আদালতে অভিযোগপত্র
২০ বাক্স মানব ভ্রূণ, হৃৎপিণ্ড, ফুসফুসসহ মানব অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করেছেন মার্কিন নারী
যুক্তরাষ্ট্রে মর্গে কাজ করা এক নারীর বিরুদ্ধে মানব অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, ফেসবুকে পরিচয় হওয়া এক ব্যক্তির কাছে তিনি ২০ বাক্স মানব অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করেছেন।
অভিযুক্ত নারীর নাম ক্যান্ডেস চ্যাপম্যান স্কট। তিনি আরকানসাস অঙ্গরাজ্যের বাসিন্দা। আদালতের নথিপত্রের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, তিনি একটি মেডিকেল স্কুল থেকে খুলি, হাড় ও দাঁত চুরি করেন এবং সেগুলো পেনসিলভানিয়ার এক ব্যক্তির কাছে ১১ হাজার ডলারে বিক্রি করেন।
গত ৫ এপ্রিল স্কটের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। গত শুক্রবার ফেডারেল কোর্ট এ–সংক্রান্ত নথিপত্র প্রকাশ করে। এতে বলা হয়, ফেসবুকে ‘অডিটিজ (অদ্ভুতুড়ে)’ নামে একটি গ্রুপের মাধ্যমে ওই ব্যক্তির সঙ্গে পরিচিত হন স্কট এবং অনলাইনে এসব অঙ্গপ্রত্যঙ্গ তাঁর কাছে বিক্রি করেন।
স্কটের বিরুদ্ধে ১২টি অভিযোগ আনা হয়েছে। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। তাঁকে জামিনে মুক্তি দেওয়া হবে কি না—এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার শুনানির দিন ধার্য রয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬ বছর বয়সী এই নারী আরকানসাস সেন্ট্রাল মর্চুয়ারি সার্ভিসে কাজ করতেন। যেখানে তাঁর কাজের মধ্যে ছিল দেহাবশেষ পরিবহন, দাহ করা ও সংরক্ষণ করা।
স্কটের বিরুদ্ধে আরও অভিযোগ ছিল, ২০২১ সালে তিনি ওই ব্যক্তিকে ‘একেবারে সতেজ, সংরক্ষিত মস্তিষ্ক’ সরবরাহের প্রস্তাব দিয়েছিলেন।
ফেডারেল আদালতের অভিযোগপত্রে ওই ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। তবে পেনসিলভানিয়া পৃথক অভিযোগপত্রে ওই ব্যক্তির নামে জেরেমি লি পাওলা উল্লেখ করা হয়েছে বলে মেট্রোর প্রতিবেদনে বলা হয়।
স্কট ও এই ব্যক্তির মধ্যে ৯ মাস ধরে আর্থিক লেনদেন হয়েছিল। এই সময়টুকুতে ওই নারী তাঁর কাছে ভ্রূণ, হৃদ্যন্ত্র, যৌনাঙ্গ, ফুসফুস, ত্বক, মস্তিষ্ক ও শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করেছিলেন।
আরকানসাস ডেমোক্র্যাট গেজেটের বরাত দিয়ে মেট্রোর প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা চান বিচার চলাকালে স্কট যেন কারাগারেই থাকেন।
বিচারক জে থমাস রে স্বীকার করেছেন, স্কটের বিরুদ্ধে আনা অভিযোগে তাঁর ‘রোমহর্ষক ও হীন’ আচরণ প্রকাশ পেয়েছে।