যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীল রিপাবলিকানরা তাহলে কি ভ্যান্সকে চান

জেডি ভ্যান্সছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স টানা দ্বিতীয় বছরের মতো কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি) ২০২৬-এর জরিপে শীর্ষস্থানে উঠে এসেছেন। সিপিএসি হলো দেশটির রক্ষণশীল ঘরানার মানুষদের সবচেয়ে বড় সম্মেলন।

বলা চলে, সিপিএসির এ জরিপটি পূর্বাভাস সূচক। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে শেষ পর্যন্ত রিপাবলিকান দলের হয়ে কে মনোনয়ন পেতে পারেন, তা এখান থেকে আভাস পাওয়া যায়। যদিও এ জরিপ সব সময় পুরোপুরি নির্ভুল হয় না।

চলতি বছর চার দিনব্যাপী সিপিএসি সম্মেলনে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাঁরা কাকে পছন্দ করবেন।

গতকাল শনিবার মঞ্চে ফলাফল ঘোষণা করা হয়। প্রায় ১ হাজার ৬০০ অংশগ্রহণকারীর ভোটের মধ্যে ভ্যান্স একাই ৫৩ শতাংশ ভোট পেয়ে শীর্ষস্থান দখল করেন।

ভ্যান্স ছাড়াও জরিপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরও একজন শীর্ষ কর্মকর্তা ভালো অবস্থানে আছেন। তিনি হলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফ্লোরিডার সাবেক সিনেটর রুবিও জরিপে ৩৫ শতাংশ ভোট পেয়েছেন।

এটি রুবিওর জন্য উল্লেখযোগ্য অগ্রগতি। কারণ, গত বছরের সিপিএসি জরিপে তিনি যৌথভাবে চতুর্থ স্থানে ছিলেন। ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদ শুরু করার কয়েক সপ্তাহের মধ্যে ওই জরিপটি হয়েছিল।

ওই জরিপে ভ্যান্স পান ৬১ শতাংশ সমর্থন, ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন পান ১২ শতাংশ, এবং ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস পান ৭ শতাংশ ভোট। রুবিও এবং প্রতিনিধি পরিষদের সদস্য এলিস স্টেফানিক—দুজনই পান ৩ শতাংশ করে সমর্থন।

বার্ষিক এই সম্মেলন সিপিএসিতে সাধারণত এমন অংশগ্রহণকারীরাই বেশি থাকেন, যাঁরা রাজনৈতিকভাবে ডানপন্থার দিকে বেশি ঝুঁকে থাকেন।

চলতি বছরের সম্মেলনে বক্তাদের মধ্যে ছিলেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ, ইরানের বিরোধী নেতা রেজা পাহলভি এবং ব্রাজিলের সাবেক কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর দুই ছেলে—এদুয়ার্দো ও ফ্লাভিও বোলসোনারো।

ব্রাজিলের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টার অভিযোগে গত সেপ্টেম্বরে জইর বলসোনারো কারাবন্দী হন।