মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী উষা চতুর্থ সন্তানের জন্ম দিলেন
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দম্পতির সংসারে নতুন অতিথি এসেছে। তাঁর স্ত্রী (মার্কিন সেকেন্ড লেডি) উষা ভ্যান্স চতুর্থ সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ইতিমধ্যে ভ্যান্স দম্পতি নতুন অতিথির নামও রেখেছেন। তাঁর নাম রাখা হয়েছে অ্যালেক নীল ভ্যান্স। তাঁদের আগের তিন সন্তানের নাম ইউয়ান, বিবেক ও মিরাবেল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, ‘উষা ও সদ্যোজাত শিশু—দুজনই সুস্থ আছে। ছোট ভাইকে পেয়ে আমাদের সন্তানেরা ভীষণ খুশি।’
ভ্যান্স ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টার এবং হোয়াইট হাউস মেডিক্যাল ইউনিটের চিকিৎসক ও কর্মীদের ধন্যবাদ জানান।
অ্যালেকের জন্ম এক ঐতিহাসিক ঘটনা। দীর্ঘ ১৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে এবারই প্রথম কোনো দায়িত্বে থাকা সেকেন্ড লেডি সন্তান জন্ম দিলেন।
ছয় সদস্যের এই নতুন পারিবারিক জীবনে মানিয়ে নেওয়ার অংশ হিসেবে ভ্যান্স পরিবার এখন গ্রাম্য পরিবেশের উত্তর ভার্জিনিয়ায় বেশি সময় কাটাবে। অঙ্গরাজ্যের মিডলবার্গের একটি অভিজাত এলাকায় কয়েক মিলিয়ন ডলার মূল্যের সুবিশাল প্রোপার্টির একটি অংশ তাঁরা ভাড়া নিয়েছেন।
বিষয়টি সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের মতে, ওয়াশিংটন ডিসির কড়া নজরদারি থেকে দূরে থেকে সেকেন্ড লেডি ও তাঁদের সন্তানদের সাধারণ জীবনের অনুভূতি দেওয়ার চেষ্টার অংশ হিসেবেই এই বাড়িটি ভাড়া নেওয়া হয়েছে। ভাইস প্রেসিডেন্ট মাঝেমধ্যে সেখানে থাকবেন। তবে তাঁরা তাঁদের অফিশিয়াল বাসভবন ‘নেভাল অবজারভেটরি’-তেও থাকবেন।
সম্প্রতি এবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে উষা ভ্যান্স তাঁদের জীবনের ওপর থাকা জনসাধারণের কড়া নজরদারি এবং সেকেন্ড লেডি হিসেবে সন্তান প্রতিপালনের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন।
উষা বলেন, ‘আমরা যা-ই করি, তা-ই মানুষের চোখে পড়ে।’ তিনি আরও বলেন, তাঁদের বাচ্চারা কোনো দুষ্টুমি করলে বা অসুস্থ হলেও ‘মানুষ তা দেখতে পায়’।
৪০ বছর বয়সী উষা ভ্যান্স বলেন, ‘আমরা চেষ্টা করি, তাদের এমন পরিস্থিতিতে না ফেলতে, যেখানে তারা ভবিষ্যতে বলতে পারে, “ওহ, তোমরা আমাকে সবার সামনে লজ্জিত করেছিলে।” তাই তাদের বেশির ভাগ বিষয় আমরা গোপন রাখার চেষ্টা করি। তবে তারা যখন আমাদের সঙ্গে জনসমক্ষে আসে, আমরা তাদের কেবল সাধারণ বাচ্চার মতোই থাকতে দিই এবং যা হয় হতে দিই।’
স্বামী জেডি ভ্যান্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই সেকেন্ড লেডি তাঁর উচ্চপদস্থ আইনজীবীর চাকরি ছেড়ে দেন। তাঁর স্বামীর মেয়াদকালে তিনি প্রায়ই ভাইস প্রেসিডেন্টের পাশে উপস্থিত হয়েছেন। নিজের জন্য তিনি একটি ছোট সহায়তাকারী দলও তৈরি করেছেন। শিশুদের সাক্ষরতা বৃদ্ধির বিষয়টিকে নিজের কাজের ক্ষেত্র বানিয়ে তিনি গত বছর সামার রিডিং চ্যালেঞ্জ এবং চলতি বছর একটি পডকাস্ট চালু করেছেন।
এর আগে সর্বশেষ ১৮৭০ সালে কোনো সেকেন্ড লেডি পদে থাকাকালে সন্তান জন্ম দিয়েছিলেন। তৎকালীন ভাইস প্রেসিডেন্ট স্কাইলার কোলফ্যাক্স এবং তাঁর স্ত্রী এলন মারিয়া কোলফ্যাক্স দম্পতির ঘরে এসেছিল স্কাইলার কোলফ্যাক্স তৃতীয়। স্কাইলার পরবর্তী সময় ইন্ডিয়ানার সাউথ বেন্ডের মেয়র হয়েছিলেন।