হৃদ্রোগের ঝুঁকি নির্ণয় করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা
হৃদ্রোগ বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, হৃদ্রোগে প্রতিবছর ১ কোটি ৭৯ লাখ লোকের মৃত্যু হয়। এ কারণে গবেষকেরা দীর্ঘদিন ধরে হৃদ্রোগের ঝুঁকি ও প্রতিরোধের বিষয়টি নিয়ে কাজ করছেন। এখন গবেষকেরা এ কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগাচ্ছেন। তাঁরা বলছেন, শুধু বুকের এক্স-রে করেই তা থেকে হৃদ্রোগের ঝুঁকি নির্ণয় করা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। খবর এনডিটিভির।
গবেষকেরা একধরনের ‘লার্নিং মডেল’ তৈরি করেছেন, যা হৃদ্রোগের কারণে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের পূর্বাভাস দিতে সক্ষম। এ প্রযুক্তিকে বলা হচ্ছে সিএক্সআর-সিভিডি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে এ প্রযুক্তি নিয়ে গবেষণা হয়েছে এবং তা প্রশিক্ষণের মাধ্যমে বিশেষভাবে পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া এটি ১১ হাজার ৪৩০ রোগীর ক্ষেত্রে পরীক্ষাও করা হয়েছে। এ গবেষণার ফল উপস্থাপন করা হয় রেডিওলজিক্যাল সোসাইটি অব নর্থ আমেরিকার (আরএসএনএ) বার্ষিক সভায়। গবেষকেরা বলেন, তাঁদের লার্নিং মডেল বা ডিপ লার্নিং বিষয়টি হচ্ছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার একটি ধরন, যাকে এক্স-রে ইমেজ অনুসন্ধান করে হৃদ্রোগের ধরন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া যায়।
গবেষণা নিবন্ধের প্রধান লেখক জ্যাকব ওয়েসিস বলেন, ‘এক্স-রে ছবি ব্যবহার করে হৃদ্রোগের ঝুঁকি নির্ণয়ের সম্ভাব্য সমাধান আমাদের এ ডিপ লার্নিং মডেল। যাঁরা হৃদ্রোগের ঝুঁকিতে আছেন কিন্তু এখনো চিকিৎসা নেননি, তাঁদের জন্য এ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগতে পরে।’