যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে মৃত বেড়ে ৩২

ভয়াবহ তুষারঝড়ে সৃষ্ট পরিস্থিতিকে যুদ্ধক্ষেত্রের সঙ্গে তুলনা করা হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে এখন পর্যন্ত কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। কিছু মানুষ নিজেদের গাড়িতে আটকা পড়েছেন। হাজারো বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল–জাজিরার

বেশির ভাগ প্রাণহানির ঘটনা ঘটেছে নিউইয়র্ক রাজ্যের পশ্চিমাঞ্চলে লেক এরির ধারে বাফেলো শহর ও এর আশপাশের এলাকায়। ভারী তুষারপাত আর হিমশীতল বাতাসে বাফেলো চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

এরি কাউন্টির নির্বাহী মার্ক পোলোনকারজ বলেছেন, রোববার বাফেলো এলাকায় মৃতের সংখ্যা ১২ জনে গিয়ে ঠেকেছে। রাত নাগাদ এই সংখ্যা তিনজন ছিল বলে জানা গিয়েছিল। তিনি বলেন, সর্বশেষ মৃত ব্যক্তিদের কয়েকজনকে গাড়ির ভেতর আর কয়েকজনকে তুষারের নিচে পাওয়া যায়। মৃতের সংখ্যা বাড়তে পারে।

পোলানকারজ বলেন, গত শুক্রবার থেকেই যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এরপরও সাপ্তাহিক ছুটির দিনে এরি কাউন্টির কয়েক শ মানুষ নিজেদের গাড়িতে আটকা পড়েন। উদ্ধারকাজে ন্যাশনাল গার্ডের সেনা তলব করা হয়েছে। কিন্তু প্রবল তুষারপাত ও ঝড়ে দৃষ্টিসীমা কমে আসায় উদ্ধারকাজ জটিলতার মুখে পড়ে।

পোলানকারজ টুইটে বলেন, ‘এমন বড়দিন আমাদের কেউ আশা করেনি কিংবা ধারণাও করেনি। যেসব পরিবার তাঁদের প্রিয়জন হারিয়েছেন, তাঁদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।’

জাতীয় আবহাওয়া পরিষেবা বলছে, এই তুষারঝড়ের বিস্তৃতি নজিরবিহীন। কানাডার নিকটবর্তী গ্রেট লেকস থেকে মেক্সিকো সীমান্তের রিও গ্রান্ডে পর্যন্ত তুষারঝড় বয়ে যাচ্ছে।

সংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্রের প্রায় ৬০ শতাংশ মানুষ আবহাওয়াবিষয়ক পরামর্শ কিংবা সতর্কতার আওতায় রয়েছেন। রকি পর্বতমালার পূর্ব থেকে অ্যাপালাচিয়ান পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে গেছে।

নর্থ বাফেলোর বাসিন্দা ৫৮ বছর বয়সী অবসরপ্রাপ্ত কর্মকর্তা জন বার্নস বলেন, ঝড়ে তিনি ও তাঁর পরিবার ৩৬ ঘণ্টা ধরে নিজেদের বাড়িতে আটকে পড়েছেন। পরিবেশ ভয়াবহ হিমশীতল বলে জানান তিনি।

আরও পড়ুন

জন বার্নস বলেন, কেউ বাসার বাইরে নেই। এমনকি কেউ তাঁদের কুকুর নিয়েও বাইরে হাঁটছেন না। দুই দিন ধরে কিছুই করা যাচ্ছে না।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল গতকাল রোববার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কেন্দ্রীয়ভাবে দুর্যোগ ঘোষণার বিষয়ে তাঁর অনুরোধকে সমর্থন করতে সম্মত হয়েছে।

পরিস্থিতিকে যুদ্ধক্ষেত্রের সঙ্গে তুলনা করেছেন নিউইয়র্কের গভর্নর। সবাইকে ঘরের ভেতরে অবস্থান করতে সতর্ক করেছেন তিনি।

আরও পড়ুন