একটি কাভার্ড ভ্যানে ৩৪০ জন সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছিল
মেক্সিকোতে একটি পরিত্যক্ত কাভার্ড ভ্যান থেকে ৩৪০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০৩ জন নাবালক শিশু-কিশোর ছিল। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, গত রোববার রাতে মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্য থেকে তাদের উদ্ধার করা হয়।
কর্মকর্তারা বলছেন, উদ্ধার হওয়া অভিবাসীরা গুয়াতেমালা, হন্ডুরাস, এল সালভাদর ও ইকুয়েডরের বাসিন্দা। সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যানটিতে ফ্যান ও ভেন্টিলেশন সাপোর্ট ছিল। চালকের অবস্থা জানা যায়নি।
সেন্ট্রাল আমেরিকার দারিদ্র্য ও সহিংসতা থেকে বাঁচতে নথিহীন অসংখ্য অভিবাসী সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করে। এ কারণে তারা মানব পাচারকারীদের হাতে বিপুল পরিমাণ নগদ অর্থও দিয়ে থাকে। গত বছরও যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি পরিত্যক্ত কাভার্ড ভ্যানে ৫৩ জন অভিবাসীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল।
এদিকে মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) জানিয়েছে, গত রোববার রাতে কাভার্ড ভ্যানে থেকে মোট ৩৪৩ জনকে উদ্ধার করা হয়েছে। অভিবাসীদের মার্কিন সীমান্তে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত পথেই তাদের পাওয়া গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, চোরাচালানকারীদের ‘খদ্দের’ হিসেবে চিহ্নিত করার জন্য অভিবাসীরা রঙিন কোডযুক্ত ব্রেসলেট পরতেন।
আইএনএম এ–সংক্রান্ত একটি ছবি প্রকাশ করেছে। এ ছবিতে দেখা গেছে, কাভার্ড ভ্যানটির মেঝেতে প্লাস্টিকের বোতল ও আবর্জনা ছড়িয়ে–ছিটিয়ে আছে। উদ্ধার হওয়া অভিবাসীদের বিষয়ে সঠিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাঁরা মেক্সিকান সোশ্যাল সার্ভিসের তত্ত্বাবধানে থাকবেন।
সীমান্ত টহলের তথ্য বলছে, গত এক বছরে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত অবৈধভাবে অতিক্রমের চেষ্টা করার সময় অন্তত ৮৫৩ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। আর ২০২১ সালে ৫৪৬ অভিবাসীর মৃত্যু হয়েছে।
মার্কিন সীমান্ত টহল একই সময়ে দক্ষিণ-পশ্চিম সীমান্তে ২২ লাখ অভিবাসীকে আটক করেছে।