হঠাৎ অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম।ছবি: রয়টার্স ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তাঁর কার্যালয়ের যোগাযোগ পরিচালক নিশ্চিত করেছেন।

৭১ বছর বয়সী রিপাবলিকান নেতা গ্রাহাম সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাজনৈতিক জীবনের শুরুর দিকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। তবে পরবর্তী সময়ে তিনি ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং ক্যাপিটল হিলে তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন হয়ে ওঠেন।

আজ রোববার ভোরে গ্রাহামের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘সিনেটর গ্রাহামের পরিবারের পক্ষ থেকে এ সময় সবার কাছে প্রার্থনা কামনা করা হয়েছে। একই সঙ্গে অত্যন্ত কঠিন এই সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে।’

গ্রাহাম ২০০২ সালে প্রথম যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হন। এর আগে ১৯৯৪ সালে তিনি সাউথ ক্যারোলাইনার থার্ড কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন বলে তাঁর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

প্রতিরক্ষা ইস্যুতে কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিলেন গ্রাহাম। তাঁর ওয়েবসাইটে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি জাতীয় নিরাপত্তার স্বার্থ সুরক্ষায় তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ ও নীতির পক্ষে অবস্থান নিয়েছেন।

সম্প্রতি তিনি সিনেটের বাজেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া তিনি সিনেটের অর্থ বরাদ্দবিষয়ক কমিটি, বিচারবিষয়ক কমিটি এবং পরিবেশ ও গণপূর্তবিষয়ক কমিটির সদস্য ছিলেন।

অকৃতদার গ্রাহাম থাকতেন সাউথ ক্যারোলাইনার সেনেকা শহরে।