আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে: ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউনাইটেড স্টেটস ক্যাপিটলের হাউস চেম্বারে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিচ্ছেন। ২৪ ফেব্রুয়ারি ২০২৬ছবি: এএফপি

দেশজুড়ে সফরের সময় যে বার্তাটি তিনি প্রায়ই দেন, নিজের ভাষণ শুরু করতে গিয়ে সে কথারই পুনরাবৃত্তি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমাদের জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে; আগের চেয়ে বড়, আরও ভালো, আরও সমৃদ্ধ এবং যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়ে।’

নির্বাচনী প্রচার–প্রচারণার সময়কার সেই পরিচিত বক্তব্যের সূত্র ধরে ট্রাম্প আরও বলেন, আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে।

চলতি বছরের শেষ দিকে উদ্‌যাপিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর প্রেসিডেন্সিকে ‘যুগান্তকারী পরিবর্তন’ হিসেবে বর্ণনা করেন।

ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ক্যাপিটল ভবনের হাউস অব রিপ্রেজেন্টেটিভস চেম্বার থেকে আজ বুধবার শুরু করা স্টেট অব ইউনিয়ন ভাষণে এ কথা বলেন।

এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ। প্রথা অনুযায়ী, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের যৌথ অধিবেশনে তিনি এ ভাষণ প্রদান করছেন।

প্রায় এক ঘণ্টার এ দীর্ঘ ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনীতি, অভিবাসন নীতি ও ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোকপাত করছেন।

ট্রাম্প যখন ভাষণ শুরু করেন, তখন তাঁর সমর্থকেরা ‘ইউএসএ’ বলে স্লোগান দিতে থাকেন।