আবর্জনার ট্রাকে বসে কী করছেন ট্রাম্প

উইসকনসিনে গতকাল বুধবার আবর্জনাবাহী ট্রাকের কেবিনে বসে কথা বলছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিপাবলিকান পার্টির সমর্থকদের সম্প্রতি ‘আবর্জনা’ বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পাল্টা জবাব দিতে গতকাল বুধবার একটি আবর্জনাবাহী ট্রাকে বসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

আগামী ৫ নভেম্বরের ভোটের আগে এখন শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস।

শেষ মুহূর্তের প্রচারের অংশ হিসেবে গত মঙ্গলবার রাতে ওয়াশিংটনে বিশাল এক সমাবেশ করেছেন কমলা হ্যারিস। ভোটের প্রচারের শেষ সপ্তাহে এসে কমলা এদিন নিজের ‘চূড়ান্ত বক্তব্য’ তুলে ধরবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু সমাবেশে তাঁকে বাইডেনের করা এক মন্তব্যের ব্যাখ্যা দিতে হয়েছে।

গতকাল উইসকনসিনের একটি বিমানবন্দরে নিজের উড়োজাহাজ থেকে নেমে সোজা আবর্জনাবাহী একটি ট্রাকে গিয়ে ওঠেন ট্রাম্প। সেখান থেকেই তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

পরদিন গতকাল উইসকনসিনের একটি বিমানবন্দরে নিজের উড়োজাহাজ থেকে নেমে সোজা আবর্জনাবাহী একটি ট্রাকে গিয়ে ওঠেন ট্রাম্প। সেখান থেকেই তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ‘আবর্জনা’ শব্দটি নিয়ে হইচই শুরু হয় গত রোববার। সেদিন নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ট্রাম্পের সমাবেশে তাঁর একজন মিত্র মঞ্চে উঠে বক্তব্য দেওয়ার সময় ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জ পুয়ের্তো রিকোকে ‘আবর্জনার ভাসমান দ্বীপ’ বলেছিলেন। এমন বক্তব্যের পর প্রাথমিকভাবে রিপাবলিকান প্রচার শিবির বিষয়টি নিয়ে রক্ষণাত্মক অবস্থানে ছিল।

কিন্তু এ নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের মন্তব্যের পর ট্রাম্প বিষয়টি লুফে নেন এবং রাজনীতির খেলা শুরু করেন। তিনি দেখাতে চাইছেন, তিনি ও তাঁর সমর্থকেরাই বরং প্রতিপক্ষের কটু মন্তব্যের শিকার হয়েছেন।

আপনাদের কী আমার আবর্জনার ট্রাক পছন্দ হয়েছে। এই ট্রাক কমলা ও জো বাইডেনের সম্মানে। যুক্তরাষ্ট্রের মানুষকে ঘৃণা করে প্রেসিডেন্ট হতে পারবেন না। আমার বিশ্বাস, তাঁরা সেটাই করেন।
ডোনাল্ড ট্রাম্প, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী

পুয়ের্তো রিকোকে ‘আবর্জনার ভাসমান দ্বীপ’ বলার প্রতিক্রিয়ায় জো বাইডেন বলেছিলেন, ‘সেখানে আমি যে আবর্জনা ভাসতে দেখছি, তা মূলত তাঁর (ট্রাম্প) সমর্থকেরা।’ তবে পরে এ মন্তব্যের ব্যাখ্যা দেয় হোয়াইট হাউস। হোয়াইট হাউস বলেছে, ওই বক্তব্যে প্রেসিডেন্ট বাইডেন প্রকৃতপক্ষে ট্রাম্পের বাগাড়ম্বরপূর্ণ কথাবার্তাকে বোঝাতে চেয়েছেন, তাঁর সমর্থকদের নয়।

আবর্জনাবাহী ট্রাকের কেবিনে বসে ট্রাম্প বলেন, ‘আপনাদের কী আমার আবর্জনার ট্রাক পছন্দ হয়েছে। এই ট্রাক কমলা ও জো বাইডেনের সম্মানে। যুক্তরাষ্ট্রের মানুষকে ঘৃণা করে প্রেসিডেন্ট হতে পারবেন না। আমার বিশ্বাস, তাঁরা সেটাই করেন।’ সেখান থেকে গ্রিন বে’তে সমাবেশ করতে যান ট্রাম্প। সমাবেশে তাঁর গায়ে কমলা রঙের জ্যাকেট ছিল।

ট্রাম্প এখন ‘আবর্জনা’ বলা নিয়ে যতই নাটক করুন বা রিপাবলিকানরা বাইডেনের বক্তব্যের যত সমালোচনা করুন, এর শুরু ট্রাম্প নিজেই করেছিলেন।

ট্রাম্পবিরোধী রাজনৈতিক গ্রুপ দ্য লিঙ্কন প্রজেক্ট গত ৭ সেপ্টেম্বর উইসকনসিনের মোসিনে একটি সমাবেশে ট্রাম্পের দেওয়া বক্তব্যের এক ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির সত্যতা যাচাই করেছে এএফপি।

ভিডিওতে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের পরিসংখ্যান নিয়ে কমলাকে আক্রমণ করে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘ভাইস প্রেসিডেন্টের (কমলা) চারপাশে থাকা লোকজন আবর্জনা। তাঁরা নোংরা। তাঁরা নোংরা এবং তাঁরা আমাদের দেশকে টেনে নামাতে চান। তাঁরা একেবারে আবর্জনা।’

ট্রাম্প যখন আবর্জনা নিয়ে নাটক করছেন, সে সময়ে কমলা নর্থ ক্যারোলাইনায় সমাবেশ করেন। সেখান থেকে তিনি পেনসিলভানিয়া ও উইসকনসিনে যান। যুক্তরাষ্ট্রের যে সাতটি অঙ্গরাজ্য নির্বাচনের যুদ্ধক্ষেত্র বলা হচ্ছে, তার তিনটি এ তিন অঙ্গরাজ্য। এবারের নির্বাচনে এই তিন অঙ্গরাজ্য জয়-পরাজয়ের ব্যবধান ঠিক করে দেবে বলা ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন
আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে চার দিন পর ভোট হলেও আগাম ভোট গ্রহণ আগেই শুরু হয়েছে। এরই মধ্যে ৫ কোটি ৭০ লাখের বেশি ভোটার আগাম ভোট দিয়ে ফেলেছেন, যা সংখ্যায় ২০২০ সালের মোট ভোটের এক-তৃতীয়াংশের বেশি।

প্রসঙ্গত, ২০১৬ সালের নির্বাচন–সংশ্লিষ্ট ৩৪টি অভিযোগের সম্মুখীন ট্রাম্প হারলে আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করবেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন
আরও পড়ুন