ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে দুই উড়োজাহাজের ধাক্কা

রোনাল্ড রিগ্যান ন্যাশনাল বিমানবন্দরে অবতরণের আগে মার্কিন কংগ্রেস ভবনের পাশ দিয়ে উড়ে যাচ্ছে আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ২৪ জানুয়ারি ২০২২ফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে রানওয়েতে যাওয়ার সময় দুটি উড়োজাহাজের ডানায় ধাক্কা লেগেছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে একটি উড়োজাহাজ অন্যটির ডানায় ধাক্কা দেয়।

গত বছর জানুয়ারিতে এই বিমানবন্দরেই একটি যাত্রীবাহী উড়োজাহাজ ও সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ৬৭ জন নিহত হয়েছিলেন।

তবে শুক্রবারের এই ঘটনায় কেউ হতাহত হননি। কিন্তু কী কারণে সংঘর্ষ হলো, তা তদন্ত করে দেখবে এফএএ। দুটি উড়োজাহাজই আমেরিকান এয়ারলাইনসের। এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজ দুটিকে গেটে ফিরিয়ে আনা হয়েছে। রক্ষণাবেক্ষণ দলের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার জন্য সেগুলোর কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।

উড্ডয়নের জন্য রানওয়েতে যাওয়ার সময় আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৬৩৮-এর ধাক্কায় ফ্লাইট ২১৫২-এর ডানা ক্ষতিগ্রস্ত হয়। একটি অডিও রেকর্ডিংয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের বলতে শোনা গেছে, রানওয়েতে দুটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজের মধ্যে ধাক্কা লেগেছে।

এফএএ জানিয়েছে, উড্ডয়নের জন্য রানওয়েতে যাওয়ার সময় আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৬৩৮-এর ধাক্কায় ফ্লাইট ২১৫২-এর ডানা ক্ষতিগ্রস্ত হয়। অডিও রেকর্ডিংয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের বলতে শোনা গেছে, রানওয়েতে দুটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজের মধ্যে ধাক্কা লেগেছে।

আরও পড়ুন

কন্ট্রোলাররা দ্রুত উড়োজাহাজ দুটির কাছে জরুরি সেবা ও ফায়ার সার্ভিস দল পাঠাতে বলেন। এরপর তারা উড়োজাহাজটিকে গেটে ফিরে আসার নির্দেশ দেন।

আমেরিকান এয়ারলাইনস এক বিবৃতিতে জানিয়েছে, দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের ডানার একদম মাথায় সামান্য ধাক্কা লেগেছে। উড়োজাহাজ দুটি থেকে নামিয়ে আনা যাত্রীদের যত দ্রুত সম্ভব গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

একটি উড়োজাহাজের এক যাত্রী বিবিসিকে বলেন, উড্ডয়নের আগে রানওয়ের দিকে যাওয়ার সময় তিনি ডান দিকে বড় একটা ঝাঁকুনি টের পান।

ধাক্কা লাগার পর উড়োজাহাজটি খুব জোরে কেঁপে ওঠে এবং ভেতরে যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। সেই মুহূর্তটি বেশ উত্তেজনাকর ছিল, তবে সৌভাগ্যবশত কারও কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।

আরও পড়ুন

ওই যাত্রী জানালার বাইরে তাকিয়ে মাটিতে উড়োজাহাজের ডানার মাথার মতো দেখতে একটি ভাঙা অংশ পড়ে থাকতে দেখেন।

ওয়াশিংটন ডিসিতে দুটি বিমানবন্দরের মধ্যে রিগ্যান ন্যাশনাল আকারে ছোট। এই বিমানবন্দর দিয়ে মূলত অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করে। বিমানবন্দরটি হোয়াইট হাউস এবং পেন্টাগনের ঠিক পাশেই অবস্থিত।

বিবিসির মার্কিন সংবাদ সহযোগী সিবিএস নিউজ জানিয়েছে, এই সপ্তাহেই রিগ্যান বিমানবন্দরের কাছে পরীক্ষামূলক হেলিকপ্টার ওড়ানোর পরিকল্পনা করছে মার্কিন সেনাবাহিনী। গত বছরের সংঘর্ষের ঘটনার পর ফ্লাইটগুলো বন্ধ রাখা হয়েছিল।