অনেক সেরা অস্ত্র বিনা শর্তে বিলিয়ে দিয়েছেন।’