বাইডেনের ছেলের ল্যাপটপসংক্রান্ত প্রতিবেদনে কড়াকড়ির নেপথ্যে এফবিআই: জাকারবার্গ
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে নিয়ে নিউইয়র্ক পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদন শেয়ারের ওপর সীমাবদ্ধতা আরোপ করেছে ফেসবুক। ২০২০ সালে প্রতিবেদনটি প্রকাশ করেছিল নিউইয়র্ক পোস্ট। ফেসবুকের চেয়ারম্যান মার্ক জাকারবার্গ বলেছেন, এফবিআইর ভুল তথ্যজনিত সতর্কীকরণ বিধির আওতায় ওই প্রতিবেদনটি শেয়ারের ওপর সীমাবদ্ধতা দেওয়া হয়েছে। খবর বিবিসির
২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে প্রতিবেদনটি প্রকাশ করে নিউইয়র্ক পোস্ট। ওই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান বাইডেন। প্রতিবেদনে বলা হয়, একটি কম্পিউটার মেরামতের দোকানে হান্টার বাইডেনের ফেলে আসা একটি ল্যাপটপ থেকে কিছু ই–মেইল ফাঁস হয়েছে। ওই সব ই–মেইল থেকে জানা গেছে, হান্টার তাঁর বাবাকে ইউক্রেনের জ্বালানি খাতের এক ধনকুবের সম্পর্কে বিস্তারিত বলেছিলেন। দুজনের মধ্যে একটি বৈঠক আয়োজন নিয়েও কথা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সে বৈঠক হয়েছিল কি না, তা নিয়ে কোনো ই–মেইল রেকর্ড পাওয়া যায়নি।
জো বাইডেন ইউক্রেনে তাঁর ছেলের ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করতে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন বলে অপ্রমাণিত অভিযোগ রয়েছে। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনটি সে অভিযোগে বাড়তি মাত্রা যোগ করেছিল। নিউইয়র্ক পোস্টের অভিযোগ, হান্টার বাইডেনের ল্যাপটপ থেকে যে ই–মেইলগুলো ফাঁস হয়েছে, তা অনুযায়ী জো বাইডেন ইউক্রেনে তাঁর ছেলেকে ব্যবসায়িক চুক্তির জন্য সহযোগিতা করছেন।
তবে বিশেষ তথ্য যা অন্য কোনো সংবাদমাধ্যম পায়নি, তার ভিত্তিতে নিউইয়র্ক পোস্টের করা ওই প্রতিবেদনটি নিয়ে সন্দেহ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবেদনটি সেন্সর করা হয়।
ফেসবুক ও টুইটার ওই প্রতিবেদন শেয়ার করার ওপর কড়াকড়ি আরোপ করেছে। এমন অবস্থায় সেন্সরশিপ আরোপের অভিযোগ উঠেছে।
এর মধ্যেই জো রোগানের পডকাস্টে সাক্ষাৎকার দেন জাকারবার্গ। সেখানে সীমাবদ্ধতা আরোপের প্রশ্নটি পরিষ্কার করেন তিনি।
রোগানকে জাকারবার্গ বলেন, ‘এ প্রতিবেদন সরিয়ে নেওয়ার নেপথ্যের ঘটনা হলো এফবিআই আমাদের কর্মীদের কয়েকজনের কাছে এসেছিল। তারা বলছিল যে আপনারা তো জানেন যে আপনাদের প্রচণ্ড সতর্কতায় থাকতে হবে। ২০১৬ সালের নির্বাচনে আমরা মনে করেছিলাম প্রচুর রুশ প্রোপাগান্ডা আছে, তখন তা আমরা বিবেচনায় নিয়েছিলাম। একইভাবে এ ঘটনার ক্ষেত্রেও একই ধরনের কিছু ঘটতে পারে।’
জাকারবার্গ বলেন, সুনির্দিষ্টভাবে বাইডেনের ওই প্রতিবেদন নিয়ে ফেসবুককে সতর্ক করেনি এফবিআই। ফেসবুক মনে করে, এফবিআই যে ধরনের কথা বলেছে, এ প্রতিবেদনটি তার মধ্যেই পড়ে।
এখন তৃতীয় একটি পক্ষ প্রতিবেদনটির সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে। তবে নিবন্ধটি শেয়ার করা নিয়ে পুরোপুরি নিষেধাজ্ঞা দেয়নি ফেসবুক। এক সপ্তাহের জন্য নিবন্ধটির স্বয়ংক্রিয় শেয়ার হওয়ার সংখ্যার ওপর সীমাবদ্ধতা দেওয়া হয়েছে। অর্থাৎ মানুষ যখন প্রতিবেদনটি পোস্ট করবে এবং তা নিয়ে আলোচনা করবে, তখন তা নতুন ব্যবহারকারীদের কাছে স্বয়ংক্রিয়ভাবে ছড়িয়ে পড়বে না।
অপর দিকে এ ধরনের প্রতিবেদনের শেয়ার একেবারেই নিষিদ্ধ করেছে টুইটার।