বাইডেন থাকবেন না, তাই বাতিল হলো কোয়াড বৈঠক
কোয়াড বৈঠক বাতিল করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। গতকাল বুধবার আলবানিজ বলেন, আগামী সপ্তাহে সিডনিতে চার জাতির কোয়াড বৈঠক হচ্ছে না। কারণ, এই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থিত থাকতে পরবেন না।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী রোববার টোকিওতে জি-৭ সম্মেলন শেষ হওয়ার পরই বাইডেন দেশে ফিরবেন। তারপর তিনি আবার মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে ঋণ পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন। বাজেট নিয়ে যাতে মতৈক্য হয়, যুক্তরাষ্ট্র যাতে আন্তর্জাতিক ক্ষেত্রে ঋণখেলাপি না হয়, তা নিশ্চিত করবেন বাইডেন।
ঠিক ছিল, জি-৭ বৈঠকের পর বাইডেন কোয়াড বৈঠকেও যোগ দেবেন। কোয়াড হচ্ছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের মঞ্চ। চীনকে ঠেকানোর জন্যই এই মঞ্চ তৈরি হয়েছে। বাইডেন ইতিমধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করে বলেছেন, তিনি যেতে পারবেন না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ভারত ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।