ইসলামাবাদে যখন শান্তি আলোচনা চলছিল, ট্রাম্প তখন মায়ামিতে খেলা দেখছিলেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএফসির ম্যাচ দেখছেনছবি: রয়টার্স

পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলাকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) ম্যাচে দর্শক হিসেবে হাজির ছিলেন। গতকাল শনিবার রাতে মায়ামির কেসায়া সেন্টারে ইউএফসির ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে ট্রাম্পের সঙ্গে তাঁর পরিবারের কয়েকজন সদস্য এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবসানে গতকাল শনিবার পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হয়। ২১ ঘণ্টার ওই আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে নেতৃত্ব দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ইরানের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শেষে ভ্যান্স বলেছেন, পাকিস্তানে আলোচনা চলার সময় তিনি ট্রাম্পের সঙ্গে ‘নিয়মিত’ যোগাযোগ রেখেছিলেন।

জেডি ভ্যান্স বলেন, ‘আমি জানি না আমরা তাঁকে কতবার ফোন করেছি—গত ২১ ঘণ্টায় হয়তো ছয়বার, হয়তো ১২ বার।’

ভ্যান্স আরও বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে দলের সঙ্গে যোগাযোগের মধ্যে ছিলাম, কারণ আমরা আন্তরিকভাবেই আলোচনা করছিলাম।’