গাজাযুদ্ধ নিয়ে কমলার অবস্থানে একমত না হলেও তাঁকেই ভোট দেওয়ার আহ্বান বার্নি স্যান্ডার্সের

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজায় চলা ভয়াবহ যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অবস্থানের সমালোচনা করেছেন বার্নি স্যান্ডার্স। তবে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোমোক্রেটিক পার্টির প্রার্থী কমলাকেই ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এবারের নির্বাচনে নিজের অবস্থান পরিষ্কার করেন ভারমন্টের এই স্বতন্ত্র সিনেটর। সেখানেই তিনি ওই আহ্বান জানান। স্যান্ডার্স একজন গণতান্ত্রিক সমাজতন্ত্রী ও ডোমোক্রেটিক পার্টির নেতা। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী ছিলেন স্যান্ডার্স।

বার্নি স্যান্ডার্স বলেন, ‘গাজায় ভয়াবহ যুদ্ধ নিয়ে লাখো মার্কিন জো বাইডেন ও কমলা হ্যারিসের সঙ্গে কেন দ্বিমত পোষণ করেন, তা আমি বুঝি। আমিও তাঁদের একজন। এটা ঠিক, ৭ অক্টোবর হামাস যে প্রাণঘাতী হামলা চালিয়েছে, তা থেকে আত্মরক্ষার অধিকার ইসরায়েলের আছে। হামলায় ১ হাজার ২০০ নিরপরাধ লোক হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ জন্য পুরো ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধ শুরু এবং ৪২ হাজার ফিলিস্তিনিকে হত্যা করার অধিকার ইসরায়েলের নেই। নিহত এসব ব্যক্তির দুই–তৃতীয়াংশ শিশু, নারী ও বয়স্ক। আহত হয়েছেন আরও এক লাখের বেশি মানুষ।’

নেতানিয়াহু ও ট্রাম্প—দুজন একই মানসিকতার মানুষ। ট্রাম্প বলেছেন, নেতানিয়াহু ভালো কাজ করছেন, বাইডেন নেতানিয়াহুকে সেই কাজ করতে বাধা দিচ্ছেন। ট্রাম্প গাজায় বিনোদনকেন্দ্র গড়ে তুলতে চান। তাই নেতানিয়াহু যে ট্রাম্পকেই চাইছেন, তাতে অবাক হওয়ার কিছু নেই।
বার্নি স্যান্ডার্স, ভারমন্টের স্বতন্ত্র সিনেটর

ইসরায়েল শুধু মানুষ হত্যা করেনি; বরং পুরো গাজাকে মাটির সঙ্গে গুঁড়িয়ে দিয়েছে—নিজের বক্তব্যে এ প্রসঙ্গও উল্লেখ করেন স্যান্ডার্স। বলেন, ‘গাজার অবকাঠামো, বাড়িঘর ও স্বাস্থ্যসেবাব্যবস্থা ধ্বংস করার কোনো অধিকার ইসরায়েলের নেই। গাজার ১২টি বিশ্ববিদ্যালয়ের সব কটিতে বোমাবর্ষণ করা, গাজায় ত্রাণ সরবরাহ আটকে দেওয়ার অধিকার তাদের নেই। এর ফলে সেখানে গণহারে শিশুরা অপুষ্টিতে ভুগছে। সেখানে মানুষ চরম অনাহারে রয়েছে।’

‘চরমপন্থী’ নেতানিয়াহু সরকারের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ও প্রাণঘাতী অস্ত্র বিক্রি আটকাতে তিনি যথাসাধ্য চেষ্টা করছেন বলে জানান স্যান্ডার্স। বলেন, ‘আমি জানি, আপনাদের অনেকেই এমনটা চান। অনেকে এটাও বলবেন, “যদি কমলা হ্যারিস এভাবে একটি ভয়াবহ যুদ্ধকে সমর্থন দেন, তবে কীভাবে তাঁকে ভোট দিতে পারি?” এটা খুবই ন্যায়সংগত প্রশ্ন। আমি আপনাদের এ প্রশ্নের সেরা জবাব দিচ্ছি। এ প্রসঙ্গে বলি, ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ডানপন্থী মিত্ররা এ ক্ষেত্রে আরও খারাপ। কংগ্রেসে রিপাবলিকানরা সব সময় গাজায় অনাহারে থাকা শিশুদের জন্য মানবিক ত্রাণসহায়তা পাঠানো আটকে দিতে কাজ করেছে। অন্যদিকে, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট সব সময় গাজায় যত দ্রুত এবং যত বেশি সম্ভব ত্রাণ পাঠানোর কথা বলেছেন।’

আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পকে নেতানিয়াহুর একজন ঘনিষ্ঠ মিত্র বলেও উল্লেখ করেন স্যান্ডার্স। বলেন, ‘তাঁরা দুজন একই মানসিকতার মানুষ। ট্রাম্প বলেছেন, “নেতানিয়াহু ভালো কাজ করছেন, বাইডেন নেতানিয়াহুকে সেই কাজ করতে বাধা দিচ্ছেন।” ট্রাম্প গাজায় বিনোদনকেন্দ্র গড়ে তুলতে চান। তাই নেতানিয়াহু যে ট্রাম্পকেই চাইছেন, তাতে অবাক হওয়ার কিছু নেই।’

এটা ঠিক, ৭ অক্টোবর হামাস যে প্রাণঘাতী হামলা চালিয়েছে, তা থেকে আত্মরক্ষার অধিকার ইসরায়েলের আছে। হামলায় ১ হাজার ২০০ নিরপরাধ লোক হত্যা ও ২৫০ জনকে জিম্মি করা হয়েছে। তবে এ জন্য পুরো ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধ শুরু এবং ৪২ হাজার ফিলিস্তিনিকে হত্যা করার অধিকার ইসরায়েলের নেই। নিহত এসব ব্যক্তির দুই-তৃতীয়াংশ শিশু, নারী ও বয়স্ক। গাজায় আহত হয়েছেন আরও ১ লাখের বেশি মানুষ।

গাজাযুদ্ধ নিয়ে বাইডেন-কমলা প্রশাসনের সমালোচনা করলেও ভোটারদের ৫ নভেম্বর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলাকেই ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্যান্ডার্স। কেন এ আহ্বান জানাচ্ছেন, সেটাও তুলে ধরেছেন তিনি।

স্যান্ডার্স বলেন, ‘আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, যদি কমলা জেতেন, তবে নেতানিয়াহুর বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন আনতে আমরা একসঙ্গে আমাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কাজ করব। অনতিবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, জিম্মিদের ফিরিয়ে আনা, বৃহৎ পরিসরে মানবিক ত্রাণ পাঠানো, পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা বন্ধ এবং ফিলিস্তিনি জনগণের জন্য গাজাকে পুনর্গঠন করা হবে।’

ট্রাম্প প্রেসিডেন্ট হলে আরও কী ধরনের সংকট দেখা দেবে, তা নিয়েও কথা বলেন বার্নি স্যান্ডার্স। বলেন, ‘ট্রাম্প জিতলে যুক্তরাষ্ট্রের নারীরা নিজের দেহের ওপর থেকে নিয়ন্ত্রণ (গর্ভপাতের অধিকার) হারাবে। পরিবেশ বাঁচাতে জলবায়ুর পরিবর্তন রোধে যে লড়াই চলছে, তা–ও সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ভারসাম্য নষ্ট হবে। ধনীরা আরও ধনী হবে এবং সাধারণ মানুষের ওপর করের আরও বোঝা চাপবে।’

আরও পড়ুন
আরও পড়ুন

পরিশেষে এবারের নির্বাচনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন বলে উল্লেখ করেন স্যান্ডার্স। এ জন্য তিনি ভোটারদের ভেবেচিন্তে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের অনেকের গাজা প্রসঙ্গে কমলার সঙ্গে দ্বিমত রয়েছে; যেমনটা আছে আমারও। কিন্তু আমরা ঘরে বসে থাকতে পারি না। ট্রাম্পকে হারাতেই হবে। এ জন্য আগামী সপ্তাহে যা কিছু করা সম্ভব করুন।’

আরও পড়ুন
আরও পড়ুন