৪২৯ ফুট লম্বা মাংসের স্ন্যাকস, গড়ল বিশ্ব রেকর্ড

৪২৯ ফুটের বেশি লম্বা একটি ‘স্লিম জিম’ছবি: কনাগ্রা ব্র্যান্ডসের সৌজন্যে

‘স্লিম জিম’ যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত জনপ্রিয় স্ন্যাকস। মাংস দিয়ে তৈরি খাবারটি সাধারণত লম্বায় কয়েক ইঞ্চি হয়ে থাকে। তবে এবার সেই ছোট্ট স্ন্যাকসই রূপ নিয়েছে বিশাল এক খাবারে। নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরে তৈরি করা হয়েছে ৪২৯ ফুটের কিছু বেশি লম্বা এ স্লিম জিম। লম্বায় প্রায় একটি ফুটবল মাঠের সমান এটি।

বিশ্বের সবচেয়ে লম্বা মাংসের স্ন্যাকস হিসেবে এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। যুক্তরাষ্ট্রের খাদ্যপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘কনাগ্রা ব্র্যান্ডস’ এ বিশাল স্লিম জিম তৈরি করেছে। এর দৈর্ঘ্য ৪২৯ ফুট ৫ দশমিক ৪ ইঞ্চি। কনাগ্রার একটি কারখানায় স্ন্যাকসটি উন্মোচন করা হয়।

অবাক করা বিষয়, স্ন্যাক্সটি এর আগের বিশ্ব রেকর্ডের চেয়েও প্রায় ১১৬ ফুট বেশি লম্বা। বিশাল স্ন্যাক্সটি তৈরির পেছনে কাজ করেছে প্রতিষ্ঠানের বিশেষ ‘ব্লেজ ক্রু’ নামক একটি দল।

দলটির সদস্যরা জানিয়েছেন, দৈর্ঘ্য অনেক বড় করা হলেও এর স্বাদ ও রান্নার মূল ফর্মুলা যেন ছোট স্লিম জিমের মতোই হয়, তা নিশ্চিত করতে তাঁরা দিনরাত পরিশ্রম করেছেন।

বিশাল এ মাংসের স্ন্যাক্স লম্বায় এতটাই বড় ছিল যে সাধারণ কোনো পাত্রে তা রাখা অসম্ভব। তাই প্রথমে এটিকে একটি বিশাল তারের চাকায় পেঁচিয়ে রাখা হয়। পরে সেটি অনেকগুলো টেবিলের ওপর লম্বালম্বিভাবে রাখা হয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন বিচারক উপস্থিত থেকে ফিতা দিয়ে মেপে স্ন্যাকসটিকে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি দেন।

কনাগ্রা ব্র্যান্ডসের গবেষণা ও উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জেস সোয়েলি বলেন, রেকর্ড সৃষ্টিকারী স্লিম জিম মূলত তাঁদের দলের সৃজনশীলতা, অনন্য দক্ষতা ও কঠোর পরিশ্রমের প্রমাণ। তাঁরা তাঁদের কর্মীদের কাজের প্রতি এই ভালোবাসাকে মনে রাখার মতো করে উদ্‌যাপন করতে একটু ভিন্ন ও বৈচিত্র্যময় পথ বেছে নিতে চেয়েছিলেন। স্ন্যাক্সটির বড় অংশ উপস্থিত কর্মীদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়।