গায়ে কয়েক ডজন বাইন্ডার ক্লিপের যন্ত্রণা সয়ে বিশ্ব রেকর্ড
বিশ্ব রেকর্ড গড়তে মানুষ কত অদ্ভুত কাজই না করেন। কেউ ঘণ্টার পর ঘণ্টা ভারসাম্য ধরে রাখেন, কেউ আবার অসাধারণ কসরত দেখান। তবে যুক্তরাষ্ট্রের রবার্ট ফ্রেডরিক বেছে নিয়েছিলেন ব্যথা সহ্য করার এক পরীক্ষা। শরীরে কয়েক ডজন বাইন্ডার ক্লিপ লাগিয়ে তিনি গড়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
সাধারণত বাইন্ডার ক্লিপে আঙুল চেপে গেলে ব্যথায় অনেকেই হাত সরিয়ে নেন। আর রবার্ট তাঁর শরীরজুড়ে ৫৮টি বাইন্ডার ক্লিপ লাগিয়েছিলেন।
চ্যালেঞ্জের অংশ হিসেবে রবার্ট শুরুতে অনলাইন থেকে বাইন্ডার ক্লিপের দুটি প্যাক কেনেন। প্রতিটি প্যাকে ৪৮টি করে ক্লিপ ছিল।
এক একটি ক্লিপের আকার ছিল এক ইঞ্চি (২ দশমিক ৫ সেন্টিমিটার)।
এরপর এল শরীরে ক্লিপ লাগানোর পালা। কাজটি করার জন্য রবার্ট নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে অবস্থিত লেফটেন্যান্ট এরিক লয়েড মেমোরিয়াল পার্ককে বেছে নেন। গত ২৫ এপ্রিল তিনি সেখানে যান। তাঁকে ক্লিপ লাগাতে সহযোগিতা করেন বন্ধু নিকোলাস মিলস্যাপ ও ম্যাথিউ আলগুইনালদো।
প্রথমে রবার্টের হাতে ক্লিপ লাগানো শুরু হয়। ধীরে ধীরে শরীরের অন্য অংশে ক্লিপ লাগানো হয়। পুরো সময় তিনি ব্যথা চেপে স্থির থাকার চেষ্টা করেন। শুধু পায়ে ক্লিপ লাগানোর সময় রবার্ট হেসে ফেলেন।
রবার্টের শরীরজুড়ে কয়েক ডজন বাইন্ডার ক্লিপ লাগানোর এ দৃশ্য দেখতে আশপাশে শিশু ও তাদের অভিভাবকদের ছোটখাটো একটি ভিড়ও জমে। তাঁরা দাঁড়িয়ে তাঁর রেকর্ড গড়ার পুরো চেষ্টা দেখেন।
সবশেষে শরীরে ৫৮টি ক্লিপ লাগানো হলে রবার্ট ক্যামেরার দিকে তাকান। মুখে তখন ব্যথার ছাপ স্পষ্ট। পুরো শরীরে বাইন্ডার ক্লিপ লাগানোর পর তাঁকে দেখতে অনেকটা কাঁটায় ঢাকা শজারুর মতো লাগছিল।
তবে ব্যথায় মুখ কুঁচকে গেলেও শেষ পর্যন্ত চ্যালেঞ্জটি সফলভাবে শেষ করেন রবার্ট। নামও লেখান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
রবার্ট বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো তাঁর অনেক দিনের স্বপ্ন ছিল। ব্যথা হলেও নিজের একটি বিশেষ অর্জনের জন্য তিনি এ চ্যালেঞ্জ নিতে চেয়েছিলেন।